রনির স্ত্রী এনসিপিতে যোগ দিচ্ছেন, অস্বীকার সাবেক এমপির
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন দলটির রাজনৈতিক পর্ষদের (পিসি) এক সদস্য। তবে ফারজানা আফরোজ নামের ওই নারীকে নিজের স্ত্রী বলে অস্বীকার করেছেন গোলাম মাওলা রনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় কালবেলাকে ফারজানা আফরোজের এনসিপির নারী উইং ‘জাতীয় নারী শক্তি’র কেন্দ্রীয় পদে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন দলটির রাজনৈতিক পর্ষদের এক সদস্য।
এ খবর প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গোলাম মাওলা রনি লেখেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ বান্ধবী।’
তার এ বক্তব্যের পর ফারজানা আফরোজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।
কালবেলার প্রতিবেদন অনুযায়ী, ফারজানা আফরোজের পরিচয় তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান। তার বাবার নাম মো. কেফায়েত উল্লাহ এবং মায়ের নাম রোকেয়া বেগম। রাজনীতির পাশাপাশি তিনি ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি স্কাইপ অ্যাসেটস প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী।
গোলাম মাওলা রনি ফারজানা আফরোজকে স্ত্রী হিসেবে অস্বীকার করলেও কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ে। ওই অডিওতে ফারজানাকে বলতে শোনা যায়, ‘তোমার কথাতেই ওকে (ফারজানার প্রথম স্বামী) ছেড়েছি। তোমাকে আবার বিয়ে করেছি।’
জবাবে গোলাম মাওলা রনিকে বলতে শোনা যায়, ‘আমার কথাতে কোনো কিছুই ছাড় নাই। তুমি তোমার প্রয়োজনেই আমাকে বিয়ে করছো এবং আমাকে যতটুকু ব্যবহার করার ততটুকুই করেছ।’
অডিওর আরেক অংশে ফারজানাকে বলতে শোনা যায়, তিনি রনির স্ত্রী এবং স্বামীর কাছ থেকে যোগাযোগ প্রত্যাশা করেন। জবাবে রনি তালাক প্রত্যাহারের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এসব দাবি করা হলে তিনি আর কথা বলবেন না।
তবে প্রচারিত অডিওটি গোলাম মাওলা রনি ও ফারজানা আফরোজের কথোপকথন কি না, তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি কালবেলা।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন