বিদেশে বসে এআই দিয়ে দেশে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
বিদেশের বিভিন্ন স্থানে অবস্থান করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি ও নানা ধরনের মিথ্যা তথ্য তৈরি করে দেশে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘চিরভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেন, একটি চক্র দেশে আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তবে জনগণের সম্মিলিত শক্তির কাছে তাদের এ চেষ্টা সফল হবে না।
তিনি বলেন, দেশের বাইরে ইউরোপ, আমেরিকা, ভারত ও ব্যাংককসহ বিভিন্ন স্থানে অবস্থানকারীরা এআই প্রযুক্তি ব্যবহার করে নানা ধরনের অসত্য প্রচারণা চালাচ্ছেন। অতীতে যেভাবে ইতিহাস ও তথ্য বিকৃত করে একটি একমাত্রিক রাষ্ট্রব্যবস্থা তৈরির চেষ্টা হয়েছিল, এখনো একই কায়দায় ষড়যন্ত্র চলছে।
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, গত কয়েক দিনে নড়াইল ও ফরিদপুরের ভাঙ্গায় হরতালের নামে তাণ্ডব চালানো হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, তার সঙ্গে কারাবাস করা মনির নামের এক কর্মীকে গুম করা হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জেও কয়েকজনকে গুম করে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এসব ঘটনা উল্লেখ করে রিজভী বলেন, গুমের যে প্রবণতা তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি মুছে যায়নি।
বর্তমান সরকারের সামগ্রিক পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, এত কিছুর পরও সরকার অত্যন্ত শান্ত ও স্থিরভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে। বিগত শাসনামলে এসব ঘটনা ঘটলে ক্রসফায়ার বা রক্তপাতের মতো পরিস্থিতি তৈরি হতো। তবে বর্তমান সরকার ধৈর্য ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারারি অধ্যাপক ও বৌদ্ধতত্ত্ববিদ সুকোমল বড়ুয়া।
এ সময় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাবীবুর রহমান এবং উপ-উপাচার্য অধ্যাপক জি এম শফিউর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন গ্রন্থটির লেখক অধ্যাপক হীরা সোবাহান।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন