কিশোরগঞ্জ-৩ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক জিহাদ খান
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ আসনে দলটির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন খ্যাতিমান হৃদ্রোগ বিশেষজ্ঞ কর্নেল (অব.) অধ্যাপক জিহাদ খান। তিনি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য।
দীর্ঘদিন চিকিৎসাসেবায় নিয়োজিত এই চিকিৎসক এবার নিজ এলাকার মানুষের পাশে দাঁড়াতে চান রাজনৈতিক অঙ্গনের মাধ্যমে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিভিন্ন রাজনৈতিক বিষয়ে কথা বলেন। একই সময়ে কিশোরগঞ্জ-৩ আসনে জিহাদ খানের প্রার্থিতার বিষয়টিও আলোচনায় আসে।
কিশোরগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী জিহাদ খান
শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির মো. রমজান আলী জিহাদ খানের প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার কেন্দ্র থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অধ্যাপক জিহাদ খানের নাম ঘোষণা করা হয়েছে।
জিহাদ খান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য। পারিবারিক সম্পর্কের সূত্রে তিনি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক। এ ছাড়া তিনি অধ্যাপক চিকিৎসক আ ন ম নৌশাদ খানের ছোট ভাই।
বর্তমানে জিহাদ খান ইবনে সিনা হাসপাতালে হৃদ্রোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে দীর্ঘদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হৃদ্রোগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছেন তিনি।
নিজ এলাকার মানুষের সেবা করতে চান জিহাদ খান
প্রার্থিতার বিষয়ে জিহাদ খান বলেন, দীর্ঘদিন ধরে দেশ-বিদেশের অনেক মানুষকে চিকিৎসাসেবা দেওয়াসহ বিভিন্নভাবে সহযোগিতা করার সুযোগ হয়েছে তাঁর। তবে নিজ এলাকার মানুষকে এভাবে সেবা করার সুযোগ পাননি। এবার সেই সুযোগ কাজে লাগাতে চান তিনি।
তিনি বলেন, করিমগঞ্জ ও তাড়াইলের মানুষের সেবা করতে চান। এর আগেও এলাকা থেকে আওয়ামী লীগ, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ তাঁর কাছে গেছেন। ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি তাঁদের যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করেছেন।
এ ছাড়া গত ১৫ থেকে ১৬ বছর ধরে কিশোরগঞ্জ জামায়াতে ইসলামীর নিয়মিত খোঁজখবর নেওয়া এবং বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন বলেও জানান তিনি।
কিশোরগঞ্জের ছয় আসনের মধ্যে পাঁচটিতে আগেই প্রার্থী ঘোষণা
এর আগে গত ১ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছিল জামায়াতে ইসলামী। বাকি ছিল কিশোরগঞ্জ-৩ আসনটি। জিহাদ খানের নাম ঘোষণার মধ্য দিয়ে জেলার ছয়টি আসনেই দলটির সম্ভাব্য প্রার্থী ঘোষণা সম্পন্ন হলো।
ঘোষিত অন্য প্রার্থীরা হলেন—
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর): জেলা কমিটির সদস্য মোসাদ্দেক আলী ভূঁইয়া।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া): কটিয়াদী উপজেলা জামায়াতের সদস্য শফিকুল ইসলাম।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম): কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক ছাত্রকল্যাণ সম্পাদক মোহাম্মদ রোকন রেজা।
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী): জেলা জামায়াতের আমির রমজান আলী।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর): ভৈরব উপজেলা জামায়াতের আমির কবির হোসেন।
জেলা জামায়াতের আমির রমজান আলী জানান, গত ১ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ সদরের উবাই পার্কে জেলা ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্যদের নিয়ে বার্ষিক পরিকল্পনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সামিউল হক ফারুকী জেলার পাঁচটি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন। তখন শুধু কিশোরগঞ্জ-৩ আসনের প্রার্থী ঘোষণা বাকি ছিল।
জিহাদ খানের নাম ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে বলেও জানান তিনি।
রমজান আলী আরও দাবি করেন, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় মতামত ও মাঠপর্যায়ের জরিপকে গুরুত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে ঘোষিত প্রার্থীরা নির্বাচনী প্রচারণার পাশাপাশি তৃণমূলের মানুষের কাছে গিয়ে তাঁদের দুঃখ-দুর্দশার খোঁজখবর নিচ্ছেন।
প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল জোটবদ্ধভাবেই যাবে: পরওয়ার
এদিকে, চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধানমন্ত্রীর আহ্বানে অনুষ্ঠিতব্য সংলাপে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট একসঙ্গে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একইভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতবিনিময়েও জোটবদ্ধভাবে অংশ নেবে তারা।
বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক শেষে মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাহী পরিষদের বৈঠকে ১১ দলীয় জোটবদ্ধভাবে সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের জন্য চিঠি দেওয়া হয়েছে। সেখানেও ১১ দলীয় ঐক্য একসঙ্গে অংশ নেবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের দিনক্ষণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সরকারের সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে। দিনক্ষণ চূড়ান্ত হলে তা জানানো হবে।
সংলাপের আমন্ত্রণ প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, সংলাপের সূচনা তাঁরাই করেছেন। তাই দাওয়াত এখানে মুখ্য বিষয় নয়। খুব শিগগিরই দিনক্ষণ নির্ধারণ করা হবে।
তিনি জানান, বিরোধীদলীয় নেতা বিদেশ সফরে থাকায় সংলাপের দিনক্ষণ চূড়ান্ত হয়নি।
জুলাই সনদ ও ভারত প্রসঙ্গে যা বললেন পরওয়ার
জুলাই সনদ বাস্তবায়নে জামায়াতের অবস্থান তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় মেনে নেওয়া হলে জাতীয় ঐক্যের জন্য আলাদাভাবে আহ্বান জানানোর প্রয়োজন হবে না।
এ সময় শেখ হাসিনার বিষয়ে ভারত সরকারের আগ্রহ এবং তাঁকে দেশে ফেরানোর বিষয়ে বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন তিনি।
পরওয়ার বলেন, ভারত একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে সহায়তা করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। ভারতের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘এই দেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। এটার আমরা তীব্র নিন্দা জানাই।’
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন