খুঁজুন
advertisement
advertisement
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩

ডিসেম্বরে হচ্ছে না বিএনপির জাতীয় কাউন্সিল, পেছনে পাঁচ কারণ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ডিসেম্বরে হচ্ছে না বিএনপির জাতীয় কাউন্সিল, পেছনে পাঁচ কারণ

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

এক দশকেও জাতীয় কাউন্সিল করতে না পারা বিএনপি আগামী ডিসেম্বরেও সম্মেলন আয়োজন করতে পারছে না। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি, দলীয় বিশেষ দিবস এবং দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ পাঁচটি প্রধান কারণে আগামী মাসে কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে দলটি।

অন্যদিকে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পাশাপাশি প্রায় সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটিও মেয়াদোত্তীর্ণ। বারবার উদ্যোগ নেওয়া হলেও কেন্দ্রীয় কাউন্সিলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পুনর্গঠন শেষ করতে পারেনি দলটি। ফলে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বেশিরভাগ সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে।

বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, ডিসেম্বরে কাউন্সিল হচ্ছে না মানে এই নয় যে কাউন্সিল হবে না। শিগগিরই দলীয় ফোরামে আলোচনা করে জাতীয় সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হবে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১০ বছর ধরে বিএনপির কেন্দ্রীয় সম্মেলন হয়নি। সর্বশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ১৯ মার্চ। এ ছাড়া বিএনপির আন্দোলন-সংগ্রামের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে পরিচিত দুটি সহযোগী ও নয়টি অঙ্গসংগঠনের সাংগঠনিক অবস্থাও নাজুক।

ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি না হওয়া এবং মেয়াদ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে যুবদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। গত ২১ নভেম্বর প্রায় ১৩ বছর পর জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলেও তা নিয়ে ক্ষোভ ও বিতর্ক তৈরি হয়েছে। অনেক ত্যাগী নেতাকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে।

অন্যদিকে, গ্রুপিং ও কোন্দলে বিপর্যস্ত জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। দুই বছরের বেশি সময় ধরে কেন্দ্রীয় কমিটি নেই জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের। মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই চলছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতী দল ও কৃষক দল। এসব সংগঠনের কমিটির মেয়াদ শেষ হওয়ায় অভ্যন্তরীণ কোন্দল ও সাংগঠনিক স্থবিরতা তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে চেইন অব কমান্ড ভেঙে পড়ায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

এসব সংগঠনের পদবঞ্চিত নেতাকর্মীরা বলছেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়েও অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো গুছিয়ে আনতে না পারা বিএনপির জন্য নেতিবাচক দিক। গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর দলটির সাংগঠনিক অবস্থা আরও এলোমেলো হয়েছে। এরই মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে কোন্দল ও গ্রুপিং প্রকাশ্যে এসেছে।

কথা ছিল, যারা এমপি, মন্ত্রী বা জনপ্রতিনিধি হবেন, তাঁদের দলীয় পদে রাখা হবে না। বরং নতুন মুখ দিয়ে কমিটি গঠন করা হবে। কিন্তু সম্প্রতি কিছু ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটেছে। বিশেষ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিতে সিটি করপোরেশনের প্রশাসক ও এমপিদের যুক্ত করায় তৃণমূলের অনেক নেতাকর্মী অসন্তোষ প্রকাশ করেছেন।

তাঁদের মতে, দল পরিচালনায় এ অবস্থা চলতে থাকলে সামনে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জটিলতা আরও বাড়তে পারে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত বিএনপির মূল দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি হালনাগাদ করা প্রয়োজন।

তবে বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা বলছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব খবর রাখছেন। তিনি যখন প্রয়োজন মনে করবেন, তখনই সিদ্ধান্ত নেবেন। কমিটি পূর্ণাঙ্গ থাকুক বা না থাকুক, সাংগঠনিক কর্মকাণ্ডে এর কোনো প্রভাব পড়বে না।

৫ কারণে হচ্ছে না বিএনপির কাউন্সিল

খোঁজ নিয়ে জানা যায়, তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে বড় ধরনের সাংগঠনিক পুনর্গঠনের লক্ষ্যে চলতি বছরের ডিসেম্বরে জাতীয় কাউন্সিল করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি। গত ১১ জুলাই গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

তবে সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতি এবং বিজয়ের মাস ডিসেম্বরে রাষ্ট্রীয় ও রাজনৈতিক একাধিক কর্মসূচি থাকায় সম্মেলন আয়োজন থেকে সরে এসেছে দলটি। জাতীয় স্থায়ী কমিটিতে আলোচনার মাধ্যমে কাউন্সিলের নতুন তারিখ চূড়ান্ত করা হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পাঁচটি প্রধান কারণে ডিসেম্বরে বিএনপির কাউন্সিল হচ্ছে না। কারণগুলো হলো—

1. আগামী ৭ ডিসেম্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর।

2. ডিসেম্বরের মাঝামাঝি সময়ে মালদ্বীপের প্রেসিডেন্টের সম্ভাব্য বাংলাদেশ সফর।

3. আগামী ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

4. আগামী ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী।

5. দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি।

সরকারের দায়িত্বশীল মন্ত্রী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ৭ ডিসেম্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন। এ সফর ঘিরে রাষ্ট্রীয় ও প্রশাসনিক ব্যস্ততা থাকবে। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে মালদ্বীপের প্রেসিডেন্ট যোগ দিতে পারেন। ফলে বিদেশি রাষ্ট্রপ্রধানদের সফর ও রাষ্ট্রীয় প্রটোকলের কারণে ডিসেম্বরের মাঝামাঝি সময় সরকারের জন্য ব্যস্ত থাকবে।

এ ছাড়া আগামী ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রথম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিনটি উপলক্ষে দলীয়ভাবে বিশেষ কর্মসূচি পালনের প্রস্তুতি রয়েছে বিএনপির।

আগামী ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী। শোকাবহ এ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনে দলীয় নেতাকর্মীরা ব্যস্ত থাকবেন।

পাশাপাশি সম্প্রতি দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণেও কাউন্সিল আয়োজনের অনুকূল পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে মনে করছেন বিএনপির নীতিনির্ধারকরা।

সব মিলিয়ে বিদেশি রাষ্ট্রপ্রধানদের সফর, রাষ্ট্রীয় ব্যস্ততা, দলীয় গুরুত্বপূর্ণ দিবস এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতির কারণে চলতি বছরের ডিসেম্বরে বিএনপির জাতীয় কাউন্সিল আয়োজন সম্ভব হচ্ছে না। পরবর্তী সুবিধাজনক সময়ে কাউন্সিলের নতুন তারিখ ঘোষণা করা হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী গতকাল কালবেলাকে বলেন, ডিসেম্বরে বিএনপির জাতীয় সম্মেলন আয়োজনের একটি প্রাথমিক সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। তবে বিভিন্ন অনিবার্য কারণে সেটি ডিসেম্বরে হচ্ছে না।

তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বরে সম্মেলন হচ্ছে না মানে এই নয় যে কাউন্সিল হবে না। খুব শিগগিরই দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচনার ভিত্তিতে সম্মেলনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কী অবস্থা

বিএনপির ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠন রয়েছে। এর মধ্যে নয়টি অঙ্গসংগঠন হলো জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতী দল, ওলামা দল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ও মহিলা দল। সহযোগী সংগঠন দুটি হলো জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয়তাবাদী শ্রমিক দল।

এসব সংগঠনের বেশিরভাগের কমিটির মেয়াদ শেষ হয়েছে। দীর্ঘ সময়েও জেলা শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি হালনাগাদ করতে না পারায় অনেক ত্যাগী ও যোগ্য নেতাকর্মী দলীয় কর্মকাণ্ড থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন। কেউ কেউ দীর্ঘদিন পর পদ পেয়ে নামমাত্র সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। আবার অনেকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিজেদের ত্যাগ-তিতিক্ষার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন। তবে ওলামা দল নতুন কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে।

নতুন কমিটি নিয়ে ছাত্রদলে স্থবিরতা

বিএনপির আন্দোলনের অন্যতম চালিকাশক্তি জাতীয়তাবাদী ছাত্রদল। ২০২৪ সালের ১ মার্চ পাঁচ সদস্যের কেন্দ্রীয় আংশিক কমিটির দায়িত্ব পান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। পরে একই বছরের ১৫ জুন ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

গত ১৩ আগস্ট রাতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা।

ছাত্রদলের খসড়া গঠনতন্ত্র অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের মেয়াদ দুই বছর প্রস্তাব করা হয়েছে। সে হিসাবে কমিটির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই নতুন নেতৃত্বের প্রত্যাশায় রয়েছেন পদপ্রত্যাশীরা। তাঁদের অনেকেই লবিং ও তদবিরে সময় দিচ্ছেন। ছাত্রদলের নতুন কমিটির বিষয়টি এখন প্রধানমন্ত্রীর বিবেচনায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মেয়াদ শেষের সময়ে যুবদলের কমিটি পূর্ণাঙ্গ

২০২৪ সালের ৯ জুলাই ছয় সদস্যের কেন্দ্রীয় আংশিক কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা থাকলেও গত ৪ জুন তা ঘোষণা করা হয়।

দীর্ঘ সময় পর পূর্ণাঙ্গ কমিটি দেওয়ায় পদবঞ্চিতের সংখ্যা বেড়েছে বলে অভিযোগ করেছেন পদপ্রত্যাশীরা। পাশাপাশি ৫ আগস্টের পর যুবদলের কয়েকজন নেতার বিরুদ্ধে প্রভাব বিস্তার, দখল ও চাঁদাবাজির অভিযোগও উঠেছে।

যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভোলা-৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মেয়াদ শেষের দিকে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে পদপ্রত্যাশীরা বলছেন, দ্রুত নতুন কমিটি গঠন না করলে সংগঠন আরও সাংগঠনিক সংকটে পড়বে।

মেয়াদোত্তীর্ণ স্বেচ্ছাসেবক দল

২০২২ সালের ৪ সেপ্টেম্বর এসএম জিলানীকে সভাপতি ও রাজিব আহসানকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আংশিক কমিটি গঠন করা হয়। পরে ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি হলেও এখনো ৩৭টি পদ শূন্য রয়েছে। এরই মধ্যে কমিটির মেয়াদ শেষ হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী গোপালগঞ্জ-৩ এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান বরিশাল-৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক বর্তমানে সরকারের প্রতিমন্ত্রী। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্রভাবে সংসদ নির্বাচন করে পরাজিত হয়েছেন।

এমন পরিস্থিতিতে গত ৪ জুলাই রাতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় তিন নেতা। বৈঠকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে নতুন কমিটি ঘোষণার আভাস দেওয়া হয় বলে জানা গেছে।

এক দশকেও নতুন কমিটি হয়নি মহিলা দলের

বিএনপির অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মহিলা দল। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর আফরোজা আব্বাসকে সভাপতি ও সুলতানা আহমেদকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

২০১৯ সালের ৪ এপ্রিল ২৬৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলেও বর্তমানে সেটির মেয়াদ শেষ হয়েছে। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় কাউন্সিল না হওয়ায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন নেত্রীরা।

মহিলা দলের কয়েকজন কেন্দ্রীয় নেত্রী জানান, দীর্ঘদিন ধরে নতুন কমিটির অপেক্ষায় রয়েছেন তাঁরা। যাঁরা নিয়মিত দলীয় কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন, তাঁরাও নেতৃত্বে পরিবর্তন ও নতুন দায়িত্ব প্রত্যাশা করছেন।

জাসাসে হযবরল অবস্থা

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) দীর্ঘদিন ধরে সাংগঠনিক সংকটে রয়েছে। ২০২১ সালের ১২ সেপ্টেম্বর ড. মামুন আহমেদ ও হেলাল খানের নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেওয়া হয়। পরে একই বছরের ৬ নভেম্বর হেলাল খানকে আহ্বায়ক ও জাকির হোসেন রোকনকে সদস্য সচিব করে ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

তবে নতুন কমিটি গঠনের পর থেকেই নেতাদের মধ্যে বিরোধ দেখা দেয়। অযোগ্য ও নিষ্ক্রিয় ব্যক্তিদের দিয়ে কমিটি গঠনের অভিযোগ তুলে একটি পক্ষ তা বিলুপ্ত করার দাবি জানায়। দীর্ঘদিনেও নতুন কমিটি না হওয়ায় সংগঠনটির কার্যক্রমে স্থবিরতা রয়েছে।

শ্রমিক দলের আহ্বায়ক কমিটি নিয়ে বিতর্ক

১৯৭৯ সালের ৩ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী শ্রমিক দল প্রতিষ্ঠা করেন। সর্বশেষ ২০১৪ সালের ১৯ ও ২০ এপ্রিল সংগঠনটির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে আনোয়ার হোসাইন সভাপতি এবং নূরুল ইসলাম খান নাসিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

দীর্ঘদিন পর গত ২১ নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমানকে আহ্বায়ক এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্য সচিব করে ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

তবে নতুন কমিটিতে অতীতে সক্রিয় থাকা অনেক নেতাকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁদের মধ্যে শ্রমিক দলের সাবেক কেন্দ্রীয় উপদেষ্টা ও মহানগর দক্ষিণের সাবেক নির্বাচিত সভাপতি কাজী মো. আমির খসরু এবং সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ বাদলের নাম রয়েছে। তাঁদের মতো অনেক নেতাকে নতুন কমিটিতে কোনো পদ দেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

মুক্তিযোদ্ধা দলের কমিটিও মেয়াদোত্তীর্ণ

১৯৯২ সালের ২৫ আগস্ট জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৩ সালের ২৪ ডিসেম্বর। ১৯১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন ইশতিয়াক আজিজ উলফাৎ ও সাদেক খান। দীর্ঘদিন নতুন কাউন্সিল না হওয়ায় এ সংগঠনটির কমিটিও মেয়াদোত্তীর্ণ হয়ে পড়েছে।

মেয়াদোত্তীর্ণ তাঁতী দলের কমিটি

২০১৯ সালের ৬ এপ্রিল আবুল কালাম আজাদকে আহ্বায়ক ও মো. মজিবুর রহমানকে সদস্য সচিব করে ১২৮ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দীর্ঘদিনেও নতুন কমিটি না হওয়ায় এ কমিটির মেয়াদও শেষ হয়েছে।

কমিটিই নেই মৎস্যজীবী দলের

২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাবকে আহ্বায়ক ও আব্দুর রহিমকে সদস্য সচিব করে ১৫৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।

২০২৪ সালের ১২ আগস্ট আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব মারা যান। পরে একই বছরের ২৩ সেপ্টেম্বর মৎস্যজীবী দলের কমিটি বিলুপ্ত করা হয়। এরপর থেকে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি নেই।

সংগঠনটির সাবেক সদস্য সচিব আব্দুর রহিম কালবেলাকে বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মৎস্যজীবী দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আন্দোলনে সংগঠনটির দুই নেতাকর্মী নিহত হয়েছেন। অসংখ্য নেতাকর্মী আহত হওয়ার পাশাপাশি হামলা, মামলা ও কারাভোগের শিকার হয়েছেন।

তিনি বলেন, দীর্ঘ সময়েও কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন না হওয়ায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে। সংগঠনকে আরও গতিশীল করতে দ্রুত কেন্দ্রীয় কমিটি গঠন করা প্রয়োজন।

মেয়াদ নেই কৃষক দলের কমিটিরও

২০২১ সালের ৭ ডিসেম্বর হাসান জাফির তুহিনকে সভাপতি ও ছাত্রদলের সাবেক নেতা শহীদুল ইসলাম বাবুলকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী কৃষক দলের ২৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

বর্তমানে কৃষক দলের কমিটির মেয়াদও শেষ হয়েছে। সংগঠনটির সভাপতি হাসান জাফির তুহিন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সব মিলিয়ে বিএনপির মূল দল ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর মেয়াদোত্তীর্ণ কমিটি, নেতৃত্বের সংকট এবং অভ্যন্তরীণ কোন্দল দলটির সাংগঠনিক কার্যক্রমে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এখন জাতীয় কাউন্সিলের নতুন তারিখ ঘোষণার পাশাপাশি এসব সংগঠনের পুনর্গঠন কত দ্রুত সম্পন্ন হয়, সেদিকেই নজর রয়েছে নেতাকর্মীদের।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় এবার বিজিবির মামলা, আসামি ৫০০৮ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় এবার বিজিবির মামলা, আসামি ৫০০৮ জন

ফাইল ফটো

সাইফুল ইসলাম ।। গোপালগঞ্জ জেলা সিংবাদদাতা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা করা হয়েছে। 

মামলায় নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। তিনি ছাড়াও গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন,  উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস (কালু) সহ মোট ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া এ মামলায় অজ্ঞাত ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।

গত ২৩ নভেম্বর খুলনা থানায় উপস্থিত হয়ে বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি দায়ের করেন।

বৃহস্পতিবার রাতে এতথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জের পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু। 

এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার অংশ হিসেবে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহল দিচ্ছিলো বিজিবি। তখন টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পয়ে রওনা দিয়ে উপজেলার নিলফা বাজারে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে পথ রোধ করে। তখন বিজিবির পক্ষ থেকে তাদের সরে যাওয়ার অনুরোধ করা হয়। 
একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। এসময় বিজিবির একটি এপিসি ও একটি জিপ গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বাধা দিতে গেলে বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন ও সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান হামলার শিকার হয়ে গুরুতর আহত হন।

মামলায় আরও উল্লেখ করা হয়, হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও পুড়ে ভস্মীভূত হয়। অপর একটি এপিসির টায়ার, ফগ লাইট ও পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়। 
এ ছাড়া বিজিবির গাড়িতে থাকা একটি সরকারি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুট করা হয়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির আনুমানিক মূল্য ৬ কোটি ৫১ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

গোপালগঞ্জের পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, বিজিবির গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এ মামলায় এখন পর্যন্ত কোনো গ্রেফতার নেই।

শার্শায় বিশেষ অভিযানে যুবলীগ নেতা পলাশ গ্রেপ্তার

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
শার্শায় বিশেষ অভিযানে যুবলীগ নেতা পলাশ গ্রেপ্তার

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ডিহি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান পলাশকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) রাতে শার্শা থানাধীন তেবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান পলাশ তেবাড়িয়া গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। তিনি শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

শার্শা থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার উপপরিদর্শক (এসআই) শেখ মো. জাহিদুল আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় শার্শা থানায় দায়ের করা একটি মামলার আসামি হিসেবে পলাশকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরকদ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় দায়ের করা হয়েছে।

ওসি শামিনুল হক বলেন, গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। শার্শা সীমান্ত ও থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী রায়হানের আস্তানায় অভিযান, পিস্তল উদ্ধার; গ্রেপ্তার ৬

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী রায়হানের আস্তানায় অভিযান, পিস্তল উদ্ধার; গ্রেপ্তার ৬

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

চট্টগ্রামের ফটিকছড়িতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. রায়হানের আস্তানায় অভিযান চালিয়ে তার ব্যবহৃত ইতালির তৈরি একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় রায়হান পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. এমরান হোসেন মাসুদ, কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ, মো. ইকতিয়ার ফরহাদ, মো. মহররম আলী, জনার্ধন দে ও মো. জাবেদ হোসেন।

পুলিশ জানায়, গত ২২ নভেম্বর ফটিকছড়ির ভূজপুর থানার সুয়াবিল এলাকায় রায়হানের অবস্থানের তথ্য পেয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ অভিযান শুরু করে। হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার তারেক আজিজের নেতৃত্বে কোদালিয়া এলাকার দুর্গম পাহাড়ে অভিযান চালানো হয়। এ সময় একটি উঁচু টিলায় থাকা টিনের ঘর ঘিরে ফেলে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে রায়হান ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে ঘরটি তল্লাশি করে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, পাহাড়ে ওঠার একমাত্র পথ দিয়ে পুলিশের দল যাওয়ার সময় সন্ত্রাসীরা তাদের দেখে পালিয়ে যায়। ঘরটি তল্লাশি করে অস্ত্র তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সেখানে দীর্ঘদিন ধরে নির্বিঘ্নে অস্ত্র তৈরির কাজ চলছিল। পরে তারা পাশের দুর্গম পাহাড়ি বনাঞ্চলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, পরদিন ২৩ নভেম্বর সন্ধ্যায় পাহাড় থেকে নেমে এলাকা ছাড়ার চেষ্টা করেন রায়হান ও তার সহযোগীরা। চুরখাঁরহাট বাজারে একটি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটকানোর চেষ্টা করেন। এ সময় তারা শর্টগান দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যান। এতে ছয়জন আহত হন। পরে সিএনজিচালিত অটোরিকশার চালক জাবেদকে স্থানীয়রা আটক করেন।

পুলিশ সুপার বলেন, রায়হান তার অবস্থান পুলিশের জানা হয়ে গেছে বুঝতে পেরে পাহাড় থেকে নেমে আসেন। স্থানীয়রা তাদের আটকানোর চেষ্টা করলে ধরা পড়ার আশঙ্কায় গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালানোর চেষ্টা করেন।

এদিকে রায়হানকে গ্রেপ্তারে ভূজপুর, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজানের বিভিন্ন এলাকায় অভিযান, তল্লাশি এবং চেকপোস্ট বসায় পুলিশ।

এর মধ্যে ২৫ নভেম্বর গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রায়হান ও তার আশ্রয়দাতা এজাহার মিয়া খাগড়াছড়ি থেকে গুলি সংগ্রহের চেষ্টা করছেন। পরে সন্ধ্যায় কাজীরহাট সংলগ্ন কালাইয়ারটেক এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল ও ১০ রাউন্ড শটগানের কার্তুজসহ রায়হানের দুই সহযোগী মো. এমরান হোসেন মাসুদ (২০) ও কাজী মো. সাইদুল ইসলাম সৌরভকে (২১) গ্রেপ্তার করা হয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরখাঁরহাট বাজারের হাজী নুর আহমেদ সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে মো. ইকতিয়ার ফরহাদকে (২০) গ্রেপ্তার করা হয়। তার শোবার ঘর থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান, বন্দুকটি এজাহার মিয়ার এবং গুলিগুলো রায়হানের।

পরে পুলিশের কাছে তথ্য আসে, রায়হান সুয়াবিল ইউনিয়নের বেতুয়ারকুল বড় বিল এলাকার দুর্গম পাহাড়ে সহযোগী মো. মহররম আলীর (২৮) বাড়িতে আত্মগোপন করেছেন। সেখানে অভিযান চালিয়ে মহররম আলীকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, বাড়ি থেকে রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, ২৪ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত ওই বাড়িতে অবস্থান করছিলেন রায়হান। পরে পালিয়ে যাওয়ার সময় পিস্তল ও গুলি মহররম আলীর কাছে রেখে যান তিনি।

এ ছাড়া কাজীরহাট এলাকায় অভিযান চালিয়ে রায়হানের আরেক সহযোগী জনার্ধন দে (৬৫)-কে গ্রেপ্তার করা হয়। তার কাছে আরও একটি পিস্তল থাকার তথ্য পেলেও অস্ত্রটি অন্যত্র সরিয়ে ফেলায় উদ্ধার করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, অভিযানে একটি ইতালির তৈরি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২২ রাউন্ড পিস্তলের গুলি, একটি একনলা বন্দুক, ১২ রাউন্ড শটগানের কার্তুজ, দুটি খালি খোসা, অস্ত্র তৈরির সরঞ্জাম ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম