খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯ কার্তিক, ১৪৩৩

বেলকুচিতে মাদকবিরোধী অভিযানে ১১২ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ৮:৪২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বেলকুচিতে মাদকবিরোধী অভিযানে ১১২ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ৪

ছবিতে গ্রেফতারকৃত মাদক কারবারীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১১২ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন উদ্ধার এবং এক ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে বেলকুচি থানা পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— কামারখন্দ উপজেলার কাজীপুরা গ্রামের মৃত গাজী মোল্লার ছেলে মো. বাবু ওরফে কালা বাবু (৫৫), বেলকুচি উপজেলার মুকন্দগাঁতী পশ্চিমপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে মো. দ্বীপ আহম্মেদ (২৯), এনায়েতপুর থানার খোকসাবাড়ী গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মো. মমিন (৫৫) এবং মুকন্দগাঁতী দক্ষিণপাড়া গ্রামের বিমল দাসের ছেলে বিশ্ব দাস (২৭)।

পুলিশের তথ্য অনুযায়ী, ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ক্ষুদ্র জোকনলা এলাকা থেকে বাবু ওরফে কালা বাবুর কাছ থেকে ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মুকন্দগাঁতী পশ্চিমপাড়ায় নিজ বাড়ির সামনে থেকে দ্বীপ আহম্মেদের কাছ থেকে ১১ পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া দৌলতপুর ইউনিয়নের আজুগরা বাসস্ট্যান্ড এলাকা থেকে মো. মমিনকে ২ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। একই অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি বিশ্ব দাসকেও গ্রেপ্তার করা হয়।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১২ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন উদ্ধার এবং তিনজন মাদক কারবারিসহ এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। উপজেলার মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

নোয়াখালীতে পূর্বশত্রুতার জেরে তরুণকে গুলি, মোটরসাইকেল ছিনতাই

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ২:৩৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নোয়াখালীতে পূর্বশত্রুতার জেরে তরুণকে গুলি, মোটরসাইকেল ছিনতাই

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্বশত্রুতার জেরে কামরুল হাসান (২৪) নামে এক তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় নেওয়াজপুর গ্রামের আক্কাছ পাটোয়ারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ কামরুল হাসান ওই বাড়ির মো. ইউছুফের ছেলে। তিনি পেশায় একজন দর্জি।

কামরুলের খালাতো ভাই মো. শান্ত ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামরুল চট্টগ্রামে দর্জির কাজ করেন। দুদিন আগে ছুটিতে বাড়িতে আসেন তিনি। শনিবার বিকেলে মোটরসাইকেলে খালাতো ভাই রাকিবকে (২০) নিয়ে আলাইয়াপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের এক পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।

পথে বাড়ির সামনের সড়কে পৌঁছালে বাংলাবাজার এলাকার হারুন ও আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিনের নেতৃত্বে কয়েকজন তাদের পথরোধ করেন। একপর্যায়ে নুরু তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে কামরুলের বুকের ডান পাশে ও ডান হাতের বাহুতে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ সময় তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, সন্ধ্যা ৭টার দিকে কামরুল হাসপাতালে ভর্তি হন। তার এক হাতের বাহুতে বুলেটের আঘাত রয়েছে। পেটের ওপরের অংশেও বুলেটের মতো আরেকটি আঘাত আছে, তবে সেখানে কোনো বুলেট পাওয়া যায়নি। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত রয়েছেন।

এ বিষয়ে জানতে নুরুর মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহবুল কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরই মধ্যে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

ব্রাহ্মণবাড়িয়ায় চার্জার ও ৯ রাউন্ড গুলিসহ যুবক আটক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ২:৩২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ব্রাহ্মণবাড়িয়ায় চার্জার ও ৯ রাউন্ড গুলিসহ যুবক আটক

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি চার্জার ও ৯ রাউন্ড চায়না গুলিসহ শামিম মিয়া (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের জয়নগর বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক শামিম মিয়া গোপিনাথপুর ইউনিয়নের বড়ঠুডা গ্রামের আল আমিন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ডেকোরেশন শ্রমিক।

কসবা থানা সূত্রে জানা গেছে, শনিবার গোপিনাথপুর ইউনিয়নের খিরনাল গ্রামে একটি অনুষ্ঠানে লাইটিংয়ের কাজ করছিলেন শামিম। বিকেলে কাজ শেষে ফেরার পথে জয়নগর বাজারের পাশে একটি চার্জার ও ৯ রাউন্ড চায়না গুলি পড়ে থাকতে দেখেন তিনি। পরে কৌতূহলবশত সেগুলো তুলে নেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, চট্টগ্রামে আরআরএফে কর্মরত মাহমুদুল হাসান নামে এক পুলিশ সদস্য শামিমের কাছে চার্জার ও গুলি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো জব্দ করে এবং শামিমকে আটক করে।

ওসি আরও জানান, এ ঘটনায় শামিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুর খুড়ির দোলা ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কচুয়া সরদারপাড়া এলাকার এজারুল ওরফে রেজাউল কানা (৪৫) এবং কোলকোন্দ ইউনিয়নের বাসিন্দা সাদিকুল ইসলাম (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পান তিনি। এরপর তিনি চিৎকার শুরু করলে পাশের মসজিদের মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেওয়া হয়। মাইকের ঘোষণা শুনে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিসহ স্থানীয় লোকজন অটোরিকশাসহ ওই দুই ব্যক্তিকে ধাওয়া করেন।

একপর্যায়ে তারা অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন সোহেল মিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুর খুড়ির দোলায় একটি ধানক্ষেত থেকে তাদের আটক করেন। সেখানে উত্তেজিত লোকজনের গণপিটুনিতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, অটোরিকশা চুরির পর উত্তেজিত জনতার গণপিটুনিতে ওই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের পর অভিযোগকারীদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম