নির্মাণাধীন সুয়ারেজ ট্যাংকে ১২ ঘণ্টা আটকে ছিলেন রাজমিস্ত্রি, জীবিত উদ্ধার
নরসিংদীর বেলাব উপজেলায় নির্মাণাধীন একটি সুয়ারেজ ট্যাংকের ভেতরে বালু ও পানির নিচে প্রায় ১২ ঘণ্টা আটকে থাকার পর এক রাজমিস্ত্রিকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। দীর্ঘ সময়ের চেষ্টার পর এক্সক্যাভেটরের সাহায্যে ট্যাংকের চারপাশের মাটি কেটে তাঁকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফিরে যান।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কুকুরমারা এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া রাজমিস্ত্রি সোহরাব হোসেন (৪০) একই ইউনিয়নের শান্তিপুর গ্রামের রুস্তম আলীর ছেলে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে তাঁকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর সোহরাব বলেন, বালু-পানির মধ্যে টানা ১২ ঘণ্টা আটকে থাকার অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো নয়। তিনি আল্লাহর রহমতে প্রাণে বেঁচে ফিরেছেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ থাকলেও এখনও ঘটনার ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকে চার শ্রমিককে নিয়ে একটি বাড়ির সুয়ারেজ ট্যাংক নির্মাণের কাজ করছিলেন সোহরাব। প্রায় ১৪ ফুট গভীর ট্যাংকে নয়টি সিমেন্টের রিং বসানোর পর ভেতরে পানি জমে যায়। পানি সরাতে নিচে নামার পর হঠাৎ বালুর মধ্যে তাঁর পা আটকে যায়। অনেক চেষ্টা করেও তিনি ওপরে উঠতে পারেননি।
প্রথমে সহকর্মীরা বিষয়টিকে মজা ভেবেছিলেন। পরে তাঁরা নিজেরা উদ্ধার করতে ব্যর্থ হয়ে স্থানীয়দের সহযোগিতা নেন। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে বেলাব ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিসের সদস্যরা প্রথমে মই ব্যবহার করে তাঁকে টেনে তোলার চেষ্টা করেন। পরে একে একে ট্যাংকের নয়টি রিং সরিয়েও সফল না হওয়ায় এক্সক্যাভেটর এনে চারপাশের মাটি কেটে উদ্ধারকাজ চালানো হয়। অবশেষে প্রায় ১২ ঘণ্টা পর সোহরাবকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারের পর তাঁকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিলেও শারীরিকভাবে সুস্থ বোধ করায় বৃহস্পতিবার দুপুরে তাঁর অনুরোধে ছাড়পত্র দেওয়া হয়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, ঘটনাস্থলটি নদীর তীরবর্তী হওয়ায় মাটির নিচে বালুর স্তর ছিল। ধারণা করা হচ্ছে, নিচের বালু সরে যাওয়ায় সোহরাবের পা আটকে যায় এবং বালু ও পানির চাপে তিনি আর বের হতে পারেননি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন