দেশের মানুষ এমন সরকার চায়নি’—এনসিপির সমাবেশে মাহমুদা মিতু
ছবি : সংগৃহীত
জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ যে প্রত্যাশা করেছিল, বর্তমান পরিস্থিতি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি অভিযোগ করেন, গত চার মাসে দেশের বিভিন্ন এলাকায় খুন, ধর্ষণ, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। পাশাপাশি বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও তোলেন তিনি।
রোববার (২৬ জুলাই) ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার আয়োজনে ‘জুলাই জাগরণ’ শীর্ষক পদযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহমুদা মিতু বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ এমন সরকার প্রত্যাশা করেনি। জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতা ছেড়েছে, কিন্তু সেই জায়গায় এখন বিএনপি বসেছে।’
তিনি আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সরকারি দপ্তরে দলীয় প্রভাব বিস্তার এবং রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের পরিণতিও অতীতের শাসক দলের মতো হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। এতে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলামের বাবা আবু বকর সিদ্দিক, মা হাফিজা খাতুন, শহীদ সাব্বির হোসেনের বাবা আমোদ আলীসহ এনসিপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা ঝিনাইদহে জুলাই আন্দোলনের শহীদ ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম ও শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত করেন। পরে তারা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন