খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩ কার্তিক, ১৪৩৩

তারেক জিয়া নন, তিনি ‘আরেক জিয়া’: চিফ হুইপ নুরুল ইসলাম মণি

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
তারেক জিয়া নন, তিনি ‘আরেক জিয়া’: চিফ হুইপ নুরুল ইসলাম মণি

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক দর্শন, কর্মপদ্ধতি ও সাধারণ মানুষের প্রতি দায়িত্ববোধের প্রশংসা করে জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মণি বলেছেন, ‘তারেক রহমান গ্রামেগঞ্জে ঘুরে বেড়ান, স্বাভাবিক জীবনযাপন করেন। একজন মানুষের কী কষ্ট, তা বোঝার চেষ্টা করেন। তাকে তারেক জিয়া না বলে আপনারা যদি বলেন আরেক জিয়া, সেটা ঠিক। উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া।’

শনিবার (১৭ অক্টোবর) বরগুনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমানের রাজনৈতিক দর্শন তুলে ধরে চিফ হুইপ বলেন, শেখ হাসিনা একসময় জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে খুনি বলে বক্তব্য দিতেন। তবে তারেক রহমান প্রতিশোধের রাজনীতির পরিবর্তে দেশ গঠনের ওপর গুরুত্ব দিয়েছেন।

নুরুল ইসলাম মণি বলেন, ‘দেশের মানুষের জন্য অনেক কাজ বাকি রয়েছে। তাই প্রতিশোধ নেওয়ার সময় নয়, বরং দেশ গঠনে মনোযোগ দিতে হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কর্মঠ ও মানবদরদি উল্লেখ করে চিফ হুইপ বলেন, তিনি রাত জেগে কাজ করেন। কৃষকদের আর্থিক দুর্দশা লাঘবে সরকারের প্রথম দিকের সিদ্ধান্তগুলোর মধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদসহ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি কৃষকদের জন্য বড় ধরনের উপকার বয়ে আনবে।

সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচি তুলে ধরে নুরুল ইসলাম মণি বলেন, দল-মতনির্বিশেষে ৫০ লাখ দরিদ্র ও অসহায় নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ কার্ডের মাধ্যমে তাঁদের প্রতি মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিশুদের পুষ্টি নিশ্চিত করতে মিড-ডে মিল, বিনা মূল্যে বই বিতরণ এবং শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে বিশেষ কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষ করে তোলার উদ্যোগও নেওয়া হচ্ছে।

চিফ হুইপ বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও ক্ষমতায়িত করার লক্ষ্য রয়েছে সরকারের। মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে স্নাতকোত্তর (এমএ) পর্যন্ত পড়াশোনার ব্যয় বহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে নুরুল ইসলাম মণি বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের পর জিয়াউর রহমানের নেতৃত্বে তিন বছরের মধ্যে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। কৃষির উন্নয়নে খাল খনন, তৈরি পোশাকশিল্পের বিকাশ এবং হাঁস-মুরগি পালনের মতো কর্মসূচিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

শারদীয় দুর্গোৎসব প্রসঙ্গে চিফ হুইপ বলেন, সংবিধান অনুযায়ী দেশের সব নাগরিকের অধিকার সমান। হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষকে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের মধ্য দিয়ে বসবাস করতে হবে। ধর্মীয় পরিচয় নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করা জরুরি।

তিনি জানান, দুর্গাপূজার আয়োজনের জন্য হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে চার কোটি টাকা চাওয়া হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান এক কোটি টাকা বাড়িয়ে পাঁচ কোটি টাকা দিয়েছেন। এ ছাড়া এবার দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিনের ছুটি দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

ছবি যোগফল

সিমান্ত তালুকদার ।  কুমিল্লা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বাগড়া নোয়াপাড়া এলাকায় থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ টিটু (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যার পর কুমিল্লা থেকে বাগড়াগামী পাকা সড়কের পূর্ব পাশে বাগড়া নোয়াপাড়া এলাকায় আরএমসি ট্রেনিং সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী মো: টিটু ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর এলাকার ওহিদ মেম্বারের বাড়ির সোনা মিয়ার ছেলে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধার পর উপজেলার বাগড়াগামী পাকা সড়কের পূর্ব পাশে বাগড়া নোয়াপাড়া এলাকায় আরএমসি ট্রেনিং সেন্টারের সামনে থেকে ৬ কেজি গাজাসহ টিটু নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান আটককৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ডব্লিউএইচওর পদ পেতে তথ্য জালিয়াতির অভিযোগ, পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ডব্লিউএইচওর পদ পেতে তথ্য জালিয়াতির অভিযোগ, পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট

যোগফল প্রতিবেদক:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে ব্যক্তিগত বৃত্তান্তে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৮ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানান।

দুদকের তদন্তে বলা হয়েছে, ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাওয়ার উদ্দেশ্যে সংস্থাটিতে জমা দেওয়া ব্যক্তিগত বৃত্তান্তে সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ‘সম্মানিত বিশেষজ্ঞ’ হিসেবে কাজ করার মিথ্যা ও বানোয়াট তথ্য দেন সায়মা ওয়াজেদ।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার এবং সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাওয়ার জন্য ওই তথ্য ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে।

দুদকের তদন্তে আরও উল্লেখ করা হয়েছে, প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের সুযোগ না দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট নথি পাঠানোর জন্য চাপ প্রয়োগ করা হয়। পরে জেনেভায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী মিশনের মাধ্যমে ব্যক্তিগত বৃত্তান্ত ডব্লিউএইচওর সদর দপ্তরে পাঠানো হয়।

তদন্তে দাবি করা হয়েছে, ওই তথ্য ব্যবহার করেই ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান সায়মা ওয়াজেদ। এসব কর্মকাণ্ডকে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় সুনাম ক্ষুণ্ন করা এবং অপরাধমূলক অসদাচরণ হিসেবে উল্লেখ করেছে দুদক।

এ ঘটনায় গত বছরের ২০ মার্চ দুদকের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন দুদকের প্রধান কার্যালয়ের মানিলন্ডারিং-১ শাখার উপপরিচালক তাহাসিন মুনাবীল হক।

মামলায় দণ্ডবিধির ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। তদন্ত প্রতিবেদনে দণ্ডবিধির ৪০৯ ধারার কথাও উল্লেখ করা হয়েছে।

তদন্তে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে সংশ্লিষ্ট ধারায় সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুদক। তবে চার্জশিটে আনা অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়া সাপেক্ষেই তাঁর দায় নির্ধারিত হবে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা, সহ-অধিনায়ক সোবহানা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা, সহ-অধিনায়ক সোবহানা

যোগফল প্রতিবেদক:

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। তাঁর সহ-অধিনায়ক করা হয়েছে ব্যাটার সোবহানা মোস্তারিকে। সাবেক অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দায়িত্ব ছাড়ার পর নতুন নেতৃত্ব ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ঘোষণা করে বিসিবি।

এশিয়ান গেমসের আগেই নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। এশিয়ান গেমসই ছিল অধিনায়ক হিসেবে তাঁর শেষ টুর্নামেন্ট। তাঁর জায়গায় এবার নেতৃত্বের দায়িত্ব পেলেন দলের অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার।

নারী টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি নাহিদা ইতোমধ্যে দেশের অন্যতম সেরা স্পিনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে বাংলাদেশ নারী দলের হয়ে ১১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৩২টি উইকেট নিয়েছেন তিনি।

অন্যদিকে, সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া সোবহানা মোস্তারিও ব্যাট হাতে ধারাবাহিকতার পরিচয় দিয়েছেন। ২০১৯ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের পর থেকে বাংলাদেশের জার্সিতে ৭২টি ম্যাচ খেলেছেন তিনি।

সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটে এক হাজারের বেশি রান করা বাংলাদেশি নারী ব্যাটারদের বিশেষ তালিকায় জায়গা করে নিয়েছেন সোবহানা। নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হকের পর বাংলাদেশের তৃতীয় নারী ক্রিকেটার হিসেবে এ মাইলফলক স্পর্শ করেন তিনি।

নতুন নেতৃত্বে বাংলাদেশ নারী দলের সামনে পরবর্তী চ্যালেঞ্জ আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফি ২০২৬। আগামী ১২ থেকে ২৫ নভেম্বর এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আসন্ন প্রতিযোগিতায় নাহিদা ও সোবহানার নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ নারী দল।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম