টোকিও সরকারের ডেটিং অ্যাপে পরিচয়, বিয়ে করেছেন ২৬৫ জুটি
ছবি: সংগৃহীত
জাপানে কমতে থাকা জন্মহার মোকাবিলায় টোকিও সরকারের চালু করা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ডেটিং অ্যাপ ইতোমধ্যেই ইতিবাচক ফল দেখাতে শুরু করেছে। ‘টোকিও এনমুসুবি’ নামের এই অ্যাপের মাধ্যমে পরিচয়ের পর এখন পর্যন্ত ২৬৫টি জুটি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে চালু হওয়া অ্যাপটির লক্ষ্য ছিল এমন অবিবাহিত নারী-পুরুষকে এক প্ল্যাটফর্মে আনা, যারা বিয়ে করতে আগ্রহী হলেও জীবনসঙ্গী খুঁজে পেতে নানা কারণে পিছিয়ে ছিলেন।
অ্যাপটিতে নিবন্ধনের জন্য আবেদনকারীদের অবিবাহিত হওয়ার আইনি প্রমাণ জমা দিতে হয়। পাশাপাশি অনলাইন সাক্ষাৎকারেও অংশ নিতে হয়, যাতে নিশ্চিত হওয়া যায় যে আবেদনকারী সত্যিই বিয়েতে আগ্রহী।
টোকিও সরকারের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত প্রায় ৩৬ হাজার আবেদন যাচাই-বাছাই করে ১৬ হাজার সদস্যকে অ্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে এই অ্যাপের মাধ্যমে পরিচিত হয়ে ৭৬০টি জুটি সম্পর্কে রয়েছেন। এর মধ্যে ২৬৫টি জুটি ইতোমধ্যে বিয়ে করেছেন।
সরকার প্রকাশিত তথ্যে ‘টার্টল’ ছদ্মনামের এক নারীর অভিজ্ঞতাও তুলে ধরা হয়েছে। তিনি জানান, ৪০ বছরে পা দেওয়ার আগে শেষবারের মতো জীবনসঙ্গী খোঁজার আশায় অ্যাপটি ব্যবহার শুরু করেন। কয়েকজনের সঙ্গে পরিচয়ের পর গত বছরের আগস্টে বর্তমান স্বামীর সঙ্গে তার পরিচয় হয়। সেপ্টেম্বরে তাদের সম্পর্ক শুরু হয় এবং ডিসেম্বরের শেষ দিকে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
এদিকে, জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২৫ সালে দেশটিতে জাপানি নাগরিকদের ঘরে জন্ম নেওয়া শিশুর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৭১ হাজার ২৩৬ জনে, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। টানা দশম বছরের মতো জন্মহার কমেছে। একই সময়ে মৃত্যুর সংখ্যা ছিল প্রায় ১৬ লাখ, যা জন্মের সংখ্যার দ্বিগুণেরও বেশি। যদিও বিয়ের সংখ্যা কিছুটা বেড়েছে, তবুও মোট প্রজনন হার কমে ১ দশমিক ১৪-এ নেমে এসেছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন