সংশোধিত ৭০ অনুচ্ছেদেই হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী
ফ্রিজার ভ্যানে তৌফীক নাওয়াজের মরদেহ, পেছনে দীপু মনি
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
স্বামী ব্যারিস্টার তৌফীক নাওয়াজের শেষ বিদায়ে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাওয়া সাবেক মন্ত্রী দীপু মনিকে প্রিজন ভ্যানে করে গুলশানের আজাদ মসজিদে নেওয়া হয়েছে। তার কয়েক মিনিট আগেই ফ্রিজার ভ্যানে করে একই পথে নেওয়া হয় তৌফীক নাওয়াজের মরদেহ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সোয়া ১২টার পর এই দৃশ্য দেখা যায়।
এর আগে সকাল ৬টা ১৫ মিনিটে কঠোর পুলিশি নিরাপত্তায় মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে ঢাকার উদ্দেশে রওনা হন দীপু মনি। সকাল সোয়া ৮টার দিকে তিনি কলাবাগানের বাসায় পৌঁছান। পরে সেখানে নেওয়া হয় তার স্বামীর মরদেহ।
বাসার নিচের গ্যারেজে ফ্রিজার ভ্যানে মরদেহ রাখা হয়। এ সময় ফ্রিজার ভ্যানের পাশে কাপড় পেতে স্থানীয় বশির উদ্দিন রোড মসজিদের মুয়াজ্জিনসহ কয়েকজনকে কোরআন তেলাওয়াত করতে দেখা যায়। বাড়িটি ঘিরে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। সেখানে প্রবেশকারীদের জিজ্ঞাসাবাদও করা হয়।
এদিকে দীপু মনিকে সান্ত্বনা দিতে চাঁদপুর আওয়ামী লীগের জাকিয়া সুলতানা শেফালীসহ কয়েকজন তার সঙ্গে দেখা করেন। জাকিয়া সুলতানা জানান, দীপু মনি স্বামীর মৃত্যুতে অত্যন্ত ভেঙে পড়েছেন।
দীপু মনির এক আত্মীয়ও জানান, মানসিকভাবে তিনি বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং কিছু খেতে চাইছেন না।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, দুপুরে তৌফীক নাওয়াজের মরদেহ গুলশানের আজাদ মসজিদে নেওয়া হয়। বাদ জোহর সেখানে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক জানান, জানাজার সময় দীপু মনি প্রিজনভ্যানে থাকবেন। সময়ের মধ্যে সম্ভব হলে দাফনের সময় তাকে কবরস্থানে থাকার সুযোগ দেওয়া হবে। অন্যথায় তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হবে। তার প্যারোলের মেয়াদ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।
উল্লেখ্য, ২০২৪ সালের আন্দোলনের পর বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন দীপু মনি।
তার স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তৌফীক নাওয়াজ। পেশায় আইনজীবী হওয়ার পাশাপাশি তিনি ধ্রুপদি সংগীতেরও চর্চা করতেন। ২০১৯ সালে তিনি স্ট্রোক করেছিলেন।
তৌফীক নাওয়াজ ও দীপু মনি দম্পতির এক ছেলে চীনে এবং মেয়ে ঢাকায় অবস্থান করছেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন