অবশেষে আসছে ‘মহানগর ৩
যোগফল প্রতিবেদক:
দীর্ঘ অপেক্ষার পর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’-এর তৃতীয় সিজন আসার ইঙ্গিত দিয়েছেন নির্মাতা আশফাক নিপুণ। নিজের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা একটি ভিডিওতে নতুন একটি চিত্রনাট্যের কাজ শেষ করার কথা জানান তিনি। ভিডিওর ইঙ্গিত ও পরবর্তী মন্তব্যের জবাব থেকেই দর্শকদের ধারণা, ‘মহানগর ৩’ নিয়ে কাজ করছেন এই নির্মাতা।
২০২১ সালে মুক্তি পাওয়া ‘মহানগর’ ওয়েব সিরিজটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। গল্প, নির্মাণ ও অভিনয়ের কারণে বাংলাদেশে জনপ্রিয়তার পাশাপাশি ভারতেও সিরিজটি আলোচনায় আসে।
প্রথম সিজনের সাফল্যের পর দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রায় দুই বছর পর মুক্তি পায় দ্বিতীয় সিজন। দ্বিতীয় সিজনও দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে। এরপর থেকেই তৃতীয় সিজন নিয়ে আগ্রহ তৈরি হয়।
গত কয়েক বছর ধরে ‘মহানগর ৩’ কবে আসবে—এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন নির্মাতা আশফাক নিপুণ। তবে এতদিন নতুন সিজন নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি তিনি।
বুধবার (২৬ আগস্ট) নিজের জন্মদিন উপলক্ষে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন আশফাক নিপুণ। সেখানে দর্শকদের উদ্দেশে জন্মদিনের শুভেচ্ছা জানানোর আহ্বান জানান তিনি। ভিডিওর শেষদিকে তিনি বলেন, ‘যাইহোক, এখন স্ক্রিপ্টটা শেষ করে আসি। হাতে বেশি সময় নেই।’
ভিডিওতে নিজের কণ্ঠে ‘মহানগর’ সিরিজের পরিচিত ইন্ট্রো মিউজিকও গাইতে শোনা যায় তাঁকে। এরপরই দর্শকদের মধ্যে ‘মহানগর ৩’ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক দর্শক নির্মাতার কাছে জানতে চান, ‘মহানগর ৩’ কবে আসবে? জবাবে আশফাক নিপুণ শুধু লেখেন, ‘ইয়েস।’ তাঁর এই উত্তরকে তৃতীয় সিজন নির্মাণের স্পষ্ট ইঙ্গিত হিসেবেই দেখছেন দর্শকরা।
তবে নতুন সিজনের শুটিং কবে শুরু হবে কিংবা ‘মহানগর ৩’ কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ জানাননি নির্মাতা।
‘মহানগর’-এর প্রথম দুই সিজনে ওসি হারুন চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান মোশাররফ করিম। জানা গেছে, তৃতীয় সিজনেও এই জনপ্রিয় চরিত্রে তাঁকে দেখা যেতে পারে। পাশাপাশি নতুন সিজনে ওপার বাংলার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যেতে পারে বলেও আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
সব মিলিয়ে, নির্মাতার সাম্প্রতিক ইঙ্গিতে ‘মহানগর’-এর ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন অপেক্ষা শুধু নির্মাতার আনুষ্ঠানিক ঘোষণা ও নতুন সিজনের মুক্তির।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন