খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮ ভাদ্র, ১৪৩৩

এনজো ফার্নান্দেজের দলবদলে নতুন রেকর্ড, প্রিমিয়ার লিগে টাকার ঝড়

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১:০২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
এনজো ফার্নান্দেজের দলবদলে নতুন রেকর্ড, প্রিমিয়ার লিগে টাকার ঝড়

 যোগফল প্রতিবেদক:

ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লিগে এবারের গ্রীষ্মকালীন দলবদলে মোট ১ হাজার ৪৩৭টি চুক্তি সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে খেলোয়াড় কিনতে ক্লাবগুলোর খরচ হয়েছে প্রায় ৬৫০ কোটি পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা ১ লাখ ৭ হাজার ৭৪২ কোটি টাকার বেশি।

বাংলাদেশ সময় বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৪টায় শেষ হয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন দলবদলের সময়সীমা। আর্থিক হিসাবে এবারও সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। তাদের মোট খরচ দাঁড়িয়েছে ৩৪৬ কোটি পাউন্ডে, যা লিগটির ইতিহাসে এক মৌসুমের গ্রীষ্মকালীন দলবদলে নতুন রেকর্ড।

শেষ দিনে এভারটন থেকে সেনেগালিজ উইঙ্গার ইলিমান এনদিয়ায়েকে ৬ কোটি পাউন্ডে দলে ভেড়ায় ম্যানচেস্টার সিটি। তার দলবদলের পরই প্রিমিয়ার লিগের মোট খরচ গত মৌসুমের ৩১৪ কোটি পাউন্ডের রেকর্ড ছাড়িয়ে যায়। গতবারই প্রথমবারের মতো দলবদলে ৩০০ কোটি পাউন্ডের বেশি খরচ করেছিল লিগটির ক্লাবগুলো।

তবে শেষ দিনের সবচেয়ে বড় চমক আসে এনজো ফার্নান্দেজকে ঘিরে। চেলসি থেকে আর্জেন্টাইন এই মিডফিল্ডারকে ১২ কোটি ৫০ লাখ পাউন্ডে দলে নেয় ম্যানচেস্টার সিটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ হাজার ৭১ কোটি টাকা।

এই দলবদলের মাধ্যমে ব্রিটিশ ফুটবলে সবচেয়ে দামি চুক্তির রেকর্ডে যৌথভাবে উঠে এসেছেন ফার্নান্দেজ। গত মৌসুমের গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিনে নিউক্যাসল ইউনাইটেড থেকে একই দামে আলেকসান্দার ইসাককে কিনেছিল লিভারপুল।

অথচ ২০২৩ সালে বেনফিকা থেকে তৎকালীন ব্রিটিশ রেকর্ড ১০ কোটি ৭ লাখ পাউন্ডে চেলসিতে যোগ দিয়েছিলেন ফার্নান্দেজ। এবার সেই রেকর্ডের সমান দামে আবারও দলবদল করলেন তিনি।

শেষ দিনেও রেকর্ড খরচ

দলবদলের শেষ দিনেই প্রিমিয়ার লিগের ক্লাবগুলো খেলোয়াড় কেনায় খরচ করেছে ৪৭ কোটি ৫০ লাখ পাউন্ড। গত মৌসুমের শেষ দিনে খরচ হয়েছিল ৩৯ কোটি ১০ লাখ পাউন্ড। অর্থাৎ শেষ দিনের ব্যয়েও আগের মৌসুমকে ছাড়িয়ে গেছে ইংলিশ ক্লাবগুলো।

ফুটবলট্রান্সফার্স ডটকমের প্রতিষ্ঠাতা পল ম্যাকডোনাল্ডের মতে, মাত্র পাঁচ বছর আগে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর গ্রীষ্মকালীন দলবদলে সম্মিলিত খরচ ছিল ১১৩ কোটি পাউন্ড। এবার সেই অঙ্ক কয়েক গুণ বেড়েছে।

এবারের দলবদলে ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ১০টি চুক্তির তিনটিই হয়েছে প্রিমিয়ার লিগে। শুধু তাই নয়, লিগটির ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল পাঁচটি চুক্তির চারটিই সম্পন্ন হয়েছে এবারের গ্রীষ্মকালীন দলবদলে।

ফার্নান্দেজের ১২ কোটি ৫০ লাখ পাউন্ডের চুক্তির আগে ম্যানচেস্টার সিটি ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে নটিংহাম ফরেস্টের মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে দলে নেয়। অ্যাস্টন ভিলা থেকে ১১ কোটি ৭০ লাখ পাউন্ডে মরগান রজার্সকে কিনেছে চেলসি।

এদিকে পিএসজি থেকে ব্র্যাডলি বারকোলাকে দলে নিতে লিভারপুল খরচ করেছে ১০ কোটি ৬০ লাখ পাউন্ড। বিভিন্ন শর্ত পূরণ হলে এই চুক্তির মূল্য বেড়ে ১২ কোটি ৩০ লাখ পাউন্ড পর্যন্ত হতে পারে।

প্রিমিয়ার লিগের বাইরে বড় খরচ কম

প্রিমিয়ার লিগের বাইরে ৬ কোটি পাউন্ডের বেশি মূল্যের দলবদল হয়েছে মাত্র দুটি। এর মধ্যে রিয়াল মাদ্রিদে ইয়ান দিওমান্দের যোগদান এবং নিউক্যাসল থেকে বার্সেলোনায় অ্যান্টনি গর্ডনের দলবদল রয়েছে।

এবারের সবচেয়ে ব্যয়বহুল ২০টি দলবদলের মধ্যে মাত্র ছয়টি হয়েছে প্রিমিয়ার লিগের বাইরে। এমনকি প্রিমিয়ার লিগে ওঠা ইপসউইচ টাউন খেলোয়াড় কেনায় যে পরিমাণ অর্থ ব্যয় করেছে, তা বার্সেলোনা, এসি মিলান, জুভেন্টাস ও বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজির মতো ক্লাবগুলোর চেয়েও বেশি।

স্প্যানিশ সংবাদমাধ্যমের হিসাবে, এবার অন্তত ১০ কোটি ইউরো মূল্যে ছয়জন খেলোয়াড় বিক্রি হয়েছেন। এর মধ্যে পাঁচজনই প্রিমিয়ার লিগের ক্লাবের সঙ্গে জড়িত। বাকি একজন ইয়ান দিওমান্দে, যিনি রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন।

এর আগে ২০১৭-১৮, ২০১৯-২০ ও ২০২৩-২৪ মৌসুমে সর্বোচ্চ তিনজন করে খেলোয়াড়কে ১০ কোটি ইউরো বা তার বেশি দামে বিক্রি করা হয়েছিল।

খরচে সবার ওপরে ম্যানচেস্টার সিটি

এবারের দলবদলে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে ম্যানচেস্টার সিটি। এনজো ফার্নান্দেজকে দলে ভেড়ানোর পর তাদের মোট খরচ দাঁড়িয়েছে ৪৫ কোটি ৮০ লাখ পাউন্ডে।

এক মৌসুমে প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের দলবদলে এত বেশি অর্থ খরচের নজির আগে ছিল না। গত গ্রীষ্মে লিভারপুলের করা ৪১ কোটি ৫০ লাখ পাউন্ডের রেকর্ড এবার ভেঙে দিয়েছে সিটি।

তবে খেলোয়াড় কেনায় বিপুল অর্থ ব্যয়ের পাশাপাশি বিক্রি থেকেও বড় অঙ্কের আয় করেছে ক্লাবটি। খেলোয়াড় বিক্রি করে তাদের আয় হয়েছে প্রায় ৩০ কোটি ৪০ লাখ পাউন্ড।

খরচের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চেলসি। খেলোয়াড় কিনতে ক্লাবটি ব্যয় করেছে ৩৪ কোটি ৯০ লাখ পাউন্ড। বিপরীতে খেলোয়াড় বিক্রি করে আয় করেছে ৩৮ কোটি ২০ লাখ পাউন্ড। ফলে দলবদল শেষে চেলসির নিট মুনাফা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৩০ লাখ পাউন্ড।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে টটেনহাম হটস্পার। খেলোয়াড় কিনতে ক্লাবটির মোট ব্যয় হয়েছে ৩০ কোটি ২ লাখ পাউন্ড।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন প্রণয়নে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১:১৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন প্রণয়নে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

 যোগফল প্রতিবেদক:

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে আইন প্রণয়নের কাজ করছে সরকার। এ জন্য বিশেষজ্ঞদের সুপারিশ ও পরামর্শ প্রয়োজন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর নিমতলীতে এশিয়াটিক সোসাইটি আয়োজিত ‘এআই গভর্নেন্স সামারি স্কুল’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে প্রস্তাবিত আইনের খসড়ায় প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন করা হবে। এরপর সেটি বিল আকারে জাতীয় সংসদে উত্থাপন করা হবে।

তিনি বলেন, যুগের পরিবর্তনের সঙ্গে আইনের গতিপথও বদলেছে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। এআইয়ের অপব্যবহার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

বিচারকদের রায় লেখার ক্ষেত্রে এআই ব্যবহার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নেওয়া যেতে পারে। তবে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা এবং প্রকৃত তথ্যের সঙ্গে এআইয়ের তৈরি তথ্যের যথাযথ যাচাই করতে হবে।

তিনি আরও বলেন, কোনোভাবেই কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর অতিরিক্ত নির্ভরশীল হওয়া যাবে না। এআইয়ের সুবিধা ব্যবহারের পাশাপাশি এর অপব্যবহার রোধে সতর্ক থাকতে হবে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১:১২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

যোগফল প্রতিবেদক:

জধানীর উত্তরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, আঞ্চলিক পাসপোর্ট অফিস, উত্তরায় দুদকের সহকারী পরিচালক (এডি) শাহ আলমের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করছে।

তবে কী অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে, অভিযানে কী ধরনের অনিয়ম বা দুর্নীতির তথ্য যাচাই করা হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে কি না—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এদিকে, কুষ্টিয়ার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালেও দুদকের অভিযান চলছে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ।

অভিযান শেষে অনিয়ম বা দুর্নীতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

বাংলাদেশে বেড়াতে এসে ফেরার পথে ভারতীয় নাগরিকের মৃত্যু

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১:১২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বাংলাদেশে বেড়াতে এসে ফেরার পথে ভারতীয় নাগরিকের মৃত্যু

 যোগফল প্রতিবেদক:

যশোরের বেনাপোলে ভারতে ফেরার পথে গৌতম মিস্ত্রি (৫৫) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বেনাপোল স্থলবন্দর এলাকায় গাড়ি থেকে নামার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত গৌতম মিস্ত্রি কলকাতার রমনী মিস্ত্রির ছেলে। তার স্ত্রী জাহানারা মিস্ত্রি জানান, গত ২২ আগস্ট তারা স্বামীকে নিয়ে বরিশালে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ১২ দিন পর বুধবার ভারতে ফেরার উদ্দেশ্যে বেনাপোলে পৌঁছান তারা।

তিনি জানান, বেনাপোল স্থলবন্দরে গাড়ি থেকে নামার পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গৌতম। পরে দ্রুত তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক পারভেজ বলেন, বেনাপোল স্থলবন্দর এলাকার জিএম বাস কাউন্টারের সামনে গৌতম মিস্ত্রি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, ভারতীয় পাসপোর্টধারী এক যাত্রীর মৃত্যুর খবর তিনি পেয়েছেন। নিহতের স্ত্রী তার দপ্তরে এসেছিলেন। মরদেহ হস্তান্তরের জন্য ভারতীয় হাইকমিশন থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।

প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পর ভারতীয় ইমিগ্রেশনের সঙ্গে যোগাযোগ করে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম