দেব-শুভশ্রীর পর রাজ-মিমির পালা, ফিরছে পুরনো জুটি?
যোগফল প্রতিবেদক:
দীর্ঘ ১১ বছর পর ফের একসঙ্গে কাজ করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ও পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তী। তবে এবার রাজ থাকছেন না পরিচালকের আসনে; তার প্রযোজনা সংস্থার ব্যানারে নতুন একটি প্রজেক্টে অভিনয় করবেন মিমি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভের একটি বিশেষ প্রজেক্টে মিমিকে নিয়ে কাজ করতে যাচ্ছে রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা।
রাজের পরিচালনায় ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমার মাধ্যমে বড় সাফল্য পেয়েছিলেন মিমি চক্রবর্তী। এরপর ‘যোদ্ধা’ ও ‘কাঠমাণ্ডু’ সিনেমাতেও একসঙ্গে কাজ করেন তারা। কাজের সূত্রেই একসময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল বলে টলিপাড়ায় ব্যাপক আলোচনা ছিল।
তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। পরবর্তীতে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে বিয়ে করেন রাজ চক্রবর্তী। এরপর রাজ ও মিমির মধ্যে পেশাগত দূরত্বও তৈরি হয়।
দীর্ঘ বিরতির পর এবার রাজের প্রযোজনায় নতুন কাজে ফিরছেন মিমি। জানা গেছে, সারভাইভাল থ্রিলারধর্মী একটি প্রজেক্টে কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে তাকে। ছবিটি পরিচালনা করবেন অয়ন চক্রবর্তী।
মিমি জানিয়েছেন, সবকিছু পরিকল্পনামতো এগোলে চলতি মাসের শেষ দিকে শুটিং শুরু হতে পারে।
এদিকে একই সময়ে দেব ও শুভশ্রীর দীর্ঘ প্রতীক্ষিত পর্দায় ফেরার খবর প্রকাশ্যে আসায় বিষয়টি নিয়ে টলিপাড়ায় আলোচনা আরও বেড়েছে। অতীতে প্রেমের সম্পর্কে থাকা দেব-শুভশ্রী যেমন নতুন সিনেমায় একসঙ্গে ফিরছেন, তেমনি রাজের সঙ্গে তার সাবেক প্রেমিকা মিমিরও দীর্ঘ বিরতির পর পেশাগতভাবে পুনর্মিলন হচ্ছে।
এ কারণে দুই ঘটনা ঘিরে নানা ধরনের জল্পনা তৈরি হয়েছে। কেউ কেউ ব্যক্তিগত সম্পর্কের সমীকরণের সঙ্গে বিষয় দুটিকে মিলিয়ে দেখছেন। তবে রাজের প্রযোজনায় মিমির নতুন কাজের পেছনে ব্যক্তিগত কোনো কারণ রয়েছে—এমন তথ্য নিশ্চিতভাবে জানা যায়নি।
সব মিলিয়ে অতীতের সম্পর্কের দুই জুটির নতুন করে পেশাগতভাবে একসঙ্গে কাজের খবর ঘিরে কলকাতার বিনোদন অঙ্গনে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন