খুঁজুন
advertisement
advertisement
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ২১ ভাদ্র, ১৪৩৩

রাবির জোহা হলে মশারির ওপর বিষধর কালাচ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন শিক্ষার্থী

বার্তা বিভাগ
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৬, ২:০৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাবির জোহা হলে মশারির ওপর বিষধর কালাচ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন শিক্ষার্থী

যোগফল প্রতিবেদক: 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের একটি কক্ষে গভীর রাতে মশারির ওপর বিষধর কালাচ প্রজাতির সাপ পাওয়া গেছে। তবে সাপটি দংশন করার আগেই উদ্ধার করায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন ওই কক্ষে থাকা এক শিক্ষার্থী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে হলের ১২১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, গভীর রাতে ঘুম ভেঙে মশারির ওপর সাপটি দেখতে পান ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রাব্বি রেজা। পরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাবি সেইভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড ন্যাচার’কে (সোয়ান) খবর দেওয়া হলে সংগঠনটির স্বেচ্ছাসেবক সামিত ও সাজ্জাদ প্রায় ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন।

বিষধর কমন ক্রেইট

সোয়ানের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা সাপটি পাতি কালাচ বা পাতি কেউটে। ইংরেজিতে এটি ‘কমন ক্রেইট’ নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম(Bungarus caeruleus)।

সাপটি ইলাপিডি গোত্রের বিষধর প্রজাতি এবং এর বিষ নিউরোটক্সিক ধরনের। বাংলাদেশে কালাচ প্রজাতির সাপ সংরক্ষিত বন্যপ্রাণীর তালিকায় রয়েছে। ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের আওতায় এ প্রজাতি সংরক্ষিত।

হলের পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ

শিক্ষার্থীদের অভিযোগ, শহীদ শামসুজ্জোহা হলের আশপাশ দীর্ঘদিন ধরে জঙ্গল, ঝোপঝাড় ও অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। এ কারণে প্রায়ই সেখানে সাপের উপদ্রব দেখা যায়।

হলের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার বিষয়ে প্রাধ্যক্ষকে একাধিকবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।

একই কক্ষের আবাসিক শিক্ষার্থী মো. সাকিল আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লেখেন, রাতে ঘুম থেকে উঠে মশারির ওপর বিষধর সাপ দেখতে পাওয়ার ঘটনায় তারা আতঙ্কিত। হল প্রাধ্যক্ষকে একাধিকবার জানানোর পরও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোহা হলের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

নেট লাগানো ও ড্রেন পরিষ্কারের উদ্যোগ

এ বিষয়ে শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ ড. মো. আল-আমিন সরকার বলেন, এক শিক্ষার্থী ঘুম থেকে উঠে মশারির ওপর সাপ দেখতে পেয়ে বিষয়টি রুমমেটকে জানান। পরে বিশ্ববিদ্যালয়ের রেসকিউ টিমকে খবর দেওয়া হলে তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

তিনি বলেন, সাপের উপদ্রব ঠেকাতে এর আগেও কার্বোলিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে এবং হলের চারপাশ পরিষ্কার করা হয়েছে। গত সপ্তাহেও প্রশাসনের উদ্যোগে হলের পেছনের অংশ পরিষ্কার করা হয়েছে।

প্রাধ্যক্ষের ধারণা, হলের পেছনের দিক দিয়ে সাপটি ভেতরে প্রবেশ করেছে।

তিনি আরও জানান, সাপের প্রবেশ ঠেকাতে হলের পেছনে ভালো মানের নেট লাগানো এবং ড্রেনগুলো পুনরায় পরিষ্কার করার ব্যবস্থা নেওয়া হবে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

চট্টগ্রামে হিজড়া সম্প্রদায়ের গুরুমার মরদেহ উদ্ধার, গলায় দাগ ঘিরে রহস্য

বার্তা বিভাগ
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
চট্টগ্রামে হিজড়া সম্প্রদায়ের গুরুমার মরদেহ উদ্ধার, গলায় দাগ ঘিরে রহস্য

যোগফল প্রতিবেদক:

ট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান রেলওয়ে-সংলগ্ন মাসুদ কলোনি এলাকার নিজ বাসা থেকে মৌসুমী নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় চিকন দাগ, মুখে রক্ত ও জিহ্বা বের হয়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৌসুমী দীর্ঘদিন ধরে মাসুদ কলোনি এলাকায় বসবাস করছিলেন। তিনি হিজড়া সম্প্রদায়ের একটি দলের প্রধান হিসেবে সদস্যদের বিভিন্ন বিষয় দেখভাল করতেন। সম্প্রদায়ের একাংশের কাছে তিনি গুরুমা হিসেবে পরিচিত ছিলেন।

শুক্রবার দিনগত রাত আনুমানিক ২টার দিকে আশপাশে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলে নিজ কক্ষে ঘুমাতে যান মৌসুমী। শনিবার সকাল ১০টার দিকে তার কোনো সাড়াশব্দ না পেয়ে পরিচিতরা ঘরে গিয়ে তাকে নিথর অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয়দের ভাষ্য, পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে মৌসুমীর গলায় চিকন কোনো বস্তু পেঁচিয়ে ধরার মতো দাগ দেখা গেছে। এ ছাড়া তার মুখে রক্ত, জিহ্বা বের হয়ে থাকা এবং হাতে কালো দাগ দেখা যায়।

ঘটনাস্থলে থাকা পাখি হিজড়া বলেন, ‘সকাল ১০টার দিকে ঘরে ঢুকে দেখি তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। জিহ্বা বের হয়ে ছিল। এরপর আশপাশের সবাইকে ডাকাডাকি করি। পরে পুলিশকে খবর দেওয়া হয়।’

এদিকে মৌসুমীর মৃত্যু নিয়ে হিজড়া সম্প্রদায়ের সদস্যদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাদের কয়েকজনের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়; তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।

তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) নাছিম বলেন, ‘আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। এ ঘটনায় তদন্তের কাজ চলমান রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হবে।’

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে, এটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু।’

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

গাজীপুরে সিএনজিকে কাভার্ডভ্যানের চাপা, নিহত ৩

বার্তা বিভাগ
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৬, ২:৪২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গাজীপুরে সিএনজিকে কাভার্ডভ্যানের চাপা, নিহত ৩

যোগফল প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আসাদুল্লাহ (২৬) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। অপর দুই নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন।

আহতরা হলেন—সিএনজিচালক শাকিল (৩৫), খোকন মিয়া (২২) ও আসাদ ইসলাম (১৯)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর বাজার থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মাওনার দিকে যাচ্ছিল। সকাল ১০টার দিকে অটোরিকশাটি কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় সিএনজি অটোরিকশাটি নিজ লেনেই চলছিল। বিপরীত দিকের লেনে থাকা কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়।

এতে অটোরিকশাটি সড়কের পাশের ধানক্ষেতে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নারীসহ দুজন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া আরও তিনজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

টিকটকের কমেন্ট সেকশনে আসছে একাধিক নতুন ফিচার

বার্তা বিভাগ
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৬, ২:২২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
টিকটকের কমেন্ট সেকশনে আসছে একাধিক নতুন ফিচার

 যোগফল প্রতিবেদক:

কমেন্ট সেকশনে বড় ধরনের পরিবর্তন আনছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। ব্যবহারকারীদের পারস্পরিক যোগাযোগ আরও বাড়াতে ভয়েস কমেন্ট, কমেন্ট পোল, একসঙ্গে একাধিক ছবি এবং লাইভ ফটো কমেন্টের মতো নতুন ফিচার যুক্ত করছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, এসব সুবিধার মাধ্যমে কমেন্ট সেকশনকে আরও ইন্টার‌্যাকটিভ করে তুলতে চাইছে টিকটক। ফলে ভিডিও দেখার পাশাপাশি মন্তব্য করা ও অন্য ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগের সুযোগও বাড়বে।

এক মিনিটের ভয়েস কমেন্ট

নতুন ফিচারগুলোর মধ্যে অন্যতম ‘ভয়েস কমেন্ট’। এর মাধ্যমে লিখিত মন্তব্যের পরিবর্তে সরাসরি অডিও বার্তা পোস্ট করতে পারবেন ব্যবহারকারীরা। কমেন্ট বক্সে থাকা মাইক্রোফোন আইকনে ট্যাপ করে সর্বোচ্চ এক মিনিটের ভয়েস বার্তা রেকর্ড করা যাবে।

পোস্ট করা ভয়েস কমেন্টে ট্যাপ করে সেটি শুনতে পারবেন অন্য ব্যবহারকারীরা। টিকটক জানিয়েছে, ভয়েস কমেন্টও প্ল্যাটফর্মের অন্যান্য কনটেন্টের মতো কমিউনিটি গাইডলাইনের আওতায় থাকবে। নীতিমালা লঙ্ঘনকারী কনটেন্ট শনাক্তে মানব পর্যবেক্ষণের পাশাপাশি স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করা হবে। এর মধ্যে স্পিচ-টু-টেক্সট ট্রান্সক্রিপশন প্রযুক্তিও থাকবে।

আগামী এক মাসের মধ্যে বিশ্বজুড়ে ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীদের জন্য ভয়েস কমেন্ট চালু করা হবে বলে জানিয়েছে টিকটক।

কমেন্টেই করা যাবে পোল

নির্মাতাদের জন্য কমেন্ট সেকশনে পোল যুক্ত করার সুবিধাও চালু করছে টিকটক। এর মাধ্যমে ভিডিও নির্মাতারা দর্শকদের কোনো বিষয়ে সরাসরি ভোট দেওয়ার সুযোগ দিতে পারবেন।

ফিচারটি আগে সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য চালু থাকলেও এখন বিশ্বজুড়ে উন্মুক্ত করা হচ্ছে। পোলে সর্বোচ্চ পাঁচটি অপশন রাখা যাবে। পাশাপাশি কতক্ষণ পোল সক্রিয় থাকবে, সেটিও নির্ধারণ করতে পারবেন নির্মাতারা।

ভোট দেওয়ার সঙ্গে সঙ্গে কমেন্ট সেকশন থেকেই ফলাফল দেখা যাবে। পোশাক নির্বাচন, পরবর্তী ভিডিওর বিষয় বা রান্নার মেনু—বিভিন্ন বিষয়ে দর্শকদের মতামত জানতে এই ফিচার ব্যবহার করা যাবে।

এক কমেন্টে ৯টি ছবি

কমেন্টে ছবি যুক্ত করার সুবিধাতেও পরিবর্তন আনছে টিকটক। নতুন ‘ফটো ক্যারোসেল কমেন্ট’ ফিচারের মাধ্যমে একটি কমেন্টে সর্বোচ্চ নয়টি ছবি যুক্ত করা যাবে।

আগে একবারে একটি ছবি যুক্ত করার সুযোগ থাকলেও নতুন সুবিধায় একই কমেন্টে একাধিক ছবি শেয়ার করা যাবে। আগামী এক মাসের মধ্যে বিশ্বজুড়ে ফিচারটি চালু করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কমেন্টে লাইভ ফটো

কমেন্টে ‘লাইভ ফটো’ পোস্ট করার সুবিধাও চালু করেছে টিকটক। এর মাধ্যমে স্থির ছবির পাশাপাশি অল্প সময়ের নড়াচড়ার দৃশ্যও দেখা যাবে।

ব্যবহারকারীরা পুরো ছবি দেখার আগে ওই মুহূর্তের একটি সংক্ষিপ্ত প্রিভিউ দেখতে পারবেন। ইতোমধ্যে বিশ্বজুড়ে লাইভ ফটো কমেন্ট ফিচারটি চালু করা হয়েছে।

টিকটকের মতে, নতুন এসব সুবিধার মাধ্যমে কমেন্ট সেকশন শুধু লিখিত মতামত জানানোর জায়গা হিসেবে সীমাবদ্ধ থাকবে না। ভয়েস, পোল, একাধিক ছবি ও লাইভ ফটোর মতো ফিচার যুক্ত হওয়ায় ব্যবহারকারীদের অংশগ্রহণ ও পারস্পরিক যোগাযোগ আরও বাড়তে পারে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম