খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র, ১৪৩৩

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী

বার্তা বিভাগ
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী

যোগফল প্রতিবেদক: 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রসিকনগর বাবুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মনোয়ারা বেগম (৬০) ও তার স্বামী মফিজুল হক (৭৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মনোয়ারা বেগম ও মফিজুল হকের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মফিজুল হক ধারালো হাসুয়া দিয়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে ঘরের ফ্যানের সঙ্গে ঝোলানো হুকের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

মফিজুল হকের ছেলের বউ শাপলা বেগম জানান, দুপুরে দাওয়াত শেষে বিকেলে বাড়িতে ফিরে তিনি ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে মনোয়ারা বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুকে মনোয়ারা বেগমকে মৃত এবং মফিজুল হককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।

পরে খবর পেয়ে সন্ধ্যার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে মফিজুল হক স্ত্রীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি নিজেও ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। ময়নাতদন্তের পর ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

পাবনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

বার্তা বিভাগ
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাবনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

 যোগফল প্রতিবেদক:

পাবনায় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।

শনিবার সকালে পাবনা শহরের মেরিল বাইপাস এলাকার নূরজাহা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বর্তমান শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে গুণগত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষারও গুরুত্ব রয়েছে। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ আবু মূসা।

জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মো. আবুল বাসার।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল গাফ্ফার খান এবং টেকপার্ক ইংলিশ বাংলাদেশের ডিরেক্টর ইঞ্জিনিয়ার নাইম হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

পুলিশ দেখে পালানোর সময় আসামির মৃত্যু

বার্তা বিভাগ
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পুলিশ দেখে পালানোর সময় আসামির মৃত্যু

 যোগফল প্রতিবেদক:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে মো. সোহাগ চৌধুরী (৩৫) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজী ঈদ্রিস মিয়া বাজার, যা নবীর বাজার নামেও পরিচিত, এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ চৌধুরী ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর উরিয়া গ্রামের নুর নবী চৌধুরীর ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে চরজব্বর থানার একটি দল সোহাগ চৌধুরীকে গ্রেপ্তারের জন্য ঈদ্রিস মিয়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহাগ দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি পড়ে গিয়ে আহত হন। পরে তার মৃত্যু হয়।

পুলিশ আরও জানায়, সোহাগ চৌধুরীর বিরুদ্ধে চরজব্বর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় দণ্ডবিধির ৩৮৫, ৩২৩ ও ৫০৬(২) ধারায় অভিযোগ রয়েছে। এছাড়া ২০১৮ সালে দায়ের করা আরেকটি মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০৭, ৩২৬, ৩৭৯, ৪২৭ ও ৩২৫ ধারাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি সোহাগ চৌধুরীকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালায়। পুলিশকে মামলার বাদীর সঙ্গে কথা বলতে দেখে তিনি দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে আহত হন। পরে তার মৃত্যু হয়েছে বলে শুনেছেন তিনি। মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

বার্তা বিভাগ
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

 যোগফল প্রতিবেদক:

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। সেখানেই জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের সঙ্গে দেখা হয়েছে তার। তাসকিন ও তার পরিবারের সঙ্গে বারবিকিউ পার্টিতে অংশ নিয়ে আনন্দঘন সময় কাটিয়েছেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি প্রকাশ করে শাবনূর জানান, সিডনিতে তার ভাইয়ের বাসায় পরিবারের সদস্যদের নিয়ে তাসকিন আহমেদের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়েছে। প্রিয় ক্রিকেটারের সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে আনন্দঘন বলেও উল্লেখ করেন তিনি।

তাসকিন ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাবনূর লিখেছেন, ‘গতকাল সিডনিতে আমার ভাইয়ের বাসায় পরিবারসহ প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে বারবিকিউ পার্টিতে আমরা দারুণ কিছু সময় কাটালাম। ধন্যবাদ তাসকিন ও তোমার পরিবারকে, তোমাদের সঙ্গে সময়টা সত্যিই সুন্দর ছিল।’

তাসকিনের ক্রিকেটীয় সাফল্যেরও প্রশংসা করেছেন শাবনূর। জাতীয় দলের এই পেসারকে দেশের গর্ব উল্লেখ করে তিনি তার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করেছেন।

শাবনূরের এমন পোস্টের পর তাসকিনের সঙ্গে তার সাক্ষাৎ ও পারিবারিক আড্ডার বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে তাদের আনন্দঘন সময় কাটানোর মুহূর্ত ফুটে উঠেছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম