১০ টাকায় ৪৮ ঘণ্টার মধ্যে পৌঁছে যাবে পার্সেল, জানুন বিস্তারিত
যোগফল প্রতিবেদক:
কম খরচে দ্রুত দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পার্সেল পাঠানোর সুযোগ দিচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের ‘স্পিডপোস্ট’ সেবা। এ সেবায় প্রথম ১ কেজি পার্সেল পাঠাতে খরচ মাত্র ১০ টাকা। এরপর অতিরিক্ত প্রতি কেজির জন্য দিতে হবে ৫ টাকা। একটি পার্সেলের সর্বোচ্চ ওজন নির্ধারণ করা হয়েছে ৩০ কেজি।
ডাক বিভাগের তথ্য অনুযায়ী, জেলা শহর থেকে ঢাকায় সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে এবং এক জেলা শহর থেকে অন্য জেলা শহরে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে পার্সেল পৌঁছানোর কথা। তবে প্রত্যন্ত ও দুর্গম এলাকায় পার্সেল পৌঁছাতে সর্বোচ্চ ৯৬ ঘণ্টা সময় লাগতে পারে।
স্পিডপোস্টের মাধ্যমে শুকনা খাবার, মধু, তেলসহ বিভিন্ন ধরনের পণ্য পাঠানো যায়। দেশের সব জিপিও, প্রধান ডাকঘর, উপজেলা ডাকঘর, টাউন সাব-পোস্ট অফিস, সাব-পোস্ট অফিস, আরএমএস বুকিং কাউন্টার এবং ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস থেকে এ সেবায় পার্সেল বুকিং করা যায়।
যেভাবে পার্সেল পাঠাবেন
স্পিডপোস্টে পার্সেল পাঠাতে নিকটস্থ ডাকঘরে গিয়ে পণ্যটি নিরাপদভাবে প্যাকেজিং করতে হবে। এরপর প্রাপকের নাম, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য দিয়ে নির্ধারিত মাশুল পরিশোধ করতে হবে।
বুকিংয়ের পর ট্র্যাকিং নম্বরসহ রসিদ দেওয়া হবে। ওই নম্বর ব্যবহার করে অনলাইনে পার্সেলের অবস্থান জানা যাবে। পার্সেল ট্র্যাক করতে এখানে ক্লিক করুন।
বুকিংয়ের আগে সম্ভাব্য খরচ হিসাব করে নিতে ডাক বিভাগের অনলাইন মাশুল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। মাশুল ক্যালকুলেটর দেখতে এখানে ক্লিক করুন।
ডাক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতি শুক্রবার স্পিডপোস্টের বুকিং ও ইস্যু কার্যক্রম বন্ধ থাকে। রাজধানীতে ঢাকা জিপিওসহ ২১টি সাব-পোস্ট অফিসে সরাসরি পার্সেল ডেলিভারি নেওয়ার ব্যবস্থাও রয়েছে।
পার্সেল সেবা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট www.bdpost.gov.bd -এ পাওয়া যাবে। বাংলাদেশ পোস্ট অফিসের অফিসিয়াল ফেসবুক পেজেও বিভিন্ন তথ্য দেওয়া হয়।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন