খুঁজুন
advertisement
advertisement
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ২৪ ভাদ্র, ১৪৩৩

দৌলতদিয়ায় হামলায় আহত যৌনকর্মীর মৃত্যু, গ্রেপ্তার ১

বার্তা বিভাগ
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
দৌলতদিয়ায় হামলায় আহত যৌনকর্মীর মৃত্যু, গ্রেপ্তার ১

 যোগফল প্রতিবেদক:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে হামলায় গুরুতর আহত সোনিয়া আক্তার নামে এক যৌনকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট রাতে দৌলতদিয়া যৌনপল্লীর একটি ভাড়াবাড়িতে সোনিয়া আক্তারের ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোনিয়া আক্তার দৌলতদিয়া যৌনপল্লীর বাড়িওয়ালা তোফাজ্জেল হোসেন তপুর বাড়ির ভাড়াটিয়া ছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় তোফাজ্জেল হোসেন তপু বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। এর আগে জুয়েল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি সফিকুল ইসলাম বলেন, সোনিয়া আক্তারের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোনিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দৌলতদিয়া যৌনপল্লীতে ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে। বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

বেলকুচিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা

বার্তা বিভাগ
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বেলকুচিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা

 যোগফল প্রতিবেদক:

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও আফরিন জাহান বলেন, একটি জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনে সাক্ষরতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু অক্ষরজ্ঞান অর্জন করলেই হবে না, আধুনিক ও ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে জীবনমুখী শিক্ষায় সবাইকে সমৃদ্ধ হতে হবে।

তিনি উপজেলার সব পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন এবং শতভাগ সাক্ষরতা নিশ্চিত করতে শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, সাক্ষরতার প্রসার ও প্রাথমিক শিক্ষার বিস্তার নিশ্চিত করার পাশাপাশি ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আলোচনা সভা শেষে উপজেলার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নেওয়া বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত অতিথিরা।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী

বার্তা বিভাগ
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী

যোগফল প্রতিবেদক: 

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও সুসংহত করে জনগণের জীবনমান উন্নয়ন এবং গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মন্ত্রীর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

বৈঠকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, বিকেন্দ্রীকরণ, ক্ষমতার ভারসাম্য, নারী ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ ও পানি নিষ্কাশন ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ সহযোগিতা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনাও উঠে আসে।

মন্ত্রী স্থানীয় সরকারের বিভিন্ন কার্যক্রম এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এসব প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য সরকার বদ্ধপরিকর।

তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা পাঁচটি স্থানীয় সরকার-সংক্রান্ত অধ্যাদেশ নতুন আইন হিসেবে জাতীয় সংসদে পাস হয়েছে। সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ—এই পাঁচ আইনে দলীয় মনোনয়ন ও জাতীয় প্রতীকে নির্বাচনের বিধান বিলুপ্ত করা হয়েছে।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সুশাসন ও নারী ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে অস্ট্রেলিয়ার আগ্রহের কথা জানান।

বৈঠকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম ক্রমবর্ধমান নগরায়নের কারণে বর্জ্য ব্যবস্থাপনাকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। আধুনিক প্রযুক্তি ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করার পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদনের সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা, প্রযুক্তি ও বিনিয়োগ কাজে লাগানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী।

তিনি বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বৈঠকের বিভিন্ন বিষয় তুলে ধরেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের কারিগর: পানিসম্পদমন্ত্রী

বার্তা বিভাগ
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের কারিগর: পানিসম্পদমন্ত্রী

 যোগফল প্রতিবেদক:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আধুনিক বাংলাদেশের কারিগর হিসেবে উল্লেখ করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমি প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘জিয়া স্মৃতি বই মেলা-২০২৬’-এর ষষ্ঠ দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, জিয়াউর রহমান তার নেতৃত্বের মাধ্যমে নতুন ও আধুনিক বাংলাদেশের চিন্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। তার নেতৃত্বেই মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে যুদ্ধ পরিচালিত হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন এবং অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। তিনি মুক্তিযুদ্ধের নেতা ও মুক্তিযোদ্ধাদের নেতা ছিলেন।

বিএনপির বর্তমান অবস্থানের পেছনে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বের কথা উল্লেখ করে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দলের আন্দোলন-সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠার মাধ্যমে তার উদারতা ও দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তার প্রমাণ দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

দেশের রাজনৈতিক ইতিহাস তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে দুর্নীতি ও দুঃশাসনের কারণে মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে জিয়াউর রহমানের নেতৃত্বে মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে।

রাজনীতিতে শিষ্টাচার বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, তিনি ছাত্রদলের রাজনীতি করার সময় এবং বর্তমানে বিএনপির নেতৃত্বে থেকেও প্রতিপক্ষের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারের সংস্কৃতি দেখেননি। তবে ৫ আগস্টের পর জিয়া পরিবার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিরোধী রাজনৈতিক শক্তির সমালোচনা করে এ্যানি বলেন, অতীতে বিভিন্ন সময়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে স্বৈরাচার ও ফ্যাসিবাদের যোগসূত্র ছিল। তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময় আন্দোলন-হরতাল-অবরোধের মাধ্যমে তারা দেশের মানুষকে ভোগান্তিতে ফেলেছে।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সুকোমল বড়ুয়া।

জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আ ন ম সাইফুল ইসলামের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। এতে ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জহিরুল ইসলাম বুলবুলসহ আরও অনেকে বক্তব্য দেন।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম