খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র, ১৪৩৩

কেরানীগঞ্জে ভেজাল টিএসপি সার কারখানা সিলগালা, মালিককে লাখ টাকা জরিমানা

বার্তা বিভাগ
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬, ২:৩১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কেরানীগঞ্জে ভেজাল টিএসপি সার কারখানা সিলগালা, মালিককে লাখ টাকা জরিমানা

যোগফল প্রতিবেদক:

ঢাকার কেরানীগঞ্জে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে ভেজাল ও নকল টিএসপি সার তৈরির অভিযোগে একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিক মো. জামাল হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হবে।

একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে এবং বিপুল পরিমাণ ভেজাল সার ও সার তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের গদাবাগ বাঘবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা এনএসআইয়ের ঢাকা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ মডেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁইয়া। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, পুলিশ ও র‍্যাব-১০-এর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মো. জামাল হোসেন দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় অনুমোদন ও মান নিয়ন্ত্রণ ছাড়াই ডলোমাইট চুন, সিরামিক মাটি, সিমেন্ট ও হাইড্রোক্লোরিক অ্যাসিডসহ বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে ভেজাল টিএসপি সার তৈরি করে আসছিলেন।

পরে এসব ভেজাল সার চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকার কৃষক ও মৎস্য খামারিদের কাছে বিক্রি করা হতো বলে অভিযোগ রয়েছে।

অভিযানে প্রায় ২৫০ বস্তা প্রস্তুত ভেজাল টিএসপি সার জব্দ করা হয়। এ ছাড়া সার তৈরির উপাদান হিসেবে রাখা প্রায় ৩০০ বস্তা চুন, সিমেন্ট ও সিরামিক মাটিও জব্দ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন, সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হবে। পাশাপাশি আইনের ২০ ধারায় কারখানার মালামাল জব্দ করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

বার্তা বিভাগ
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬, ২:০৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

যোগফল প্রতিবেদক:

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন হয়েছে। মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান, যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের সুদহার বৃদ্ধি এবং উচ্চ সুদহার দীর্ঘদিন বহাল থাকার আশঙ্কায় চাপের মুখে পড়েছে মূল্যবান এই ধাতুর দাম।

বুধবার (৯ সেপ্টেম্বর) ভিয়েতনাম সময় সকাল ৮টা ৫ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল প্রায় ৪ হাজার ৩৫৬ ডলার। আগের দিনের তুলনায় এ দাম উল্লেখযোগ্য কমেছে।

একই সময়ে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স রুপার দাম ছিল ৬৫ দশমিক ৬৩ ডলার। এ ছাড়া প্লাটিনামের দাম ছিল ১ হাজার ৮২৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ হাজার ৩৩৬ ডলার।

বিশ্লেষকদের মতে, স্বর্ণের দাম কমার অন্যতম কারণ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সতর্ক মুদ্রানীতির সম্ভাবনা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেড উচ্চ সুদহার আরও কিছুদিন ধরে রাখতে পারে—এমন আশঙ্কা রয়েছে বিনিয়োগকারীদের মধ্যে।

সাম্প্রতিক সময়ে ১০ বছর মেয়াদি মার্কিন সরকারি বন্ডের সুদহার বেড়ে প্রায় ৪ দশমিক ৮ শতাংশে উঠেছে। একই সঙ্গে শক্তিশালী হয়েছে মার্কিন ডলার। এসব কারণে বিনিয়োগকারীদের কাছে সুদবাহী সম্পদ তুলনামূলক আকর্ষণীয় হয়ে ওঠায় স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমার প্রভাব দেশের বাজারেও পড়তে পারে। কারণ, দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণে আন্তর্জাতিক বাজারের দর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার প্রবণতা অব্যাহত থাকলে দেশের বাজারেও দাম সমন্বয় হতে পারে। তবে দেশের বাজারে কতটা দাম কমবে, তা নির্ভর করবে ডলার-টাকার

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ঘুষ দাবির অডিওর প্রাথমিক সত্যতা, জাজিরা থানার এসআই প্রত্যাহার

বার্তা বিভাগ
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬, ৩:১১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ঘুষ দাবির অডিওর প্রাথমিক সত্যতা, জাজিরা থানার এসআই প্রত্যাহার

যোগফল প্রতিবেদক:

শরীয়তপুরের জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের বিরুদ্ধে তদন্তের নামে ১০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে জেলা পুলিশ। এরপর তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে সাময়িক বরখাস্তের প্রক্রিয়াও শুরু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকারিয়া রহমান।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মালেক শেখের মেয়ে ইতি আক্তারের সঙ্গে জাজিরা পৌরসভার সোনার দেউল এলাকার নূর মোহাম্মদ শেখের ছেলে সাত্তার শেখের বিয়ে হয়।

বিয়ের পর যৌতুকের দাবিতে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন তাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন বলে অভিযোগ করেন ইতি আক্তার। এ নিয়ে একাধিকবার পারিবারিক ও স্থানীয়ভাবে সালিশ-বৈঠক হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।

ইতি আক্তারের অভিযোগ, সর্বশেষ গত ১৭ আগস্ট রাতে পারিবারিক কলহের জেরে স্বামীসহ পরিবারের সদস্যরা তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন।

এরপর গত ৪ সেপ্টেম্বর স্বামী সাজ্জাদ শেখসহ কয়েকজনের বিরুদ্ধে পারিবারিক বিরোধ, শারীরিক নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগ এনে জাজিরা থানায় লিখিত অভিযোগ দেন ইতি আক্তার। অভিযোগটি তদন্তের দায়িত্ব পান এসআই রফিকুল ইসলাম।

তদন্তের অংশ হিসেবে বাদীপক্ষের সঙ্গে যোগাযোগের পর ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ১০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ ওঠে। একপর্যায়ে ভুক্তভোগী নারীর নিকটাত্মীয় সৌদি প্রবাসী দুলাল মোড়লের সঙ্গে মুঠোফোনে কথোপকথনের সময় টাকা পাঠানোর জন্য নিজের বিকাশ নম্বর দেন এসআই রফিকুল ইসলাম। ওই কথোপকথন অডিও রেকর্ড করা হয়।

বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে অডিও কথোপকথন যাচাই-বাছাই করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর মঙ্গলবার রাতে রফিকুল ইসলামকে জাজিরা থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

শরীয়তপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান বলেন, ‘উপপরিদর্শক রফিকুল ইসলামের বিরুদ্ধে একটি অভিযোগ এসেছিল। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাকে সাময়িক বরখাস্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।’

তিনি আরও বলেন, অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তে সত্যতা পাওয়া গেলে রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বার্তা বিভাগ
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬, ২:৪২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

যোগফল প্রতিবেদক: 

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক এক পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পরিবেশ দূষণ কমাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়। পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব কমাতে নির্মাণকাজে পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তার কথা সভায় তুলে ধরা হয়।

সভায় সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক) সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম