খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র, ১৪৩৩

ঘুষ দাবির অডিওর প্রাথমিক সত্যতা, জাজিরা থানার এসআই প্রত্যাহার

বার্তা বিভাগ
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬, ৩:১১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ঘুষ দাবির অডিওর প্রাথমিক সত্যতা, জাজিরা থানার এসআই প্রত্যাহার

যোগফল প্রতিবেদক:

শরীয়তপুরের জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের বিরুদ্ধে তদন্তের নামে ১০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে জেলা পুলিশ। এরপর তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে সাময়িক বরখাস্তের প্রক্রিয়াও শুরু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকারিয়া রহমান।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মালেক শেখের মেয়ে ইতি আক্তারের সঙ্গে জাজিরা পৌরসভার সোনার দেউল এলাকার নূর মোহাম্মদ শেখের ছেলে সাত্তার শেখের বিয়ে হয়।

বিয়ের পর যৌতুকের দাবিতে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন তাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন বলে অভিযোগ করেন ইতি আক্তার। এ নিয়ে একাধিকবার পারিবারিক ও স্থানীয়ভাবে সালিশ-বৈঠক হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।

ইতি আক্তারের অভিযোগ, সর্বশেষ গত ১৭ আগস্ট রাতে পারিবারিক কলহের জেরে স্বামীসহ পরিবারের সদস্যরা তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন।

এরপর গত ৪ সেপ্টেম্বর স্বামী সাজ্জাদ শেখসহ কয়েকজনের বিরুদ্ধে পারিবারিক বিরোধ, শারীরিক নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগ এনে জাজিরা থানায় লিখিত অভিযোগ দেন ইতি আক্তার। অভিযোগটি তদন্তের দায়িত্ব পান এসআই রফিকুল ইসলাম।

তদন্তের অংশ হিসেবে বাদীপক্ষের সঙ্গে যোগাযোগের পর ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ১০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ ওঠে। একপর্যায়ে ভুক্তভোগী নারীর নিকটাত্মীয় সৌদি প্রবাসী দুলাল মোড়লের সঙ্গে মুঠোফোনে কথোপকথনের সময় টাকা পাঠানোর জন্য নিজের বিকাশ নম্বর দেন এসআই রফিকুল ইসলাম। ওই কথোপকথন অডিও রেকর্ড করা হয়।

বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে অডিও কথোপকথন যাচাই-বাছাই করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর মঙ্গলবার রাতে রফিকুল ইসলামকে জাজিরা থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

শরীয়তপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান বলেন, ‘উপপরিদর্শক রফিকুল ইসলামের বিরুদ্ধে একটি অভিযোগ এসেছিল। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাকে সাময়িক বরখাস্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।’

তিনি আরও বলেন, অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তে সত্যতা পাওয়া গেলে রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

বার্তা বিভাগ
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬, ২:০৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

যোগফল প্রতিবেদক:

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন হয়েছে। মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান, যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের সুদহার বৃদ্ধি এবং উচ্চ সুদহার দীর্ঘদিন বহাল থাকার আশঙ্কায় চাপের মুখে পড়েছে মূল্যবান এই ধাতুর দাম।

বুধবার (৯ সেপ্টেম্বর) ভিয়েতনাম সময় সকাল ৮টা ৫ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল প্রায় ৪ হাজার ৩৫৬ ডলার। আগের দিনের তুলনায় এ দাম উল্লেখযোগ্য কমেছে।

একই সময়ে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স রুপার দাম ছিল ৬৫ দশমিক ৬৩ ডলার। এ ছাড়া প্লাটিনামের দাম ছিল ১ হাজার ৮২৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ হাজার ৩৩৬ ডলার।

বিশ্লেষকদের মতে, স্বর্ণের দাম কমার অন্যতম কারণ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সতর্ক মুদ্রানীতির সম্ভাবনা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেড উচ্চ সুদহার আরও কিছুদিন ধরে রাখতে পারে—এমন আশঙ্কা রয়েছে বিনিয়োগকারীদের মধ্যে।

সাম্প্রতিক সময়ে ১০ বছর মেয়াদি মার্কিন সরকারি বন্ডের সুদহার বেড়ে প্রায় ৪ দশমিক ৮ শতাংশে উঠেছে। একই সঙ্গে শক্তিশালী হয়েছে মার্কিন ডলার। এসব কারণে বিনিয়োগকারীদের কাছে সুদবাহী সম্পদ তুলনামূলক আকর্ষণীয় হয়ে ওঠায় স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমার প্রভাব দেশের বাজারেও পড়তে পারে। কারণ, দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণে আন্তর্জাতিক বাজারের দর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার প্রবণতা অব্যাহত থাকলে দেশের বাজারেও দাম সমন্বয় হতে পারে। তবে দেশের বাজারে কতটা দাম কমবে, তা নির্ভর করবে ডলার-টাকার

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বার্তা বিভাগ
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬, ২:৪২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

যোগফল প্রতিবেদক: 

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক এক পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পরিবেশ দূষণ কমাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়। পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব কমাতে নির্মাণকাজে পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তার কথা সভায় তুলে ধরা হয়।

সভায় সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক) সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

বার্তা বিভাগ
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

যোগফল প্রতিবেদক:

নেত্রকোনায় ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে সাদিয়া ইসলাম (২৩) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের কুড়পাড় এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

সাদিয়া ইসলাম সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। শহরের কুড়পাড় এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কয়েকজনের কাছ থেকে তিন হাজার টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে সাদিয়ার বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে কুড়পাড় এলাকায় আরও এক ব্যক্তির কাছ থেকে টাকা নিতে গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় মঙ্গলবার রাতে পৌর শহরের বলাইগুয়া এলাকার বাসিন্দা সুমন মিয়ার স্ত্রী প্রিয়া আক্তার বাদী হয়ে প্রতারণার অভিযোগে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন।

মামলার বাদী প্রিয়া আক্তার বলেন, তারাসহ পাঁচজনের কাছ থেকে সাদিয়া তিন হাজার টাকা করে নিয়েছেন। ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে ওই টাকা নেওয়া হয়েছিল। পরে বিষয়টি নিয়ে সন্দেহ হলে তিনি মামলা করেন।

এ বিষয়ে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে একজনকে পুলিশ আটক করেছে বলে তিনি শুনেছেন। সদর উপজেলায় ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়ে এখনো কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কেউ টাকা চাইলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা উচিত। এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

জেলা এনসিপির সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তার ধারণা, সাদিয়া চক্রান্তের শিকার হয়ে থাকতে পারেন। তার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে। তবে তিনি কোনো সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সাদিয়া আক্তারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি কুড়পাড় এলাকার প্রিয়া আক্তার, সুমি আক্তার, ইতি আক্তারসহ পাঁচজনের কাছ থেকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে তিন হাজার টাকা করে নিয়েছেন।

ওসি বলেন, এ ঘটনায় প্রিয়া আক্তার বাদী হয়ে প্রতারণার মামলা করেছেন। সাদিয়া আক্তারকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার কথা তিনি স্বীকার করেছেন বলে জানান ওসি।

তবে পুলিশ হেফাজতে থাকায় এ বিষয়ে সাদিয়া ইসলামের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম