খুঁজুন
advertisement
advertisement
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ২৭ ভাদ্র, ১৪৩৩

চট্টগ্রামে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
চট্টগ্রামে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

যোগফল প্রতিবেদক: 

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও জনস্বার্থ সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। দেশের জানমালের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে চট্টগ্রাম জেলার গুরুত্বপূর্ণ হাটহাজারী-নাজিরহাট সড়কে দ্রুত রোড ডিভাইডার স্থাপন ও সড়ক সম্প্রসারণের জোর দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৭তম সভায় এসব কথা বলেন ভূমি প্রতিমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি।

সভায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাটহাজারী-নাজিরহাট সড়কের বর্তমান পরিস্থিতির প্রতি কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির বিশেষ দৃষ্টি আকর্ষণ করে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, চট্টগ্রামের সঙ্গে তার আত্মিক টান ও গভীর ভালোবাসা রয়েছে। হাটহাজারী থেকে নাজিরহাট পর্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়কটিতে ডিভাইডার না থাকায় সম্প্রতি দুর্ঘটনায় ২৭ জনের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় চট্টগ্রামবাসীর মতো তিনিও গভীরভাবে ব্যথিত।

তিনি বলেন, এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি কোনোভাবেই হতে দেওয়া যায় না। তাই জরুরি ভিত্তিতে হাটহাজারী-নাজিরহাট সড়কে রোড ডিভাইডার স্থাপন এবং সড়কটি সম্প্রসারণ করা প্রয়োজন।

সরকারি জমি বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনস্বার্থ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন ভূমি প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিগত আমলের অস্বচ্ছতা, অনিয়ম ও চাটুকারিতার নজির আর হতে দেওয়া হবে না। ভূমি অধিগ্রহণের প্রতিটি ধাপে পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হবে এবং জনগণ যেন কোনো ধরনের ভোগান্তি বা অসন্তোষের শিকার না হন, তা কঠোরভাবে নিশ্চিত করা হবে।

একই সঙ্গে পরিবেশের ভারসাম্য ও কৃষিজমি রক্ষার বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট করে কোনো উন্নয়ন কাজ করা যাবে না বলেও জানান প্রতিমন্ত্রী।

সভায় কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির পূর্বানুমোদনের জন্য পাওয়া চট্টগ্রামসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের জমি অধিগ্রহণসংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বাস্তবায়নাধীন ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় পাঁচলাইশ ও পশ্চিম ষোলশহর মৌজায় ১ দশমিক ৮৪০৬৪ একর এবং চন্দনপুরা, ইমামগঞ্জ, পাথরঘাটা, বাকলিয়া ও পূর্ব ষোলশহর মৌজায় ২ দশমিক ২২৮৯৮৮ একর জমি জনস্বার্থে অধিগ্রহণের প্রস্তাব অনুমোদন করা হয়।

এ ছাড়া চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের ‘চাতুরী (চৌমুহনী)-সিইউএফএল-কর্ণফুলী ড্রাইডক (মেরিন একাডেমি)-ফকিরনীহাট (এন-১২১) জাতীয় মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের আওতায় কর্ণফুলী থানার জুলধা, শিকলবাহা, শাহমীরপুর এবং আনোয়ারা থানার বাদলপুরা মৌজায় মোট ২১ দশমিক ৭০২৩ একর জমি অধিগ্রহণের প্রস্তাব অনুমোদন করা হয়।

অন্যদিকে, ‘বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড় আঞ্চলিক সড়ক প্রশস্তকরণ (LOC-III)’ প্রকল্পের আওতায় মিরসরাই ও ফটিকছড়ি উপজেলার বিভিন্ন মৌজায় মোট ৫৭ দশমিক ৯৩৮০ একর জমি অধিগ্রহণের প্রস্তাবও মঞ্জুর করা হয়েছে।

সভায় দেশের অন্যান্য অঞ্চলের বিদ্যুৎ, রেলওয়ে ও শিল্প খাতের বিভিন্ন বড় প্রকল্পের ভূমি অধিগ্রহণের প্রস্তাবও অনুমোদন করা হয়। এর মধ্যে নেত্রকোনা ও সুনামগঞ্জ অঞ্চলে ১৩২ কেভি ডাবল সার্কিট বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাজমা পেপার মিলস ও মেঘনা ইকোনমিক জোনের অনুকূলে ভূমি অধিগ্রহণ, সিরাজগঞ্জের কাজিপুরে সড়ক উন্নয়ন এবং টাঙ্গাইলের মির্জাপুরে জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়া যশোরে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) জন্য জমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। পরিবর্তিত বাস্তবতায় বগুড়া কোল্ড স্টোরেজ অ্যান্ড এলাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অধিগ্রহণকৃত সম্পত্তি জনকল্যাণমূলক হাসপাতাল স্থাপনের উদ্দেশ্যে ব্যবহারের অনুমোদনও দিয়েছে কমিটি।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

পদ্মা ব্যারেজ হলে ৭ কোটি মানুষ উপকৃত হবে: পানিসম্পদমন্ত্রী

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পদ্মা ব্যারেজ হলে ৭ কোটি মানুষ উপকৃত হবে: পানিসম্পদমন্ত্রী

যোগফল প্রতিবেদক:

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, পদ্মা ব্যারেজ নির্মাণ হলে শুধু রাজবাড়ী নয়, দেশের ২৪ জেলার প্রায় সাত কোটি মানুষ এর সুফল পাবেন। এ প্রকল্প বাস্তবায়িত হলে নদীভাঙন ও বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি, নৌযোগাযোগ ও বিদ্যুৎ উৎপাদনে ব্যাপক পরিবর্তন আসবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর কে রাজ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে তিনি হাবাসপুরে পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, হাবাসপুরের নদী একসময় অনেক দূরে ছিল। ভাঙতে ভাঙতে এখন নদীটি মানুষের খুব কাছাকাছি চলে এসেছে। বর্ষায় নদীর পানির প্রবাহে ভাঙন ও প্লাবন হয়, আবার শুষ্ক মৌসুমে দেখা দেয় পানির সংকট। বছরের পর বছর এ অঞ্চলের মানুষ এ দুই ধরনের ক্ষতির শিকার হচ্ছেন।

তিনি বলেন, শুধু রাজবাড়ীর মানুষ নয়, উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৪ জেলার মানুষ দীর্ঘদিন ধরে পানির সমস্যা ও নদীভাঙনের ক্ষতির শিকার হচ্ছেন। এ পরিস্থিতির স্থায়ী সমাধানে পানির ন্যায্য হিস্যা আদায়ের পাশাপাশি নদী-নালা ও খাল-বিলের পানির প্রবাহ বাড়ানোর উদ্যোগ প্রয়োজন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আমরা পানির ন্যায্য হিস্যা তুলবই, আদায় করব। গঙ্গা চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে। নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ অন্তর্ভুক্ত করে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা ও অধিকার আদায়ের চেষ্টা করা হচ্ছে।’

পদ্মা ব্যারেজ প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, দেশি-বিদেশি পানি বিশেষজ্ঞদের মাধ্যমে দীর্ঘদিন ধরে কারিগরি সমীক্ষা ও ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে। এর ভিত্তিতে পদ্মা ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা তৈরি হয়েছে।

তার দাবি, প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয় হবে এবং সাত বছরে এর কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। পরবর্তী পর্যায়ে আরও প্রায় ১৫ থেকে ১৭ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে।

মন্ত্রী বলেন, ‘এটি শুধু রাজবাড়ীর প্রকল্প নয়, ২৪টি জেলার মানুষের উপকারের জন্য একটি বড় প্রকল্প। আমি এটাকে বাংলাদেশের একটি মাস্টারমাইন্ড প্রজেক্ট মনে করি।’

পদ্মা ব্যারেজে নেভিগেশন লক ও একাধিক গেট থাকবে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী পানি সংরক্ষণ ও সরবরাহের ব্যবস্থা থাকবে। পাশাপাশি প্রকল্পের মাধ্যমে দুই ধাপে ১১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এতে এ অঞ্চলের কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডও জোরদার হবে।

পানিসম্পদমন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে নদীভাঙন, বন্যা ও শুষ্ক মৌসুমের পানির সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কৃষি উৎপাদন বৃদ্ধি, নৌযোগাযোগ ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি বলেন, ‘প্রকৃতির সঙ্গে যুদ্ধ করা কঠিন। পদ্মার পাড়ের মানুষ বছরের পর বছর প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে টিকে আছেন। পদ্মা ব্যারেজ নির্মাণ হলে আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন ও দাবি বাস্তবায়নের পথ তৈরি হবে।’

পদ্মা ব্যারেজ বাস্তবায়নে স্থানীয় জনগণের সহযোগিতা চেয়ে মন্ত্রী বলেন, প্রকল্পের কাজ শুরু হলে সাময়িকভাবে মানুষের কিছুটা কষ্ট হতে পারে। তবে দীর্ঘমেয়াদে এ প্রকল্প এ অঞ্চলের মানুষের জীবন ও অর্থনীতিতে বড় পরিবর্তন আনবে।

এ্যানি আরও বলেন, সারাদেশে খাল খননের মাধ্যমে পানির প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ দৃশ্যমান করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সহযোগিতায় আগামী দিনে পদ্মা ব্যারেজকে দৃশ্যমান করা হবে। এ প্রকল্পের মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হবে।

জনসভায় স্থানীয় বিএনপির নেতাকর্মী, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ অনেকে উপস্থিত ছিলেন।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

কুমিল্লায় পুলিশের অভিযানে দুই ‘দুর্ধর্ষ চোর’ আটক

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুমিল্লায় পুলিশের অভিযানে দুই ‘দুর্ধর্ষ চোর’ আটক

যোগফল প্রতিবেদক:

কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় বাসার গ্রিল কেটে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি এইচপি ল্যাপটপ, একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ১০ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন—মো. সোহাগ (২৬) ও আরিয়ান (২৫)। সোহাগ লাকসাম উপজেলার নরপাটি আশ্রয়কেন্দ্র এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি কুমিল্লা নগরীর শাকতলা প্রাইমারি বিদ্যালয়সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকেন। আরিয়ান নগরীর টমছমব্রিজ পোস্ট অফিস কলোনির জোছনালয় হাউজ এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, সম্প্রতি নগরীর ঠাকুরপাড়া এলাকায় একটি বাসার গ্রিল কেটে চুরি করে তারা। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে।

এরই ধারাবাহিকতায় কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির এএসআই জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। প্রথমে নগরীর পোস্ট অফিস কলোনি এলাকায় অভিযান চালিয়ে আরিয়ানকে তার বাসার পাশ থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সদর দক্ষিণ থানার শাকতলা এলাকায় অভিযান চালিয়ে সোহাগকে তার ভাড়া বাসা থেকে আটক করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে একটি এইচপি ল্যাপটপ, একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ সূত্রে জানা গেছে, সোহাগের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিসহ সাতটি মামলা রয়েছে। আরিয়ানের বিরুদ্ধেও চুরি ও ছিনতাইসহ আগের তিনটি মামলা রয়েছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, দুই ব্যক্তির চুরির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

তিনি আরও জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ২:২৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

যোগফল প্রতিবেদক: 

স্বাস্থ্যসেবায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মুগদা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে সতর্কবার্তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ঝটিকা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’

পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় হাসপাতালের বিভিন্ন অনিয়মও তার নজরে আসে।

মন্ত্রী চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা প্রয়োজনের সময় চিকিৎসকদের না পাওয়া, দায়িত্বপ্রাপ্ত নার্সদের সহযোগিতার ঘাটতি ও অবহেলার বিষয়ে অভিযোগ করেন।

রোগী ও স্বজনদের অভিযোগ শুনে স্বাস্থ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, হাসপাতালের সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসাসেবায় কোনো ধরনের অনিয়ম ও অবহেলা বরদাশত করা হবে না।

এ সময় হাম প্রতিরোধে ৪ কোটি টিকা সংগ্রহের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে।

এ ছাড়া আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে বলেও জানান সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানান তিনি।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম