ব্যাংকার ফৌজিয়া হককে হেনস্তার প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তের দাবি
যোগফল প্রতিবেদক:
সোনালী ব্যাংক পিএলসির কোটালীপাড়া উপজেলার ঘাঘর শাখার ক্যাশ অফিসার ফৌজিয়া হককে কেন্দ্র করে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় একজন ব্যাংকারকে প্রকাশ্যে প্রশ্নবাণে জর্জরিত ও মানসিকভাবে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদ, বাংলাদেশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায় সংগঠনটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, কোনো অনিয়ম, গ্রাহকের অর্থের অসঙ্গতি কিংবা দায়িত্বে অবহেলাকে তারা সমর্থন করে না। তবে কোনো অভিযোগ উঠলে যথাযথ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় তদন্ত করে প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া উচিত।
প্রকাশিত তথ্যের বরাত দিয়ে সংগঠনটি জানায়, ৫ লাখ টাকা জমা দেওয়ার ক্ষেত্রে ৪ হাজার ৫০০ টাকা কম থাকার বিষয়টি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ওই অর্থ ফেরত দেওয়ার বিষয়টি জানা যায়। সংশ্লিষ্ট কর্মকর্তা অতিরিক্ত গ্রাহকচাপের মধ্যে ভুলবশত এমনটি হয়ে থাকতে পারে বলে ব্যাখ্যা দিয়েছেন।
রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদের দাবি, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে সিসিটিভি ফুটেজ, ক্যাশ হিসাব, লেনদেনের রেকর্ড এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নিরপেক্ষভাবে যাচাই করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অভিযোগ প্রমাণিত না হলে সংশ্লিষ্ট ব্যাংকারের পেশাগত ও সামাজিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে।
একই সঙ্গে সংগঠনটি বলেছে, কোনো অভিযোগের তদন্ত করা এবং একজন ব্যাংকারকে জনসমক্ষে হেনস্তা করা এক বিষয় নয়। সাংবাদিকতার স্বাধীনতার প্রতি তারা পূর্ণ শ্রদ্ধাশীল হলেও সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে ব্যাংকের নিয়ন্ত্রিত বা সংবেদনশীল এলাকায় অনুমতিহীন প্রবেশ, কর্মরত ব্যাংকারের কাজে হস্তক্ষেপ কিংবা অনুমতি ছাড়া ভিডিও ধারণের অবাধ অধিকার থাকা উচিত নয়।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সাংবাদিক কী অনুমতিতে ব্যাংকে প্রবেশ করেছেন এবং ভিডিও ধারণের অনুমোদন ছিল কি না, প্রয়োজন হলে সেটিও যাচাই করার দাবি জানিয়েছে সংগঠনটি।
রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদ, বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘অনিয়মের বিচার হোক, কিন্তু ব্যাংকারের হেনস্তা নয়; অভিযোগের তদন্ত হোক, তবে সিদ্ধান্ত নিতে হবে প্রমাণের ভিত্তিতে।’
সংগঠনটি সংশ্লিষ্ট ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন