কামরাঙ্গীরচরে অচেতন বৃদ্ধের মৃত্যু, ৯৯৯-এ ফোন করেও মেলেনি পুলিশের সহায়তা
যোগফল প্রতিবেদক:
রাজধানীর কামরাঙ্গীরচরে রাস্তায় অচেতন ও গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে থাকা আনুমানিক ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাকে উদ্ধারে ৯৯৯ নম্বরে একাধিকবার ফোন এবং থানায় সশরীরে গিয়ে জানানোর পরও সময়মতো পুলিশের সহায়তা মেলেনি বলে অভিযোগ উঠেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কামরাঙ্গীরচর থানাধীন ৫৫ নম্বর ওয়ার্ডের ঝাউলাহাটি আলোকিত স্কুলের গলিতে ওই বৃদ্ধকে অসুস্থ ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দীর্ঘ সময় রাস্তায় পড়ে থাকার পর সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে তার মৃত্যু হয়।
পরে সোমবার সকাল ৯টার দিকে কামরাঙ্গীরচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
স্থানীয়দের উদ্ধারের চেষ্টা
প্রত্যক্ষদর্শী দোকানদার বাবুল হোসেন জানান, রোববার রাতে কামরাঙ্গীরচরের নুরু মেম্বারের গলির মসজিদের সামনে তিনি প্রথম বৃদ্ধকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পান। ওই সময় তিনি প্রস্রাব-পায়খানা করে অসুস্থ অবস্থায় বসেছিলেন। পরে মোয়াজ্জেমসহ কয়েকজন তাকে ধরে বাবুলের বাড়ির সামনে একটি মাদ্রাসার কাছে নিয়ে আসেন।
সেখানে দেখা যায়, বৃদ্ধ এতটাই অসুস্থ যে দাঁড়ানো, বসা ও ঠিকমতো কথা বলা—কোনোটিই পারছিলেন না। মসজিদের ইমামসহ স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে তার শারীরিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি।
বাবুল বলেন, বৃদ্ধ খাবার চাইলে তাকে একটি রুটি দেওয়া হয়। রুটি খাওয়ার পর পানি দিলে তিনি পান করেন। রাত প্রায় ১টা পর্যন্ত তিনি বৃদ্ধের পাশে ছিলেন।
৯৯৯-এ ফোন করেও সহায়তা না পাওয়ার অভিযোগ
বাবুলের অভিযোগ, বৃদ্ধের গুরুতর অবস্থা দেখেও তাকে উদ্ধারে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সকালে স্থানীয়দের কাছে তিনি জানতে পারেন, ফজরের নামাজের সময় বৃদ্ধ সেখানেই মারা গেছেন।
তার ভাষ্য, ৯৯৯-এ ফোনের পর পুলিশ সময়মতো ঘটনাস্থলে এলে বৃদ্ধকে হাসপাতালে নেওয়া সম্ভব হতে পারত।
স্থানীয় মানবাধিকার কর্মী আনোয়ার হোসেন জানান, রোববার রাত ১১টার দিকে তিনি খবর পান, ঝাউলাহাটি আলোকিত স্কুলের সামনে এক বৃদ্ধ পড়ে আছেন। সেখানে গিয়ে তিনি বৃদ্ধের ঠিকানা জানতে চান। প্রথমে ঠিকানা দিতে না চাইলেও পরে অল্প অল্প কথা বলেন ওই ব্যক্তি। একপর্যায়ে তিনি জানান, তার বাড়ি ভোলা এবং নিজের নাম হাবিব রহমান।
আনোয়ার হোসেন বলেন, রাত আনুমানিক ৩টার দিকে তিনি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানান, এক বৃদ্ধ অত্যন্ত জীর্ণশীর্ণ অবস্থায় রাস্তায় পড়ে আছেন। তিনি কারও সঙ্গে ঠিকমতো কথা বলতে পারছেন না এবং তাকে দ্রুত উদ্ধার করা প্রয়োজন। আশপাশে পর্যাপ্ত লোকজন না থাকায় একা তাকে হাসপাতালে নেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি।
তবে ৯৯৯-এ ফোন করার পরও কোনো পুলিশ সদস্য ঘটনাস্থলে আসেননি বলে অভিযোগ করেন আনোয়ার হোসেন।
এ ঘটনায় পুলিশের সহায়তা না পাওয়ার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট থানার বক্তব্য জানা যায়নি।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন