মানিলন্ডারিং মামলায় সাহেদকে গ্রেপ্তার দেখানোর আদেশ
যোগফল প্রতিবেদক:
অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি।
এদিন সাহেদের আইনজীবী দবির উদ্দিন তার জামিনের আবেদন করেন। তবে এ আবেদনের ওপর শুনানি হয়নি।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৭ মার্চ দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী বাদী হয়ে মামলাটি করেন। তদন্ত শেষে ২০২৪ সালের ১০ জানুয়ারি সাহেদ ও তার স্ত্রী সাদিয়া আরবীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
দুদকের অভিযোগ, সাহেদের স্ত্রী সাদিয়া আরবীর নামে ৭৩ লাখ ৫৩ হাজার ৬২৫ টাকার সম্পদ তার জ্ঞাত আয়ের বাইরে পাওয়া যায়। সম্পদের তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
তদন্তে আরও বলা হয়, সাহেদ অবৈধভাবে অর্জিত অর্থ স্ত্রীর নামে হস্তান্তর ও গোপন করে সম্পদ অর্জনে সহায়তা করেন। এ অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এর আগে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত সাহেদকে সম্প্রতি পৃথক মামলার পরোয়ানায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। বর্তমানে বিভিন্ন মামলায় সাজা ও পরোয়ানা থাকায় তিনি কারাগারে রয়েছেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন