খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১ আশ্বিন, ১৪৩৩

কালীগঞ্জে চলাচলের রাস্তায় বেড়া, ভোগান্তিতে কয়েকটি পরিবার

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ

যোগফল প্রতিবেদক:

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মানপুর গ্রামে দীর্ঘদিনের ব্যবহৃত চলাচলের রাস্তায় বাঁশ ও নেটের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এতে কয়েকটি পরিবারের স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে গেছে। আদালতের নির্দেশনা পাওয়ার পরও তা বাস্তবায়নে কালীগঞ্জ থানার ওসির কাছ থেকে সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী শরিফুল ইসলাম জানান, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় তার দুটি খামার প্রায় আড়াই মাস ধরে বন্ধ রয়েছে। খামারে বালু ও অন্যান্য মালামাল নেওয়া যাচ্ছে না। ইঞ্জিনভ্যান ও মোটরভ্যানও বাড়িতে নিতে পারছেন না। এতে ব্যবসা ও খামারের কার্যক্রম ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, রাস্তা বন্ধের ঘটনায় প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। পরে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ তার।

আরেক ভুক্তভোগী আরিফুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও থানায় একাধিকবার অভিযোগ করা হয়েছে। পরে পুলিশ সুপারের কাছেও বিষয়টি জানানো হয়। তার অভিযোগ, থানার ওসি বারবার ‘দেখছি’ বলে সময়ক্ষেপণ করছেন।

ভুক্তভোগী মনিরা বেগম জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রশাসনের কাছে অভিযোগ করেন। প্রশাসনের পক্ষ থেকে বেড়া সরিয়ে রাস্তা উন্মুক্ত করার নোটিশ দেওয়া হলেও সেটিও উপেক্ষা করা হয়েছে বলে দাবি করেন তিনি। প্রায় দুই মাস ধরে থানায় যোগাযোগ করেও কার্যকর ব্যবস্থা পাননি বলে অভিযোগ তার।

নিলুফা ইয়াসমিন বলেন, তাদের দুটি খামার ও দুটি ভ্যান রয়েছে। রাস্তা বন্ধ থাকায় খামারে যাতায়াত করা যাচ্ছে না। আদালতের নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রায় ১৫ দিন ধরে থানায় যোগাযোগ করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

রাস্তা নিয়ে দুই পক্ষের ভিন্ন দাবি

স্থানীয় বাসিন্দা মাহাবুবুর রহমান বলেন, ওই জায়গায় আগে কোনো বেড়া ছিল না। দীর্ঘদিন ধরে এটি যাতায়াতের রাস্তা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আশপাশের বাসিন্দাদের পাশাপাশি বেড়া দেওয়া পরিবারের সদস্যরাও আগে এ পথ দিয়ে চলাচল করতেন।

তবে প্রতিপক্ষ আমিরুল ইসলাম ও নাজমুল হুদার দাবি, জায়গাটি তাদের পারিবারিক কবরস্থানের অংশ। তারা ওই জমির অংশীদার এবং জমি নিয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান রয়েছে। কবরস্থানের নিরাপত্তার জন্য বেড়া দেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষের চলাচলের জন্য সামান্য জায়গা রাখা আছে বলে দাবি করেন তারা।

তারা আরও বলেন, জমির অংশ নিয়ে বিরোধ রয়েছে এবং ভুক্তভোগীদের জমির দাবিও তারা অস্বীকার করেন।

সমাধানের উদ্যোগ ব্যর্থ

কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সদস্য জামাল ফারুক মন্টু বলেন, বিষয়টির পেছনে মূলত পারিবারিক বিরোধ রয়েছে। জন্মের পর থেকেই তিনি ওই পথে চলাচল করে আসছেন। তার ভাষ্য অনুযায়ী, সেখানে চলাচলের পাশাপাশি পানি নিষ্কাশনের পথও ছিল।

তিনি জানান, বিরোধের পর বেড়া দেওয়ার বিষয়টি জানতে পেরে উভয় পক্ষকে নিয়ে বসে মাপজরিপের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছিল। আলোচনার জন্য দিনও নির্ধারণ করা হয়। কিন্তু নির্ধারিত বৈঠকের আগেই এক পক্ষ আলোচনায় বসতে অস্বীকৃতি জানায়। পরে তিনি বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন।

পুলিশের বক্তব্য

আদালতের নির্দেশনা বাস্তবায়ন না করার অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি কালীগঞ্জ থানার ওসি শাহিনুর রহমান। তিনি বলেন, ‘বিষয়টি আমরা দেখছি।’

সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. বায়েজীদ ইসলাম বলেন, ‘আমি খোঁজখবর নিয়ে দেখি, আর কী কী আইনি ব্যবস্থা গ্রহণ করা যায়।’

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল

ছবিতে জাপানি প্রতিনিধি দল

আবুনাঈম রিপন | নরসিংদী প্রতিবেদক:

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন জাপান সরকারের স্বাস্থ্য উন্নয়ন সংস্থার কর্মকর্তারা।

পরিদর্শনকালে কর্মকর্তারা কমিউনিটি ক্লিনিকের সার্বিক কার্যক্রম, স্বাস্থ্যসেবা প্রদান ও বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। 

পাশাপাশি স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ক্লিনিকটির ভূমিকা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনূর মিয়া, মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য এরশাদ মেম্বার, ক্লিনিকের জমিদাতা গাজী সালাহউদ্দিন জিনুর ছেলে নিপু গাজী, পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ সাদেকসহ ক্লিনিকে কর্মরত চিকিৎসক ও সংশ্লিষ্টরা।

যোগফল অনলাইন নিউজ ডেস্ক 

বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ছবিতে নেতাকর্মী

আফজাল মিয়া | বিশ্বনাথ প্রতিনিধি :

সিলেটের বিশ্বনাথে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুলকে তার নিজ বসতঘরে ঢুকে মারধর এবং ঘরের মালামাল লুট ও ভাংচুরের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ’সহ অঙ্গ-সহযোগী সংগঠনের ৭০ নেতাকর্মীকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করা হয়েছে। 
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুল বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলাটি দায়ের করেন। দায়ের করা মামলা নং ১১ (তাং ১৪.০৯.২৬ইং)।

ঘটনার ৫ দিন পর নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি শামীম আহমদ ওরফে চাক্কু শামীমকে প্রধান অভিযুক্ত করে থানায় দায়ের করার মামলায় ২০ জনকে এজাহারনামীয় অভিযুক্ত ও আরোও ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে। তবে এঘটনায় মঙ্গলবার (১৫.০৯.২৬ইং) সন্ধ্যা পর্যন্ত কোন গ্রেপ্তার নেই বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ছাত্রদল নেতার দায়ের করা মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল আলম (সাং মুফতিরগাঁও), উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ওরফে হাবিব মিয়া (সাং বিশ্বনাথ নুতন বাজার), নিষিদ্ধ ছাত্রলীগ বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম রুকন (সাং চান্দশিরকাপন), সাধারণ সম্পাদক জাকির হোসেন মামুন (সাং মুফতিরগাঁও), সহ সভাপতি কয়েছ আহমদ (সাং জানাইয়া), যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ (সাং দৌলতপুর), রেজাউল ইসলাম রেজা (সাং শ্রীধরপুর), সাংগঠনিক সম্পাদক শেখ সালমান আহমেদ (সাং পাহাড়পুর), প্রচার সম্পাদক পারভেজ আহমদ (সাং বন্ধুয়া), যুবলীগ নেতা রাজন আহমদ অপু (সাং মুফতিরগাও), নিষিদ্ধ ছাত্রলীগ বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন শাখার সভাপতি এনামুল হক বিজয় (সাং তেলিকোনা), কার্যক্রম নিষিদ্ধ বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আশিক আলী (সাং সেনেরগাঁও), স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী (সাং শরিষপুর), এবং ওয়াজিবুল মিয়া (সাং মিরেরচর), হেলাল (সাং দক্ষিণ দশপাইকা), আইদিদ আহমেদ (সাং অজ্ঞাত), আবু আহমেদ তালহা (সাং অজ্ঞাত), নাইম আহমদ (সাং অজ্ঞাত), আব্দুল হক কুতুব (চকরামপ্রসাদ)।

থানায় ছাত্রদল নেতা বকুলের দায়ের করা লিখিত এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যা ৭টার দিকে বাদী পৌর শহরের টিএনটি রোডস্থ নিজ বাসায় অবস্থানকালে মামলার প্রধান অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীম আহমদ ওরফে চাক্কু শামীমের নেতৃত্বে সমূহ অভিযুক্তরা রামদা, দা, চাইনিজ কুড়াল, লোহাড় রড়, জিআই পাইপ, লাঠি-সোঠা’সহ দেশীং অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বসতঘরে অনাধিকার প্রবেশ করে তার (বাদী)’র উপর হামলা করেন। হামলায় তিনি গুরুত্বর আহত হন। হামলার সময় অভিযুক্তরা বাদীর বসতঘরে থাকা আলমিরা ভেঙে প্রায় ১০ লাখ টাকা মূল্যের প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় এবং প্রায় ২ লাখ টাকা মূল্যের আসবাবপত্র ভাংচুর করেছে বলে মামলার বাদী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুল তার লিখিত অভিযোগপত্রে উল্লেখ করেছেন।

মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

যোগফল অনলাইন নিউজ ডেস্ক 

গোপালগঞ্জ পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু :

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জ পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু :

প্রতিকী ছবি

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অসাবধানতাবশত পুকুরে পড়ে ইশরাত হোসেন মোল্লা নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। 

সোমবার সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় ৭ বছর বয়সী এই শিশুটি। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ইশরাত হোসেন মোল্লা কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামের আল আমিন মোল্যার ছেলে। 
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ির উঠানে খেলাধুলা করার সময় হঠাৎ করেই নিখোঁজ হয় সে।

অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পাচ্ছিলেন না স্বজনরা। দীর্ঘক্ষণ পর বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির দেহ ভেসে উঠতে দেখেন তারা।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইশরাতকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

যোগফল অনলাইন ডেস্ক