খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১ আশ্বিন, ১৪৩৩

গোপালগঞ্জ পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু :

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জ পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু :

প্রতিকী ছবি

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অসাবধানতাবশত পুকুরে পড়ে ইশরাত হোসেন মোল্লা নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। 

সোমবার সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় ৭ বছর বয়সী এই শিশুটি। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ইশরাত হোসেন মোল্লা কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামের আল আমিন মোল্যার ছেলে। 
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ির উঠানে খেলাধুলা করার সময় হঠাৎ করেই নিখোঁজ হয় সে।

অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পাচ্ছিলেন না স্বজনরা। দীর্ঘক্ষণ পর বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির দেহ ভেসে উঠতে দেখেন তারা।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইশরাতকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

যোগফল অনলাইন ডেস্ক

নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল

ছবিতে জাপানি প্রতিনিধি দল

আবুনাঈম রিপন | নরসিংদী প্রতিবেদক:

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন জাপান সরকারের স্বাস্থ্য উন্নয়ন সংস্থার কর্মকর্তারা।

পরিদর্শনকালে কর্মকর্তারা কমিউনিটি ক্লিনিকের সার্বিক কার্যক্রম, স্বাস্থ্যসেবা প্রদান ও বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। 

পাশাপাশি স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ক্লিনিকটির ভূমিকা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনূর মিয়া, মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য এরশাদ মেম্বার, ক্লিনিকের জমিদাতা গাজী সালাহউদ্দিন জিনুর ছেলে নিপু গাজী, পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ সাদেকসহ ক্লিনিকে কর্মরত চিকিৎসক ও সংশ্লিষ্টরা।

যোগফল অনলাইন নিউজ ডেস্ক 

বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ছবিতে নেতাকর্মী

আফজাল মিয়া | বিশ্বনাথ প্রতিনিধি :

সিলেটের বিশ্বনাথে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুলকে তার নিজ বসতঘরে ঢুকে মারধর এবং ঘরের মালামাল লুট ও ভাংচুরের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ’সহ অঙ্গ-সহযোগী সংগঠনের ৭০ নেতাকর্মীকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করা হয়েছে। 
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুল বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলাটি দায়ের করেন। দায়ের করা মামলা নং ১১ (তাং ১৪.০৯.২৬ইং)।

ঘটনার ৫ দিন পর নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি শামীম আহমদ ওরফে চাক্কু শামীমকে প্রধান অভিযুক্ত করে থানায় দায়ের করার মামলায় ২০ জনকে এজাহারনামীয় অভিযুক্ত ও আরোও ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে। তবে এঘটনায় মঙ্গলবার (১৫.০৯.২৬ইং) সন্ধ্যা পর্যন্ত কোন গ্রেপ্তার নেই বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ছাত্রদল নেতার দায়ের করা মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল আলম (সাং মুফতিরগাঁও), উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ওরফে হাবিব মিয়া (সাং বিশ্বনাথ নুতন বাজার), নিষিদ্ধ ছাত্রলীগ বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম রুকন (সাং চান্দশিরকাপন), সাধারণ সম্পাদক জাকির হোসেন মামুন (সাং মুফতিরগাঁও), সহ সভাপতি কয়েছ আহমদ (সাং জানাইয়া), যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ (সাং দৌলতপুর), রেজাউল ইসলাম রেজা (সাং শ্রীধরপুর), সাংগঠনিক সম্পাদক শেখ সালমান আহমেদ (সাং পাহাড়পুর), প্রচার সম্পাদক পারভেজ আহমদ (সাং বন্ধুয়া), যুবলীগ নেতা রাজন আহমদ অপু (সাং মুফতিরগাও), নিষিদ্ধ ছাত্রলীগ বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন শাখার সভাপতি এনামুল হক বিজয় (সাং তেলিকোনা), কার্যক্রম নিষিদ্ধ বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আশিক আলী (সাং সেনেরগাঁও), স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী (সাং শরিষপুর), এবং ওয়াজিবুল মিয়া (সাং মিরেরচর), হেলাল (সাং দক্ষিণ দশপাইকা), আইদিদ আহমেদ (সাং অজ্ঞাত), আবু আহমেদ তালহা (সাং অজ্ঞাত), নাইম আহমদ (সাং অজ্ঞাত), আব্দুল হক কুতুব (চকরামপ্রসাদ)।

থানায় ছাত্রদল নেতা বকুলের দায়ের করা লিখিত এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যা ৭টার দিকে বাদী পৌর শহরের টিএনটি রোডস্থ নিজ বাসায় অবস্থানকালে মামলার প্রধান অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীম আহমদ ওরফে চাক্কু শামীমের নেতৃত্বে সমূহ অভিযুক্তরা রামদা, দা, চাইনিজ কুড়াল, লোহাড় রড়, জিআই পাইপ, লাঠি-সোঠা’সহ দেশীং অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বসতঘরে অনাধিকার প্রবেশ করে তার (বাদী)’র উপর হামলা করেন। হামলায় তিনি গুরুত্বর আহত হন। হামলার সময় অভিযুক্তরা বাদীর বসতঘরে থাকা আলমিরা ভেঙে প্রায় ১০ লাখ টাকা মূল্যের প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় এবং প্রায় ২ লাখ টাকা মূল্যের আসবাবপত্র ভাংচুর করেছে বলে মামলার বাদী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুল তার লিখিত অভিযোগপত্রে উল্লেখ করেছেন।

মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

যোগফল অনলাইন নিউজ ডেস্ক 

গভীর রাতে বাড়িতে ঢুকে মারধর, ভয় দেখিয়ে ৪৮ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয়ায় থানায় অভিযোগ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গভীর রাতে বাড়িতে ঢুকে মারধর, ভয় দেখিয়ে ৪৮ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয়ায় থানায় অভিযোগ
যোগফল প্রতিবেদক:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গভীর রাতে রাজনৈতিক দলের পরিচয়ে ব্যবহার করে একটি  বাড়িতে ঢুকে বেড়াতে আসা স্বজন ও পরিবারের সদস্যদের মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দিয়ে ৪৮ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় আহত এক যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার ও বেড়াতে আসা স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের ময়দাম গ্রামে। এ ঘটনায় আহত মো. হুমায়ুন কবির ওরফে আলতাফ (২৬) ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, গত ১০.সেপ্টেম্বর বিকেলে হুমায়ুন কবিরের বাড়িতে কয়েকজন আত্মীয় বেড়াতে আসেন। রাতে খাওয়াদাওয়া শেষে তাঁরা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক দুইটার দিকে একই এলাকার মো. শফি উদ্দিন (৫০), মো. মাসুদ রানা (৩০), মো. বকুল মিয়া (৫০), মো. মতিয়ার রহমান মতি (৪৫), মো. হাসেম আলী (২৫) ও মো. শরিফুল ইসলাম (২৪)সহ কয়েকজন অনধিকারভাবে বাড়িতে প্রবেশ করেন। বাড়িতে প্রবেশের পর তাঁরা বেড়াতে আসা স্বজনদের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ ও বদনাম করে মোটা অংকের  টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের ওপর হামলা চালানো হয়। পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাঁদেরও মারধর করা হয়। এতে হুমায়ুন কবির ওরফে আলতাফ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
অভিযোগে আরও বলা হয়েছে, মারধর ও প্রাণনাশের হুমকির মুখে অভিযুক্ত শরিফুল ইসলামের ০১৭০৩০৩৮৭১৫  বিকাশ নম্বরে ১৯ হাজার টাকা পাঠাতে বাধ্য করা হয়। এ ছাড়া বেড়াতে আসা মো. জাকির হোসেনের কাছ থেকে নগদ ৩ হাজার টাকা এবং মো. সুজন মিয়ার কাছ থেকে ২৬ হাজার ৩০০ টাকা নেওয়া হয়। সব মিলিয়ে ৪৮ হাজার ৩০০ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।
অভিযোগকারীর দাবি, রাত থেকে ভোর প্রায় পাঁচটা পর্যন্ত আতঙ্কের পরিবেশ তৈরি করে রাখার পর অভিযুক্তরা চলে যান। পরে বিষয়টি থানায় জানানো এবং হাসপাতালে চিকিৎসা নেওয়া হলে খুন, জখম ও গ্রামছাড়া করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। নিরাপত্তাহীনতায় বেড়াতে আসা স্বজনরা ভোরেই এলাকা ছাড়তে বাধ্য হন।
পরদিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা তা প্রত্যাখ্যান করেন বলে অভিযোগ। উল্টো ঘটনা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে খুন-গুম ও গ্রামছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত হুমায়ুন কবিরকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হুমায়ুন কবির বলেন, “মারধরের পর হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। পরিবারের নিরাপত্তা নিয়েও আতঙ্কে ছিলাম। এ কারণে থানায় অভিযোগ দিতে কিছুটা দেরি হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।”
ভূরুঙ্গামারী থানার চার্জ(অফিসার ইনচার্জ) এস আই (নিঃ)মোঃ মনিবুর রহমান  জানিয়েছে, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ  পাওয়ার পর এসআই শাহাজাহান আলী মন্ডলকে তদন্ত করার জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে।  তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম