কোটবাড়ীতে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ উদ্ধার
ছবিতে নিহত অপ্রতীম
যোগফল প্রতিবেদন:
কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়ার একদিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় অপ্রতীমের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহমুদুল হাসান। তিনি জানান, মরদেহ উদ্ধারের পর সদর দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
এর আগে শুক্রবার বিকেল ৩টার দিকে সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ী এলাকার বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতীম। এরপর সে আর বাসায় ফেরেনি।
ছেলের নিখোঁজের পর তার মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগম সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের সন্ধান চেয়ে সহায়তা কামনা করেন। তিনি জানান, অপ্রতীমের বয়স ১৩ বছর এবং সে সপ্তম শ্রেণিতে পড়ত। নিখোঁজের সময় তার পরনে নীল রঙের পাঞ্জাবি ছিল।
নাহিদা বেগম আরও জানান, অপ্রতীমের সঙ্গে থাকা আইফোনটি ট্র্যাক করেও তার অবস্থান শনাক্ত করা যায়নি। এ ঘটনায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
মরদেহ উদ্ধারের পর ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
অনলাইন ডেস্ক

আপনার মতামত লিখুন