খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫ আশ্বিন, ১৪৩৩

টুঙ্গিপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, সহায়তার আশ্বাস এম পি জিলানীর

বার্তা বিভাগ
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৮ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
টুঙ্গিপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, সহায়তার আশ্বাস এম পি জিলানীর

ছবিতে শিক্ষার্থীদের মাঝে এম পি জিলানীর

সাইফুল ইসলাম | গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক ও জুনিয়র বৃত্তি এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়েছে। 

কৃতি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে আয়োজিত এ অনুষ্ঠানে তাদের হাতে শিক্ষা উপকরণ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। তিনি নিজ হাতে শিক্ষার্থীদের স্কুলব্যাগ, কলম ও ক্রেস্ট প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এস এম জিলানী শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান। ভবিষ্যতে শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল অর্জন করলে তাদের উৎসাহিত করতে আরও বড় পরিসরে সহযোগিতা করার চেষ্টা করবেন বলেও তিনি উল্লেখ করেন।

শিক্ষকদের প্রতি তিনি বিদ্যালয়ে নিয়মিত পাঠদান, পরীক্ষার প্রস্তুতি এবং শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান। কোনো শিক্ষার্থী প্রত্যাশিত ফল করতে ব্যর্থ হলে তার কারণ খুঁজে বের করে শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

এ সময় তিনি জানান, গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার বিদ্যালয়গুলো থেকে আগামী দিনে আরও ভালো ফলাফল প্রত্যাশা করেন। যেসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ভালো ফলাফলের মাধ্যমে নিজেদের এগিয়ে নিতে সক্ষম হবে, সেসব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা থাকবে।

শিক্ষার্থীদের শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে জ্ঞান, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন। 

অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা জীবনকৃষ্ণ চকিদার, উপজেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন শেখ, সাংগঠনিক সম্পাদক এম মুক্তার হোসেন মোল্লা, সদস্য সচিব আমিনুল ইসলাম, বর্ণি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলার বিভিন্ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজনে প্রাথমিক পর্যায়ে বৃত্তি পাওয়া এবং ভালো ফলাফল করা শিক্ষার্থীদের উৎসাহিত করতে স্কুলব্যাগ, কলম ও ক্রেস্ট দেওয়া হয়। পুরস্কার গ্রহণের সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এম পি এস এম জিলানী এবং তাদের ভবিষ্যৎ পড়াশোনা নিয়ে উৎসাহ দেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই ভালো ফলাফলের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

যোগফল ডেস্ক 

সাভারে ইউপি প্রশাসকের বিরুদ্ধে ঘুষসহ নানা অভিযোগ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ২:২৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাভারে ইউপি প্রশাসকের বিরুদ্ধে ঘুষসহ নানা অভিযোগ
নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক সেলিম রেজাকে ঘিরে ঘুষ গ্রহণ, নাগরিক সেবায় অতিরিক্ত অর্থ আদায় এবং একই সময়ে অন্য একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করার অভিযোগ উঠেছে। এসব অভিযোগ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

অভিযোগের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি। ছবিতে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে বসে সেলিম রেজাকে টাকা গুনতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। তবে ছবিতে থাকা অর্থ ঘুষের টাকা কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

স্থানীয় সূত্র ও একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সেলিম রেজা উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের একজন কর্মকর্তা। অভিযোগ রয়েছে, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর তিনি তার মূল কর্মস্থলে নিয়মিত সময় দিচ্ছেন না। এতে ইউনিয়ন পরিষদের সেবাগ্রহীতার পাশাপাশি ব্যাংকের গ্রাহকরাও ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এদিকে জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক ও ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন নাগরিক সেবা নিতে সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও উঠেছে। স্থানীয় কয়েকজন সেবাগ্রহীতার দাবি, অতিরিক্ত টাকা দিতে না চাইলে তাদের দিনের পর দিন ঘোরানো হয়।

জামগড় এলাকার কয়েকজন ব্যবসায়ী স্থানীয় একটি প্রতিবেদনে অভিযোগ করেন, আগে কয়েকশ টাকায় ট্রেড লাইসেন্স নবায়ন করা গেলেও বর্তমানে কয়েক হাজার টাকা নেওয়া হচ্ছে। তবে রশিদে দেখানো হচ্ছে তুলনামূলক কম টাকা। এসব অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট নথি, রশিদ ও আর্থিক লেনদেন যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আফজাল হোসেন এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে দায়িত্ব পালনকারী এক অ্যাসেট নির্ধারককে ঘিরেও বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। শিল্পকারখানার আয়তন কম দেখিয়ে সরকারি কর কম নির্ধারণ, বিভিন্ন সেবায় অতিরিক্ত অর্থ আদায় এবং কথিত দালালদের মাধ্যমে সেবা দেওয়ার অভিযোগ রয়েছে।

এছাড়া ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়, সরকারি বরাদ্দ, প্রকল্পের অর্থ, ব্যাংক হিসাব ও ভাউচার নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, এসব নথি স্বাধীনভাবে পরীক্ষা করা হলে অভিযোগগুলোর সত্যতা বা অসত্যতা স্পষ্ট হতে পারে।

অভিযোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো—একজন সরকারি কর্মচারী একই সময়ে কীভাবে ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব এবং পল্লী সঞ্চয় ব্যাংকের চাকরি করছেন। তার নিয়োগ বা অতিরিক্ত দায়িত্ব পালনের অনুমোদন, দায়িত্ব পালনের সময়সূচি এবং মূল কর্মস্থলে উপস্থিতির রেকর্ড যাচাইয়ের দাবি উঠেছে।
তবে অভিযোগ উঠলেই কাউকে দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করা যায় না। অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে প্রয়োজন সংশ্লিষ্ট নথি যাচাই ও নিরপেক্ষ তদন্ত।

এ বিষয়ে তদন্তের জন্য ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব, সেবা প্রদানের রেজিস্টার, ট্রেড লাইসেন্সের রেকর্ড, কর নির্ধারণের নথি, ব্যাংকে উপস্থিতির রেকর্ড এবং অভিযোগ সংশ্লিষ্ট আর্থিক লেনদেন পর্যালোচনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সাম্প্রতিক প্রতিবেদনে সেলিম রেজার বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে জানান। অন্যদিকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এখন অভিযোগগুলো আনুষ্ঠানিক তদন্তের আওতায় আসে কি না এবং তদন্তে কী তথ্য বেরিয়ে আসে—সেদিকেই নজর স্থানীয়দের।

যোগফল অনলাইন 

গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি

বার্তা বিভাগ
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি
সাইফুল ইসলাম | গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের কাশিয়ানীতে ধর্ষণ মামলায় কারাগারে থাকা আসামি জামিনে বেরিয়ে মামলা তুলে নিতে বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। 

এতে বাদী ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তহীনতায় ভূগছে। কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। আসামি একই গ্রামের হারান বিশ্বাসের ছেলে বাবলু বিশ্বাস ।  

এ ঘটনায় মামলার আসামি ও তার সহযোগি সোহেল শেখ, অংশু বিশ্বাস এবং সুধাংশ বিশ্বাসের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেছেন মামলার বাদী।

মামলা ও অভিযোগ সুত্রে জানা গেছে, ২০২৫ সালের ৬ আগস্ট উপজেলার হাতিয়াড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে শ্রেণিকক্ষে ধর্ষণ করে একই প্রতিষ্ঠানের দপ্তরী বাবলু  বিশ্বাস । এতে ওই ছাত্রী অন্তসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানতে পারেন ভুক্তভোগী পরিবারের লোকজন। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে আদালতে মামলা করেন। 

কাশিয়ানী থানা মামলাটি নথিভুক্ত করে এবং পুলিশ ঘটনার বিষয়টি তদন্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। তদন্ত প্রতিবেদন দাখিলের পর আদালত অভিযুক্ত বাবলু বিশ্বাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 

পরবর্তীতে পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।

বাদীপক্ষের অভিযোগ, আসামী বাবলু বিশ্বাস কারাগার থেকে জামিনে বেরিয়ে এসে নিজে এবং লোকজন দিয়ে মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। 

মামলা প্রত্যাহার না করলে বাদী ও তাঁর পরিবারের সদস্যদের ক্ষতি করার ভয় দেখানো হচ্ছে। এমনকি তার ৫ বছর বয়সি শিশু সন্তানকে অপহরণেরও হুমকি দেওয়া হচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদী ও তার পরিবার। 

একই সঙ্গে মামলার বিচারপ্রক্রিয়া যাতে কোনোভাবে প্রভাবিত না হয়, সে জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।

মামলার বাদী বলেন, ‘আমার মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার পাওয়ার আশায় আদালতের দ্বারস্থ হয়েছি। কিন্তু আসামি জামিনে বেরিয়ে এসে এখন মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। আমার ছেলেকে অপহরণের হুমকি দিচ্ছে। আমরা আতঙ্কের মধ্যে আছি। প্রশাসনের কাছে নিরাপত্তা চাই।’

এ বিষয় অভিযুক্ত বাবলু বিশ্বাসের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে তার সহযোগি সোহেল শেখ হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমি ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করেছেন।’ 

কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক 

স্ত্রী-সন্তানকে হত্যার পর ফ্যানের সঙ্গে ঝুললেন স্বামী

বার্তা বিভাগ
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ

প্রতীকী ছবি

যোগফল প্রতিবেদক | মানিকগঞ্জ :

এক ঘরে নিথর পড়ে আছে স্ত্রী ও দেড় বছরের শিশুসন্তানের মরদেহ। আর একই ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছিল স্বামী ইকরাম হোসেনের মরদেহ।

মুহূর্তেই একটি পরিবারের সব আলো নিভে গেল। মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামে শনিবার দুপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক ছায়া। 

মৃতদের মধ্যে গৃহকর্তা আকরাম নিজে। অন্য হলেন আকরামের স্ত্রী প্রিয়াঙ্কা আক্তার (২৪) ও তাদের মেয়ে আলিজা আক্তার। পুলিশের প্রাথমিক ধারণা, স্ত্রী ও সন্তানকে হত্যার পর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ইকরাম।

তবে কী কারণে এমন ভয়াবহ পথ বেছে নিলো এই পরিবার, তার কোনো উত্তর এখনো মেলেনি। পারিবারিক কলহ, আর্থিক সংকট কিংবা অন্য কোনো কারণ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাকান্দি গ্রামের ইকরাম হোসেন কিছুদিন আগে বিদেশ থেকে দেশে ফেরেন। শনিবার দুপুরে তার বাড়ির ঘরের ভেতর স্ত্রী ও দেড় বছরের সন্তানকে মৃত অবস্থায় পাওয়া যায়। পাশেই ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায় ইকরামের মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ভাষ্য, বিদেশ থেকে ফেরার পর ইকরাম পরিবারের সঙ্গেই ছিলেন। তার সঙ্গে স্ত্রী বা পরিবারের সদস্যদের কোনো বিরোধ কিংবা পারিবারিক কলহ চলছিল কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 

ফলে হঠাৎ একই পরিবারের তিনজনের এমন মৃত্যুতে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই জান্নাকান্দি গ্রামের ওই বাড়িতে ভিড় করেন স্থানীয়রা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। একসঙ্গে তিনজনের মৃত্যুতে হতবাক এলাকাবাসী।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি কীভাবে এবং কেন ঘটেছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

অনলাইন ডেস্ক