খুঁজুন
advertisement
advertisement
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭ আশ্বিন, ১৪৩৩

আশুলিয়া অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে সরকার: পরিদর্শনে হাসপাতালে এলজিআরডি মন্ত্রী

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৭ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
আশুলিয়া অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে সরকার: পরিদর্শনে হাসপাতালে এলজিআরডি মন্ত্রী

হাসপাতাল পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান

যোগফল প্রতিবেদন:

ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড চত্ত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। 

সোমবার (২১ সেপ্টেম্বর) তিনি হাসপাতাল দুটিতে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় অগ্নিকাণ্ডে নিহত নজরুল ইসলামের পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জরুরি ভিত্তিতে অগ্নিকাণ্ডে হতাহতদের খোঁজখবর নিতে আমরা হাসপাতালে এসেছি। প্রধানমন্ত্রী জাতিসংঘের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের উদ্যেশ্যে যাত্রার প্রাক্কালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাৎক্ষণিক আমাকে নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে আপনাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন এবং আপনাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

তিনি বলেন, সরকার এই কঠিন সময়ে নিহত ও আহতদের পরিবারের পাশে রয়েছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

ড. আবদুল মঈন খান আরও বলেন, দুর্ঘটনায় যারা স্বজন হারিয়েছেন, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরো উল্লেখ করেন যে, জনগনের ভোটে নির্বাচিত আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান এদেশের জনগণের বিপদে সবসময় পাশে রয়েছেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবেন।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আশুলিয়ার অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে সরকার রয়েছে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত ও আহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার সাথে সাথেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে শ্রম ও কর্মসংস্থান সচিব মোঃ আব্দুর রহমান তরফদারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক

গোপালগঞ্জ কাশিয়ানিতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৩:১৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জ কাশিয়ানিতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত

ছবিতে কাশিয়ানি উপজেলা কর্মকর্তাগন

সাইফুল ইসলাম | গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের কাশিয়ানীতে ১২ টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 

আজ সোমবার (২১ সেপ্টেম্বর)  সকালে উপজেলা পরিষদ পুকুরে ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। 

এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মো: কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো: শাহিন মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা আসলাম হোসেন শেখ, উপজেলা সমবায় কর্মকর্তা মো: মোরাদ আলী, উপজেলা সমবায় কর্মকর্তা সৌরভ রেজা শিহাব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস. এম. মনোয়ার মাহামুদ, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করীম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: মিলন খান, উপজেলা ছাত্রদলের সভাপতি মো: সোহেল সহ অন্যান্য  জলাশয়ের পোনা গ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

কাশিংয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা আসলাম হোসেন শেখ জানান, এদিন পর্যায়ক্রমে কুমর নদে ৫০ কেজি, মধুমতি বাওড়ে ৫০ কেজি, কাশিয়ানী থানা পুকুরে ২১ কেজি . হাইশুর বৃদ্ধাশ্রম পুকুরে ২০ কেজি, গোয়ালগ্রাম কামিল মাদ্রাসা পুকুরে ১৫ কেজি, তারইল-ফুকরা মাদ্রাসা এতিমখানা সংলগ্ন পুকুরে ১৫ কেজি, কাশিয়ানী স্টেশন সংলগ্ন আশ্রাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানা পুকুরে ১৫ কেজি, তারইল আশ্রয়ণ পুকুরে ১৫ কেজি,সাফলীডাঙ্গা আশ্রয়ণ পুকুরে ১৫ কেজি, সাবেক পদ্মবিলা আশ্রয়ণ পুকুরে ১৫ কেজি, জঙ্গল মুকুন্দপুর আশ্রয়ণ পুকুরে ১৫ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে। 

এসব জলাশয়ে ২৮৬ কেজি রুই, কাতলা, মৃগেলের ১০ থেকে ১৫ সেন্টিমিটার আকারের সুস্থ, সবল ও জীবিত পোনা অবমুক্ত করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির জন্য এসব মাছ অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা ।

অনলাইন ডেস্ক 

গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ ও ক্যাশলেস বাংলা ক্যাম্পেইন অনুষ্ঠিত

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ২:২৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ ও ক্যাশলেস বাংলা ক্যাম্পেইন অনুষ্ঠিত
সাইফুল ইসলাম | গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ ও ক্যাশলেস বাংলা ‘কিউআর’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১০ টার দিকে শহরের ব্যাংকপাড়ার চাঁদমারীতে এ বুথের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ব্যাংকের গোপালগঞ্জ শাখা।

এ উপলক্ষ্যে ব্যাংকপাড়ার মোহাম্মদপাড়া মোড় থেকে  একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। চাঁদমারীতে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। সেখানে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও ফরিদপুর অঞ্চলের অঞ্চল প্রধান কাজী সিহাবুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন  গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আ্যড. কাজী জিন্নাত আলী এবং ব্যাংকের ফরিদপুর শাখা প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম ।

ব্যাংকের গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের সিএসএ সুমাইয়া জাহান।

পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথের শুভ সূচনা করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি  কাজী সিহাবুল ইসলাম বলেন, 'একদেশ এক কিউআর, লেনদেন হবে বাংলা কিউঅর।  লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। 

' এ ধারাবাহিকতাকে বুকে ধারণ করেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সারা পৃথিবী যেখানে ক্যাশলেস প্রোগ্রামে উদ্বুদ্ধ হচ্ছে, সেখানে বাংলাদেশ অনেক পরে এসেছে। বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংকের আদেশক্রমে আমরা চেষ্টা করে যাচ্ছি।  মানুষের দোড়গোড়ায় এ সেবা পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি । হাট-বাজার , পাড়া মহল্লাসহ সব প্রান্তে আমরা ক্যাশলেস প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি।   যাতে প্রান্তিক পর্যায়ের মানুষ ক্যাশলেস প্রোগ্রাম বুকে ধারণ করতে পারে।তাদের লেনদেন সফল করতে পারে, এটিই আমাদের উদ্দেশ্য ।

অনলাইন ডেস্ক 

ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৬ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

ইতালির রোমে জাতিসংঘের এফএ ‘র সদর দপ্তরে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি

যোগফল প্রতিবেদন:
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সাথে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। বিশেষ করে মৎস্য ও মৎস্য চাষ, প্রাণিসম্পদ, সামুদ্রিক মৎস্য এবং ব্লু ইকোনমির বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।

আজ ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে   মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি এবং ইতালির কৃষি, খাদ্য সার্বভৌমত্ব ও বন মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি অব  স্টেট লুইজি দে'এরামো (প্রতি মন্ত্রী) (Mr. Luigi D'Eramo)-এর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের সংশ্লিষ্ট খাতের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।

বৈঠকে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বাংলাদেশের খাদ্যনিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান ও মানুষের জীবিকার ক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের খামারিরা কৃষক কার্ডের আওতায় আসবেন এবং কৃষকদের মতো তারাও সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, টেকসই, জলবায়ু-সহনশীল ও প্রযুক্তিনির্ভর মৎস্য ও মৎস্য চাষ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। এ ক্ষেত্রে উন্নত প্রযুক্তি, গবেষণা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইতালির সাথে সহযোগিতা আরও জোরদারের সুযোগ রয়েছে।

বৈঠকে মৎস্য, ব্লু ইকোনমি ও প্রাণিসম্পদ খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়ে উভয় দেশ  আগ্রহ প্রকাশ করে। এ লক্ষ্যে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম রকিবুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো: সাইফুল ইসলাম, ইকনমিক কাউন্সিলর মো: আল আমিন প্রমুখ।

অনলাইন ডেস্ক