খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮ আশ্বিন, ১৪৩৩

ক্যানসারের সঙ্গে লড়ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিজানুর, চাওয়া হলো সহায়তা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ক্যানসারের সঙ্গে লড়ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিজানুর, চাওয়া হলো সহায়তা

যোগফল প্রতিবেদক:

মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতের নয়াদিল্লিতে চিকিৎসাধীন রয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ও সাবেক রেজিস্ট্রার ড. মিজানুর রহমান।

দীর্ঘদিনের চিকিৎসায় ইতোমধ্যে প্রায় ৫০ লাখ টাকা ব্যয় হয়েছে। বর্তমানে জরুরি অস্ত্রোপচারের জন্য আরও প্রায় ১৫ থেকে ১৬ লাখ টাকা প্রয়োজন হওয়ায় তার চিকিৎসায় আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবার ও সহকর্মীরা।

জানা গেছে, প্রায় আড়াই মাস ধরে নয়াদিল্লিতে তার চিকিৎসা চলছে। সহকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, চিকিৎসার প্রথম ধাপ ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসার দ্বিতীয় ও গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছেন।

সর্বশেষ পিইটি-সিটি স্ক্যান ও কনট্রাস্ট অ্যানালাইসিসের প্রতিবেদনে মূল টিউমারটির আকার কিছুটা বৃদ্ধি পেয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, টিউমারটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকায় অস্ত্রোপচারের মাধ্যমে তা অপসারণ করা সম্ভব। এজন্য দ্রুত অস্ত্রোপচার সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

অস্ত্রোপচারের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫ থেকে ১৬ লাখ টাকা। দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ায় ইতোমধ্যে প্রায় ৫০ লাখ টাকা ব্যয় হয়েছে। পরিবারের নিজস্ব সামর্থ্যের পাশাপাশি বন্ধু, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এতদিন চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হলেও বর্তমানে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে।

চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে অধ্যাপক মিজানুর রহমানের স্ত্রী ফাতেমা রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদন জানিয়েছেন। দেশে ও বিদেশে অবস্থানরত তার বন্ধু, সহকর্মী, বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

ফাতেমা রহমান বলেন, একজন শিক্ষক হিসেবে অধ্যাপক মিজানুর রহমান দীর্ঘদিন ধরে অসংখ্য শিক্ষার্থীর জ্ঞান, স্বপ্ন ও ভবিষ্যৎ গঠনে অবদান রেখে চলেছেন। জীবনের এই কঠিন সময়ে একজন প্রিয় শিক্ষক ও সহকর্মীর পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

অধ্যাপক ড. মিজানুর রহমান বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’-এর আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীরা জানিয়েছেন, দ্রুত অস্ত্রোপচার সম্পন্ন করে তার চিকিৎসা অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে তার দ্রুত সুস্থতা ও অস্ত্রোপচার সফলতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তারা।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

মাঠ কাঁপানো ক্রিকেটার থেকে ঢালিউড ও ছোটপর্দার জনপ্রিয় মুখ: হেদায়েত উল্লাহ তুর্কী

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মাঠ কাঁপানো ক্রিকেটার থেকে ঢালিউড ও ছোটপর্দার জনপ্রিয় মুখ: হেদায়েত উল্লাহ তুর্কী

হেদায়েত উল্লাহ তুর্কী

মেহেদী হাসান রিপন | যোগফল প্রতিবেদক:

গ্রামের মেঠো মাঠে ক্রিকেটের হাতেখড়ি থেকে শুরু করে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (DPL)—একসময় ব্যাট-বল হাতে মাঠ দাপিয়ে বেড়িয়েছেন তিনি। সান্নিধ্য পেয়েছেন ওয়াসিম আকরাম, শহীদ আফ্রিদি, সনথ জয়সুরিয়া, অর্জুনা রানাতুঙ্গা ও মোহাম্মদ আশরাফুলের মতো বিশ্বখ্যাত ও জাতীয় দলের তারকা ক্রিকেটারদের। তবে কালের পরিক্রমায় সেই মাঠের অলরাউন্ডার আজ বিনোদন জগতের বহুমাত্রিক তারকা। তিনি মো. হেদায়েত উল্লাহ তুর্কী।

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘চাওয়া পাওয়া’-র মাধ্যমে টিভি পর্দায় যাত্রা শুরু করা হেদায়েত তুর্কী এ পর্যন্ত চার শতাধিক নাটকে অভিনয় করেছেন। তাঁর অভিনীত ‘সেন্টিমেন্টাল সেলিম’, ‘দাদো’, ‘মধুপুর’, ‘বউ বিরোধ’ ও ‘মহাজন’-এর মতো নাটকগুলো দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। অভিনয়ের পাশাপাশি নাটক নির্মাণ ও রচনায়ও তিনি সিদ্ধহস্ত। সম্প্রতি তাঁর রচনা ও পরিচালনায় পাঁচ প্রজন্মের গল্প নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘বেগম পাড়া’র প্রথম লটের কাজ শেষ হয়েছে, যেখানে অভিনয় করেছেন শতাধিক শিল্পী।

ছোটপর্দার গণ্ডি পেরিয়ে রুপালি পর্দাতেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন হেদায়েত তুর্কী। সাদেক সিদ্দিকীর ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেকের পর ‘সুলতানপুর’, ‘মাফিয়া’, ‘গ্যাং স্টার’, ‘জামদানী’ ও ‘তাণ্ডব’-সহ প্রায় ১৬টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। 

সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেনা পাওনা’ অবলম্বনে অনুদানের চলচ্চিত্রে কাজ করার পাশাপাশি আগামী ডিসেম্বরে নিজের পরিচালনায় প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া তাঁর অভিনীত শর্টফিল্ম ‘প্রশ্ন’ ইউনেস্কোসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার পুরস্কার অর্জন করেছে।

অভিনয় ও নির্মাণের বাইরে বিজ্ঞাপনচিত্র, উপস্থাপনা ও রিয়্যালিটি শোতেও তাঁর সরব উপস্থিতি রয়েছে। চিত্রনায়িকা অপু বিশ্বাস, দীপা খন্দকারদের নিয়ে নির্মিত ৩২টি বিজ্ঞাপনচিত্রের পরিচালক তিনি। তাঁর উপস্থাপনা ও পরিকল্পনায় সেলিব্রিটি টকশো ‘গরীবের দুয়ারে হাতীর পা’ ব্যাপক জনপ্রিয়তা পায়। একই সঙ্গে এনটিভির কমেডি শো ‘হাশো’, এটিএন বাংলার ‘ফেস অব এশিয়া’ ও এশিয়ান টেলিভিশনের ‘মিস প্লাস বাংলাদেশ’-এ বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি।

উল্লেখ্য, মাগুরা জেলার সদর উপজেলার মনিরামপুর গ্রামের সন্তান হেদায়েত উল্লাহ তুর্কীর বাবা জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ মোল্লা এবং মা রত্নগর্ভা কামরুজ্জাহান রেখা। মিডিয়ার গ্ল্যামার ও সাংস্কৃতিক ব্যস্ততার বাইরে বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন এবং একই সাথে আইন (এলএলবি) বিষয়ে পড়াশোনা করছেন।

অনলাইন ডেস্ক 

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২:৩২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি
 মো: সিমান্ত তালুকদার 

বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে চত্বরে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, ধর্ষণ, খুন, গুম ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নিষিদ্ধ আওয়ামী সংগঠনের অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)-এর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বোঝা কোনোভাবেই সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। তেলের দাম বাড়লে পরিবহন ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে, ফলে সীমিত আয়ের মানুষের জীবন আরও কঠিন হয়ে পড়ে। তাই জনস্বার্থে জ্বালানি তেলের মূল্য পুনর্বিবেচনা করে দ্রুত কমানোর দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, দেশে মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। ধর্ষণ, খুন, গুম ও হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধের প্রতিটি ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। কোনো অপরাধী যেন রাজনৈতিক পরিচয়, প্রভাব বা ক্ষমতার কারণে আইনের ঊর্ধ্বে থাকতে না পারে।

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো উল্লেখ করে বক্তারা বলেন, অপরাধী যে পক্ষেরই হোক, তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে নিরপরাধ কোনো ব্যক্তি বা সংগঠন যেন হয়রানির শিকার না হয়, সেটিও নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি আনম আয়াস, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম বাদশা, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাদমান ফুয়াদ।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক তুহিন ফরাজী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মহাসিন সারোয়ার, কেন্দ্রীয় সংগঠক হৃদয়, রাহাতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জনগণের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্নে কোনো আপস করা হবে না। জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

অনলাইন ডেস্ক 

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু

উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান

সাইফুল ইসলাম । গোপালগঞ্জ প্রতিনিধি:


গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

এ সময় তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি প্রত্যাশা করছি, এই টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদঢ় করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া কমিটির আহবায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মিনারুল ইসলাম, প্রক্টর ড. এসএম আহসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব।

বিশ্ববিদ্যালয়ের ৩২টি বিভাগের অংশগ্রহণে শুরু হওয়া এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে আইন বিভাগ বনাম ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালনায় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৫ অক্টোবর।

অনলাইন ডেস্ক