খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

ভূরুংগামারীর বাসস্ট্যান্ডের মুগ্ধ আবাসিক হোটেলে পুলিশের অভিযান

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ভূরুংগামারীর বাসস্ট্যান্ডের মুগ্ধ আবাসিক হোটেলে পুলিশের অভিযান

ছবিতে জব্দকৃত মাদক

মোঃ হাসান মাহমুদ জয় । ভূরুংগামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুংগামারী উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন 'মুগ্ধ আবাসিক হোটেল'-এ দীর্ঘদিন ধরে চলা আন্তঃজেলা মাদক চোরাচালানের এক বিশাল নেটওয়ার্কের সন্ধান পেয়েছে পুলিশ। নিয়মিত নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সকাল ১১টা থেকে ১২টার মধ্যে হোটেলটিতে অভিযান পরিচালনা করে ভূরুংগামারী থানা পুলিশ। এ সময় হোটেল থেকে মাদক সেবনের সরঞ্জামসহ মাদককারবারিদের গ্রেপ্তার করা হয় এবং উদ্ধার করা হয় মাদক কারবারের নানা আলামত।

অনুসন্ধানে জানা যায়, হোটেলটির মালিক আলহাজ্ব আব্দুল আউয়াল বাবু (পিতা: মৃত আলহাজ্ব আব্দুর রশিদ)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চিহ্নিত মাদক ব্যবসায়ীরা এই হোটেলে নিরাপদ আস্তানা গড়ে তুলেছিল। হোটেলের ম্যানেজার মোঃ রাকিবুল ইসলাম (২৩)—যিনি শিলখুড়ি ইউনিয়নের শালঝোড় গ্রামের মো: সাইফুরের পুত্র—শালঝোড় সীমান্ত এলাকা থেকে ভারতীয় ইয়াবার চালান সংগ্রহ করে হোটেলে অবস্থানরত মাদককারবারিদের হাতে তুলে দিতেন। এরপর নিরাপদ উপায়ে সেই মাদক চলে যেত দেশের বিভিন্ন জেলায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেল ম্যানেজার রাকিবুল সুকৌশলে পালিয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক অভিযানে থলের বেড়াল বেরিয়ে আসে। জানা যায়, অভিযানের দিন সকালেই ৭০০০ পিস ইয়াবার একটি বড় চালান ঢাকা থেকে আগত এক ব্যবসায়ীর কাছে চড়া দামে বিক্রি করে সে। গ্রেপ্তারকৃতদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদে ম্যানেজার রাকিবুলের এই চোরাচালান চক্রে সরাসরি জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য মিলেছে। এছাড়া হোটেলের প্রতিটি কক্ষেই মাদক সেবনের বিশেষ ব্যবস্থা ও সরঞ্জামাদি পাওয়া গেছে।

*ভ্রাম্যমাণ আদালতের রায়:*

অভিযানের সময় হোটেল চত্বর বা সংশ্লিষ্ট ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়:
১. *মো: আবু বক্কর (২০), পিতা: মো: আশরাফুল আলম, সাং: বীর ধাউরার কুটি, থানা: ভূরুঙ্গামারী, জেলা: কুড়িগ্রাম—কে **৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা* করা হয়।
২. *মোঃ আলমগীর হোসেন (৩৯), পিতা: মৃত আঃ ছাত্তার, মাতা: রোবেদা বেওয়া, সাং: ধর্মকাম শাহাবন্দেগী, থানা: শেরপুর, জেলা: বগুড়া—কে **১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা* করা হয়।

উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও অভিযানে ভূরুংগামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব মুনতাসীর মামুন মুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভূরুংগামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহোদয় উপস্থিত ছিলেন। মাদকবিরোধী এই কার্যক্রমে তাঁদের তাৎক্ষণিক উপস্থিতি ও জোরালো ভূমিকা সত্যিই প্রশংসনীয়।

এ বিষয়ে ভূরুংগামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) *জনাব মুনতাসির মামুন মুন* বলেন, “ভূরুংগামারী বাসস্ট্যান্ডের মুগ্ধ আবাসিক হোটেল কর্তৃপক্ষ সরাসরি মাদক কারবারের সাথে জড়িত ছিল। আমরা বেশ কিছু দিন ধরে হোটেলটির ওপর নজরদারি বাড়িয়েছিলাম। আজ সকালে ইয়াবার একটি বড় চালান হাতবদল হওয়ার গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক এই অভিযান পরিচালনা করি। অভিযানে মাদক কারবারের স্পষ্ট আলামত পাওয়া গেছে। হোটেল ম্যানেজার পলাতক রয়েছে, তাকে দ্রুত আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত আছে।”

মাদক নির্মূলে ভূরুংগামারী সার্কেল পুলিশ ও প্রশাসনের এই দৃঢ় অবস্থানকে এলাকার সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন। পলাতক ম্যানেজার রাকিবুল ও জড়িত অন্যান্য মাদককারবারিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান বর্তমানেও অব্যাহত রয়েছে।

অনলাইন ডেস্ক
advertisement
advertisement

রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

ছবিতে গ্রেপ্তারকৃতরা

নিজস্ব প্রতিবেদক । যোগফল অনলাইন

দেশের রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, ৬টি তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। 

রোববার ভোরে পাবনা হাউস গলি ও মুল্লুক চান সড়ক এলাকায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এসআরবির সিপিএসসি কোম্পানি, এসআরবি-২ এ অভিযান চালায়। কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।

অভিযানে হাবিবুল ইসলাম রানার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ৬টি তাজা গুলি উদ্ধার করা হয়। নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন এবং সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২ হাজার ৭৫টি পুরিয়ায় ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তানজীন খান জিসানের কাছ থেকে জব্দ করা হয় ৭৫০টি ইয়াবা বড়ি।

এসআরবি জানায়, গ্রেপ্তার হাবিবুল ইসলাম রানার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। নাইম কাজির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একই আইনে মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার চারজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-২।

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও মো. সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। ফুটেজে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।

ওসি আরও জানান, সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে শনাক্ত তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় দরজার সামনে কেরোসিন ও পেট্রলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। প্রতিবেশীরা খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।

এদিকে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। জামালপুর ৩৫ বিজিবি এক খুদে বার্তায় বিষয়টি জানিয়েছে।

বিজিবির খুদে বার্তায় বলা হয়, নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুর আলগা নামক স্থান দিয়ে ভারতীয় গরু চোরাচালানের তথ্য পায় বিজিবি। পরে ওই তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় সাতটি গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম