খুঁজুন
advertisement
advertisement
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯ আশ্বিন, ১৪৩৩

গোপালগঞ্জ বিল থেকে জাল উঠানোকে কেন্দ্র করে দুই গ্রাম পুলিশকে মারপিট

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জ বিল থেকে জাল উঠানোকে কেন্দ্র করে দুই গ্রাম পুলিশকে মারপিট
সাইফুল ইসলাম । গোপালগঞ্জ প্রতিনিধি :

"তোদের বিল থেকে জাল উঠানোর অনুমতি দিয়েছে কে" বলে দুই গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। 

আজ  বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বড় ডুমুরিয়া গ্রামে এঘটনা ঘটে।

আহতরা হলেন, ডুমুরিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোহাম্মদ ইউসুফ শেখ ও ৯ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ শ্যামল কুমার বিশ্বাস। 

এদের মধ্যে ইউসুফ শেখ গুরুতর আহত অবস্থায় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১ টায় মৎস্য কর্মকর্তার নির্দেশে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বড়-ডুমুরিয়া বিল থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করতে যান ৪ গ্রাম পুলিশ ও একজন দফাদার। 

প্রায় ৩০-৪০ টি জাল উদ্ধারের পর একটি নৌকা নিয়ে ওই এলাকার তিন জন লোক বিলে গিয়ে তাদের মারধর শুরু করে। এতে দুই গ্রাম পুলিশ ইউসুফ ও শ্যামল আহত হয়। পরে তারা চলে গেলে বাকি গ্রাম পুলিশ ও দফাদার আহত দুজনকে উদ্ধার করে টুঙ্গিপাড়া হাসপাতালে ভর্তি করে। 

আহত গ্রাম পুলিশ শ্যামল কুমার বিশ্বাস বলেন, উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছারের নির্দেশে বড়-ডুমুরিয়া বিল থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করতে যাই। ৩০-৪০ টি জাল উদ্ধারের পর ৩-৪ জন লোক একটি নৌকায় করে আমাদের কাছে এসেই "তোদের বিল থেকে জাল উঠানোর অনুমতি দিয়েছে কে? অনেক টাকার ঋণ সহ চারটা মামলা আছে! যদি সাজা হয় হবে, আজকে তোদের ছাড়বো না বলে মারধর শুরু করে। 

প্রত্যক্ষদর্শী দফাদার অনন্ত বৈদ্য বলেন, তারা মারধর করে চলে যাওয়ার পর আহত দুই গ্রাম পুলিশকে আমরা হাসপাতালে ভর্তি করি। দুজনের মধ্যে গ্রাম পুলিশ ইউসুফ গুরুতর আহত অবস্থায় টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আর আহত গ্রাম পুলিশ শ্যামল প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। 

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, দুই গ্রাম পুলিশকে মারধরের পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকাবাসীদের সাথে কথা বলে দোষীদের শনাক্তের চেষ্টা চলছে। 

এছাড়া আহত গ্রাম পুলিশদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আর আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, এঘটনায় এখনো কোন অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অনলাইন ডেস্ক

শিবপুরে ২৯৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, টাকা জব্দ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
শিবপুরে ২৯৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, টাকা জব্দ

ছবিতে আসামি

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে ২৯৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। এ সময় মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৯০২ টাকা জব্দ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের নোয়াদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, নোয়াদিয়া বাজারে আকরামের ডেকোরেটরের দোকানের সামনের তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সেলিম (৩২), আব্দুল্লাহ (২২) ও সজিব দাস (৩১)।

অভিযানের সময় তাদের কাছ থেকে ২৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির টাকা হিসেবে ১৪ হাজার ৯০২ টাকা জব্দ করে পুলিশ।

পরে গ্রেপ্তার তিনজনকে শিবপুর মডেল থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

যোগফল ডেস্ক

রাজারহাটে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১:২৩ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজারহাটে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ছবিতে পুরস্কার বিতরণ

মোঃ সিমান্ত তালুকদার ।  কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের রাজারহাটে জমকালো ও আনন্দমুখর পরিবেশে ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রাজারহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা মৎস্য অফিসার এমদাদুল হক।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন:মোঃ মাসউদ রানা, আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রাজারহাট উপজেলা শাখা, রাজারহাট, কুড়িগ্রাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোঃ শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত আহ্বায়ক, রাজারহাট উপজেলা বিএনপি; সাজ্জাদুল ইসলাম সাগর, সদস্য সচিব এনসিপি'র রাজারহাট উপজেলা, আখতারুজ্জামান সুজন, সদস্য, রাজারহাট উপজেলা বিএনপি; আনিসুর রহমান লিটন, সভাপতি, রাজারহাট উপজেলা প্রেসক্লাব ও আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল; মোঃ শরীফ আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার; উপজেলা প্রাণিসম্পদ অফিসার রহমত আলী, মোঃ এটিএম রিয়াসাদ, উপজেলা পরিসংখ্যান অফিসার, রাজারহাট; আয়েশা সিদ্দিকা, একাডেমিক সুপারভাইজার, মাধ্যমিক; মাহফুজুর রহমান জনি, সংগীত শিল্পী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাসাস, রাজারহাট; সুনীল চন্দ্র রায়, সংগীত শিল্পী, বাংলাদেশ বেতার, রংপুর; অনুষ্ঠানে রাজারহাট উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আলোচনা সভা ও অতিথিদের মূল্যবান বক্তব্যের পর প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট, পুরস্কার ও বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

যোগফল অনলাইন

গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১:১৪ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

প্রতীকী ছবি

সাইফুল ইসলাম । গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জ কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খলিশাখালী গ্রামে মওলা ও গোরা গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে , খলিশাখালী গ্রামে এডভোকেট মওলা গ্রুপ ও গোরা খাঁ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে মসজিদের সভাপতি পদ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

গোরা খাঁ গ্রুপের প্রধানের দাবি, মওলা গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালালে পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তাদের পক্ষের ১৩ জন আহত হয়েছেন।

অন্যদিকে, মওলা গ্রুপের চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে ওই পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

সংঘর্ষে আহতদের মধ্যে সানজিদা খানম, আলেয়া বেগম, সবুর খান, ওবায়দুল খান, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, রানা খান, শাকিল খান, লিখন খান, মস্ত খান ও রাজ্জাক খানসহ আরও কয়েকজন রয়েছেন।

আহতদের প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। পরে গুরুতর আহত একজনকে ঢাকায় এবং চারজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, ‘বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

যোগফল ডেস্ক