অপরাধীদের বাংলাদেশে হস্তান্তরের আহ্বান দুদুর
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের আইনে অপরাধী ও দণ্ডিত ব্যক্তিদের আশ্রয় না দিয়ে অবিলম্বে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান। দেশব্যাপী পরিকল্পিত অগ্নিসংযোগ ও ইস্যুবিহীন দাবির নামে নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ।
শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র যারা বিপন্ন করেছিল, তাদের পার্শ্ববর্তী দেশ রক্ষা করেছে। শুধু রক্ষা নয়, সেই দল এবং সেই নেত্রীর সঙ্গে ভারত বিশেষভাবে সহযোগিতামূলক আচরণ করেছে।’
তিনি বলেন, কেউ সীমান্ত অতিক্রম করলে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা যেতে পারে। কিন্তু তাকে হত্যা করা যায় না।
দুদু আরও বলেন, ভারত গণতন্ত্রের কথা বললেও অপরাধীদের জায়গা দিচ্ছে। বাংলাদেশকে রক্ষা করতে হলে গণতন্ত্র ও স্বাধীনতাকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান পরিশ্রম করছেন।
তিনি বলেন, স্বাভাবিক বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য তারেক রহমানের আকাঙ্ক্ষা ও উদ্দেশ্য সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে।
জাতিসংঘের সাধারণ পরিষদে তারেক রহমানের দেওয়া ভাষণের প্রসঙ্গ তুলে শামসুজ্জামান দুদু বলেন, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া তার ভাষণ সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। তবে তাকে টার্গেট করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় মিথ্যা ও অপপ্রচার চালানোর চেষ্টা হচ্ছে।
এ অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির দপ্তর (সংযুক্ত) ও কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এসকে সাদি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
তুলি আক্তার/অনলাইন ডেস্ক / যোগফল. কম

আপনার মতামত লিখুন