খুঁজুন
advertisement
advertisement
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৪ আশ্বিন, ১৪৩৩

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়: নাহিদ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ

ছবি সংগৃহীত+


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে দায়িত্বে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, তিনি বিভিন্ন সময় অসংলগ্ন কথা বলছেন। তিনি তার দায়িত্ব পালনে অলরেডি ব্যর্থ হয়েছেন। আমরা দেখেছি, সংস্কার ইস্যুতেও তিনি জাতির সঙ্গে প্রতারণামূলক কথা বলেছেন।’

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই। এর জন্য বর্তমান সরকার, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী বলে এনসিপি মনে করে।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, মিরপুরের রাড্ডা সেন্টার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং তিন ঘণ্টার বেশি সময় ধরে এ কার্যক্রম চলেছে। তাঁর দাবি, সেখানে স্থানীয় বিএনপির সংশ্লিষ্টতা ও একজন নারী সংসদ সদস্যের নাম এসেছে। একই সঙ্গে পুলিশ প্রশাসনের নীরবতার মাধ্যমে পরোক্ষ সহযোগিতার অভিযোগও করেন তিনি।

নাহিদ বলেন, ‘ঢাকার মতো একটি শহরে তিন ঘণ্টা ধরে ভাঙচুর চলবে এবং প্রশাসন কিছুই করতে পারবে না—এটি হতে পারে না।’

তিনি আরও বলেন, রাড্ডা সেন্টার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের অফিস ভাঙচুরের ঘটনাকে তিনি গত ৫ আগস্টের পর থেকে চলে আসা দখল ও নৈরাজ্যের ধারাবাহিকতা হিসেবে দেখছেন।

নাহিদ ইসলাম বলেন, প্রশাসন নিষ্ক্রিয় থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। তাঁর ভাষায়, ‘দেশে কোনো আইনশৃঙ্খলা বাহিনী আছে বলে মনে হচ্ছে না।’

তিনি বলেন, সরকার আগে বলেছিল নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর মব বা নৈরাজ্য বন্ধ হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু বর্তমানে বিএনপি সরকার গঠনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলামের দাবি, সরকার নিজেদের দলীয় নেতাকর্মীদেরও নিয়ন্ত্রণ করতে পারছে না। তিনি সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগের কথা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও জানিয়েছেন। তিনি এ ঘটনায় শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার ও বিভাগীয় মামলা করার কথা বলেছেন।

সাঁথিয়া সরকারি কলেজে ৬টি দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২:৩২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাঁথিয়া সরকারি কলেজে ৬টি দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি

ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে ৬ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার সাঁথিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের মৌলিক ও অবকাঠামোগত সমস্যা সমাধানের দাবিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে ৬ দফা দাবি সংবলিত স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সাঁথিয়া সরকারি কলেজ শাখা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. একরামুল ইসলামের কার্যালয়ে গিয়ে ছাত্রশিবিরের সাঁথিয়া সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও ক্যাম্পাসে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে দ্রুত বিভিন্ন মৌলিক ও অবকাঠামোগত সমস্যা সমাধানের দাবি জানানো হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে—১.ক্যাম্পাসে মানসম্মত ক্যান্টিন স্থাপন, ২.কমন রুম সংস্কার,৩. বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, ৪.পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী ওয়াশরুম নিশ্চিত করা, ৫.শ্রেণিকক্ষের প্রয়োজনীয় আসবাবপত্রের ব্যবস্থা এবং ৬.ফ্যান-লাইট মেরামত ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা।

স্মারকলিপি গ্রহণকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একরামুল ইসলাম শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কারমূলক পদক্ষেপ গ্রহন করবেন বলে আশ্বাস দেন।

এ সময় কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল মোমিন মুক্তি,সিনিয়র প্রভাষক কামরুজ্জামান বকুল,মাসুমবিল্লাহসহ ছাত্রশিবিরের কলেজ শাখার নেতৃবৃন্দ ও অন্যান্য সাধারণছাত্ররা উপস্থিত ছিলেন।

যোগফল । অনলাইন । নিউজ ডেস্ক

জয়ের ১০ম জন্মদিনে অপু বিশ্বাসের সঙ্গে কক্সবাজারে বিশেষ ভ্রমণ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জয়ের ১০ম জন্মদিনে অপু বিশ্বাসের সঙ্গে কক্সবাজারে বিশেষ ভ্রমণ

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: 

দশ বছরে পা দিয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক শাকিব খানের একমাত্র সন্তান আব্রাম খান জয়। ছেলের বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে নানা আয়োজনের পর এবার তাকে নিয়ে কক্সবাজারে উড়াল দিয়েছেন অপু বিশ্বাস। জন্মদিনের আনন্দ আরও রঙিন করতেই মা-ছেলের এই বিশেষ ভ্রমণ।

সামাজিক যোগাযোগমাধ্যমে কক্সবাজার যাত্রার একটি ছবিও শেয়ার করেছেন অপু বিশ্বাস। ছবিতে একটি উড়োজাহাজের সামনে হাসিমুখে মা-ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অপুর পরনে ছিল গোলাপি রঙের কাজ করা সালোয়ার-কামিজ ও চোখে রোদচশমা। অন্যদিকে জয়ের পরনে ছিল কালো টি-শার্ট ও প্যান্ট। চোখে রোদচশমার পাশাপাশি মুখে কালো মাস্ক পরা ছিল তার।

ছবিটি শেয়ার করে ভালোবাসার ইমোজি দিয়ে অপু বিশ্বাস লিখেছেন, ‘ফ্লাই টু কক্সবাজার, আব্রাম খান জয় বার্থডে স্পেশাল ট্রিপ।’

এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) জন্মদিনের প্রথম প্রহরে ছেলেকে নিয়ে আবেগঘন একটি পোস্ট দেন অপু বিশ্বাস। জয়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ, যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’

জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তার বাবা চিত্রনায়ক শাকিব খানও। কালো কটি ও পাঞ্জাবি পরা জয়ের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’

২০০৮ সালে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ক্যারিয়ারের কথা বিবেচনা করে দীর্ঘদিন নিজেদের বিয়ের খবর গোপন রেখেছিলেন তারা। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় তাদের ছেলে আব্রাম খান জয়।

পরবর্তী সময়ে ২০১৭ সালের ১০ এপ্রিল ছেলেকে সঙ্গে নিয়ে একটি টেলিভিশন চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে হাজির হন অপু বিশ্বাস। সেখানেই শাকিব খানের সঙ্গে নিজের বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। বিষয়টি সে সময় দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বাবা-মায়ের তারকাখ্যাতির কারণে জন্মের পর থেকেই আলোচনায় রয়েছে আব্রাম খান জয়। সময়ের সঙ্গে তার জন্মদিনও হয়ে উঠেছে ভক্তদের আগ্রহের অন্যতম বিষয়। এবার দশম জন্মদিনে সেই উদযাপনে নতুন মাত্রা যোগ করেছে অপু বিশ্বাস ও জয়ের কক্সবাজার সফর।

 তুলি আক্তার/ অনলাইন / ডেস্ক যোগফল. কম 

রোমে কমনওয়েলথ ক্রিকেট টুর্নামেন্টে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন বাংলাদেশ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২:৫০ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রোমে কমনওয়েলথ ক্রিকেট টুর্নামেন্টে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন বাংলাদেশ

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:


ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত ‘কমনওয়েলথ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’-এ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দূতাবাস, রোম ক্রিকেট দল। ফাইনালে ইউনাইটেড নেশনস দলকে হারিয়ে শিরোপা জয়ের পাশাপাশি টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ দল।

পুরো টুর্নামেন্টজুড়ে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে প্রতিপক্ষের ওপর আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। ফাইনালেও সেই ধারাবাহিকতা বজায় রেখে শিরোপা নিশ্চিত করে তারা। ম্যাচ শেষে বাংলাদেশ দলের খেলোয়াড়দের উদযাপনে মুখর হয়ে ওঠে টুর্নামেন্ট প্রাঙ্গণ।

বাংলাদেশ দলের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক ও দূতাবাসের কর্মকর্তারা। বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘কমনওয়েলথ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।’

তিনি বলেন, ‘ইতালিতে ফুটবল ব্যাপক জনপ্রিয় হলেও প্রবাসীদের উদ্যোগ ও বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে দেশটিতে ক্রিকেটেরও প্রসার ঘটছে। বাংলাদেশ দূতাবাস সবসময় প্রবাসীদের খেলাধুলা ও তরুণদের উদ্যোগকে উৎসাহিত করে আসছে।’

ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে আর্থিক ও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত। বাংলাদেশ দলের এই বিজয়ের আনন্দ ইতালিতে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশির উদ্দেশে উৎসর্গ করেন তিনি।

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ইউনাইটেড নেশনস দলের অধিনায়কও বাংলাদেশ দলের প্রশংসা করেন। তিনি বলেন, ‘সবকটি দলই দারুণ প্রতিযোগিতা উপহার দিয়েছে। প্রতিবছরের মতো এবারও এই টুর্নামেন্ট বিভিন্ন সংস্কৃতি ও মানুষকে এক সুতোয় বেঁধেছে।’

বাংলাদেশ দলের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের প্রশংসা করে তিনি বলেন, দলটির পারফরম্যান্স ছিল বিশেষভাবে নজরকাড়া এবং শিরোপা বাংলাদেশেরই প্রাপ্য ছিল।

টুর্নামেন্টে তৃতীয় হয়েছে শ্রীলঙ্কা দূতাবাস ক্রিকেট দল। চতুর্থ স্থান অর্জন করেছে রোটারি ইন্টারন্যাশনাল ইউএনআই ক্যাসিনো ইউনিভার্সিটি ক্রিকেট দল।

বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক সংস্থা ও প্রবাসী কমিউনিটির সদস্যদের অংশগ্রহণে আয়োজন করা হয় ‘কমনওয়েলথ ক্রিকেট টুর্নামেন্ট’। ক্রিকেট প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন দেশের মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করতেও আয়োজনটি ভূমিকা রাখছে।

বাংলাদেশ দলের টানা চতুর্থবারের এই সাফল্যে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াতে এবং ইতালিতে বাংলাদেশি কমিউনিটির ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে এই জয় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তুলি আক্তার/অনলাইন ডেস্ক / যোগফল. কম