হাত ভাঙা, মাথায় ব্যান্ডেজ—ইরফান-সাদিয়ার কী হয়েছে?
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
হাত ভাঙা, মাথায় ব্যান্ডেজ। অন্যদিকে অভিনেত্রী সাদিয়া আয়মানের মাথাও মোড়ানো সাদা কাপড়ে। দুজনকে একসঙ্গে এমন অবস্থায় দেখে প্রথমে মনে হতে পারে, বড় কোনো দুর্ঘটনার শিকার হয়েছেন তারা। তবে বাস্তবে কোনো দুর্ঘটনা নয়, পর্দার গল্পেই এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান।
সম্প্রতি নিজেদের এমন একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ইরফান সাজ্জাদ। ছবিটি প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়। কী হয়েছে তাদের? কার হাতে এমন মার খেলেন তারা?
অবশ্য ছবির ক্যাপশনের মাধ্যমে সেই রহস্যের কিছুটা জানিয়েছেন অভিনেতা। ছবির ক্যাপশনে ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘কে কাকে মারল? বিবাহ বিভ্রাট। আসছে…’
এ থেকেই বোঝা যায়, এটি কোনো বাস্তব ঘটনার ছবি নয়। নতুন একটি নাটক ‘বিবাহ বিভ্রাট’-এর দৃশ্য এটি। তবে নাটকটির গল্প কিংবা চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
ছোটপর্দায় ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মানের জুটি দর্শকদের কাছে পরিচিত। এর আগে তাদের অভিনীত ‘বিষণ্ণ মেঘ’ নাটকটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে। চয়নিকা চৌধুরী পরিচালিত নাটকটি ইউটিউবে এরই মধ্যে চার মিলিয়নের বেশি ভিউ অতিক্রম করেছে।
এদিকে ইরফান সাজ্জাদকে নিয়মিত দেখা যাচ্ছে ধারাবাহিক নাটক ‘কর্মফল’-এ। মুহিন খান পরিচালিত এই ধারাবাহিকে তার সঙ্গে অভিনয় করছেন দিলারা জামান, মাহমুদুল ইসলাম মিঠু (বড় দা মিঠু), আখম হাসান, দীপা খন্দকার, মুনিরা মিঠু ও সামিরা খান মাহিসহ আরও অনেকে।
নতুন নাটক ‘বিবাহ বিভ্রাট’-এ ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মানের চরিত্রের মধ্যে সম্পর্ক কেমন, আর সেই সম্পর্কের জেরেই বা কেন তাদের এমন মার খেতে হলো—তা জানতে নাটকটি প্রকাশের অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

আপনার মতামত লিখুন