পাম অয়েল-ব্লিচিং পাউডার দিয়ে নকল দুধ, নারীর ১ লাখ টাকা জরিমানা
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
পাবনার বেড়া উপজেলায় পাম অয়েল, ব্লিচিং পাউডার, খাবার সোডাসহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কৃত্রিম ও নকল দুধ তৈরির দায়ে পলি ঘোষ নামে এক নারীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার পেঁচাকোলা ঘাট এলাকার উত্তম ঘোষের বাড়িতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরেন মাইসা খান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় পেঁচাকোলা ঘাট এলাকায় চিহ্নিত নকল দুধ ব্যবসায়ী উত্তম ঘোষের বাড়িতে অভিযান চালায় প্রশাসন। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে বড় পাতিলে তৈরি করা বিপুল পরিমাণ নকল দুধ এবং দুধ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে পাম অয়েল, ব্লিচিং পাউডার, কেমিক্যাল জেল, খাবার সোডা, গরম ছানার পানি, এক ডেগ ক্রিম, ফ্যাট তোলার দুধ ও ব্লেন্ডার মেশিনসহ বিভিন্ন ধরনের মালামাল।
অভিযানকালে নকল দুধ তৈরির মূলহোতা উত্তম ঘোষকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী পলি ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে পলি ঘোষ তার স্বামীর সঙ্গে নিয়মিত অস্বাস্থ্যকর ও ক্ষতিকর প্রক্রিয়ায় নকল দুধ উৎপাদনে প্রত্যক্ষভাবে সহায়তা করার কথা স্বীকার করেন।
ঘটনার পারিপার্শ্বিকতা, জব্দ করা মালামাল এবং অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে পলি ঘোষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে জব্দ করা নকল দুধ তৈরির বিভিন্ন উপকরণ ও অন্যান্য সামগ্রী আইন অনুযায়ী ধ্বংস বা নিষ্পত্তির ব্যবস্থা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন