একাদশে কলেজ পরিবর্তনে প্রথম ধাপের আবেদন বা ভর্তি বাতিলের নির্দেশ
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পেয়ে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের কেউ কলেজ পরিবর্তন করতে চাইলে দ্বিতীয় ধাপে আবেদনের আগে প্রথম ধাপের আবেদন বা ভর্তি বাতিল করতে হবে।
আগামী ১ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ শাখায় গিয়ে আবেদন বা ভর্তি বাতিল করতে হবে। এ সময় শিক্ষার্থীর মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র সঙ্গে নিতে হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত সংশোধিত বিজ্ঞপ্তি ও জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এদিকে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী, আগামী ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় ধাপে আবেদন করা যাবে। একই সঙ্গে দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, নিশ্চায়ন, মাইগ্রেশন ও চূড়ান্ত ভর্তির সময়সূচিও পুনর্নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পেয়ে নিশ্চায়ন করার পর যারা কোনো কারণে কলেজে ভর্তি হতে পারেননি, ভর্তি হতে চান না অথবা ভর্তি হলেও অন্য কলেজে নতুন করে আবেদন করতে চান, তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন। তবে এর আগে প্রথম ধাপের আবেদন বা ভর্তি বাতিল করতে হবে।
প্রথম ধাপের আবেদন বা ভর্তি বাতিলের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ শাখায় যেতে হবে। এ সময় প্রমাণক হিসেবে শিক্ষার্থীর মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে।
দ্বিতীয় ধাপে কারা আবেদন করতে পারবেন
যেসব শিক্ষার্থী আগে আবেদন করেননি বা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হননি, তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন। এ ছাড়া চূড়ান্ত মনোনয়ন পেয়েও কোনো কারণে নিশ্চায়ন করতে পারেননি কিংবা নির্ধারিত সময়ে কলেজে ভর্তি হতে পারেননি—এমন শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
ভুল কোটা নির্ধারণের কারণে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও দ্বিতীয় ধাপে আবেদন করার সুযোগ পাবেন।
দ্বিতীয় ধাপের নতুন সময়সূচি
সংশোধিত সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন চলবে ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৫ অক্টোবর রাত ৮টায়। ফল প্রকাশের পর থেকে ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীরা নিশ্চায়ন করতে পারবেন।
নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
দ্বিতীয় ধাপে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের মধ্যে পছন্দক্রম অনুযায়ী যাদের মাইগ্রেশন হবে, তাদের ফল প্রকাশ করা হবে ৯ অক্টোবর রাত ৮টায়। এরপর ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে।
নতুন আবেদন ফি লাগবে না
প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে কলেজের পছন্দক্রম নির্বাচন বা সম্পাদনা করতে হবে।
দ্বিতীয় ধাপে আবেদনের সময় কোটার ক্ষেত্রে নিজের যোগ্যতা যাচাই করে আবেদন করতে হবে। ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দিয়ে নির্বাচিত কলেজে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, বিপুলসংখ্যক শিক্ষার্থী নির্ধারিত সময়ে নিশ্চায়ন না করা এবং ভর্তি সম্পন্ন না করায় সৃষ্ট জটিলতা নিরসনে দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রমের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।
তবে দ্বিতীয় ধাপে আবেদনকারীদের কলেজের বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় পছন্দক্রমে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ রাখতে হবে।

আপনার মতামত লিখুন