নিউইয়র্ক টাইমস কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিউইয়র্ক টাইমসের এক কর্মকর্তাকে গুলি করে হত্যার ঘটনায় তার শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত কর্মকর্তার নাম জোনাথন ম্যাককিনসি (৪০)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৫৬ কিলোমিটার পূর্বে ডাবলিন শহরের একটি পার্কিং এলাকায় ম্যাককিনসিকে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
এ ঘটনায় ম্যাককিনসির শ্বশুর শউইয়ং ঝাং (৭৭) ও শাশুড়ি শিলি চেনকে (৭৭) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে প্রথম ডিগ্রির হত্যাসহ একাধিক অভিযোগ এনেছে। নিউইয়র্ক টাইমসও ম্যাককিনসির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
ম্যাককিনসি নিউইয়র্ক টাইমসের গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স বিভাগের ইঞ্জিনিয়ারিং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন।
স্থানীয় সময় শনিবার বিকেল ৩টার দিকে ডাবলিন স্পোর্টস গ্রাউন্ডের বাইরে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা পরপর বেশ কয়েকটি গুলির শব্দ শুনেছেন। এরপর ম্যাককিনসিকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শী আসাদ রাজাভি বলেন, তিনি ওই ব্যক্তিকে মাটিতে পড়ে যেতে দেখেছেন। তার মাথা ও বুকে রক্ত ছিল বলেও জানান তিনি। রাজাভির মেয়ে জানান, তার বাবা ওই দম্পতিকে একসঙ্গে হেঁটে যেতে দেখেন এবং গুলির ঘটনার পরও তাদের স্বাভাবিকভাবে ঘটনাস্থল থেকে চলে যেতে দেখেছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়া এক পুলিশ কর্মকর্তা ঝাং ও চেনকে গ্রেপ্তার করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, গুলির ঘটনার পরও তারা ঘটনাস্থলের কাছাকাছি অবস্থান করছিলেন।
তবে হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো জানা যায়নি। ম্যাককিনসির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
গ্রেপ্তার করা ঝাং ও চেনকে সান্তা রিটা কারাগারে রাখা হয়েছে। হত্যার অভিযোগের পাশাপাশি তাদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, চরম অবহেলার সঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং শিশুর নিরাপত্তা বিপন্ন করার অভিযোগও আনা হয়েছে।
তাদের পক্ষে কোনো আইনজীবী রয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বুধবার আদালতে তাদের আনুষ্ঠানিকভাবে অভিযোগের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন