চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে তিন রোগী আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় পুরুষ ওয়ার্ডের সার্জারি বিভাগের ছাদের একটি অংশ খসে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন রফিকুল ইসলাম (৭০), আক্তার হোসেন (৮০) ও আবুল খায়ের (৪৫)। তাদের মধ্যে আবুল খায়ের গুরুতর আহত হয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের আলাদা রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ছাদের পলেস্তারা খসে পড়া অংশের আশপাশ থেকে রোগী ও স্বজনদের সরিয়ে নেওয়া হয়।
এদিকে ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনায় হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ওয়ার্ডের অনেক রোগী হাসপাতাল ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
আহত আবুল খায়ের বলেন, মঙ্গলবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার কথা ছিল। তবে হাসপাতাল ছাড়ার আগেই দুর্ঘটনার শিকার হন তিনি। হাসপাতালের বেডে থাকা অবস্থায় হঠাৎ বিকট শব্দে ছাদের পলেস্তারা খসে তার শরীরের ওপর পড়ে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন তিনি।
এর আগে একই হাসপাতালের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডেও ছাদের পলেস্তারা খসে পড়ে এক শিশু আহত হয়েছিল।
রোগী ও স্বজনরা হাসপাতালের ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা হাসপাতালের পুরোনো ও ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত সংস্কারেরও দাবি করেন।
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান বলেন, হাসপাতালটির ধারণক্ষমতা ২৫০ শয্যার হলেও বর্তমানে প্রায় ৬০০ রোগী চিকিৎসাধীন। অতিরিক্ত রোগীর কারণে পুরো অবকাঠামোর ওপর চাপ সৃষ্টি হচ্ছে।
তিনি আরও বলেন, নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আগেই আবেদন করা হয়েছে। পাশাপাশি হাসপাতালের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে মেরামতের কাজ চলছে।

আপনার মতামত লিখুন