বিদেশিকে নাগরিক সনদ দেওয়ায় ইউপি প্যানেল চেয়ারম্যান অপসারণ
ছবি সংসংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদে এক বিদেশিকে নাগরিকত্ব সনদ দেওয়ার ঘটনায় প্যানেল চেয়ারম্যান-১ মো. লিয়াকত আলীকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে উপসচিব বিষ্ণুপদ পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ১ নম্বর ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. লিয়াকত আলী বাংলাদেশের নাগরিক না হওয়া সত্ত্বেও মোছা. রোকেয়া বেগমকে নাগরিকত্ব সনদ প্রদান করেন।
এ ঘটনায় ২০২৫ সালের ২০ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একই দিনে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে লিয়াকত আলীর দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, লিয়াকত আলী স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার (খ) ও (ঘ) উপধারায় বর্ণিত অপরাধ করেছেন। এ কারণে একই আইনের ৩৪(৬) ধারা অনুযায়ী তাকে স্বীয় পদ থেকে অপসারণ করা হয়েছে।
এ বিষয়ে কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. বিপাশা হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উচ্চ আদালত থেকে প্যানেল চেয়ারম্যান-১ লিয়াকত আলীর পদ বহালের জন্য পুনরায় চার মাস সময় বাড়ানো হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হচ্ছে। তবে মন্ত্রণালয় থেকে নতুন কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত লিয়াকত আলী দায়িত্ব পালন করতে পারবেন না।

আপনার মতামত লিখুন