খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ২০ আশ্বিন, ১৪৩৩

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: এমপি দিপু ভূঁইয়া

বার্তা বিভাগ
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: এমপি দিপু ভূঁইয়া

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এমপি দিপু ভূঁইয়া বলেন, রূপগঞ্জ একটি জনবহুল এলাকা। ফলে সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ অনেক বেশি। এ কারণে হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোসহ অবকাঠামোগত উন্নয়নের প্রক্রিয়া চলছে। শতভাগ স্বাস্থ্যসেবা ও ওষুধ নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সেবা দেওয়ায় হাসপাতালে রোগীর সংখ্যা আগের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়েছে। বিদ্যমান জনবল দিয়ে আপাতত চিকিৎসাসেবা চালিয়ে নেওয়া হচ্ছে। যেসব এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য স্থাপনা নেই, সেসব এলাকায় জমি চিহ্নিত করে নতুন স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে।

ভুলতা উপস্বাস্থ্য কেন্দ্র প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, ভুলতা এলাকায় মানুষের চাপ অনেক বেশি। বর্তমানে উপস্বাস্থ্য কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এটিকে সরকারিভাবে একটি উন্নত হাসপাতাল হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

পরিদর্শনকালে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও শতভাগ সেবা নিশ্চিত করার লক্ষ্যে তিনি স্বাস্থ্যকেন্দ্রের রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।

তুলি আক্তার/ অনাইন ডেস্ক/ যোগফল. কম 

মস্তিষ্কের স্মৃতি-অনুভূতির রহস্য উন্মোচনে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বার্তা বিভাগ
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মস্তিষ্কের স্মৃতি-অনুভূতির রহস্য উন্মোচনে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

যোগফল প্রতিবেদক: 

মস্তিষ্ক কীভাবে স্মৃতি, অনুভূতি ও আচরণ নিয়ন্ত্রণ করে—দীর্ঘদিনের এই রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২৬ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন পিটার হেগেমান, জর্জ নাগেল ও কার্ল ডেইসেরথ।

সোমবার (৫ অক্টোবর) ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি এ পুরস্কার ঘোষণা করে।

‘অপ্টোজেনেটিকস’ নামের একটি পদ্ধতি উদ্ভাবন ও বিকাশে অবদানের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে জীবিত মস্তিষ্কের নির্দিষ্ট স্নায়ুকোষকে আলো ব্যবহার করে সক্রিয় বা নিষ্ক্রিয় করা সম্ভব।

নোবেল কমিটির ভাষ্য অনুযায়ী, অপ্টোজেনেটিকসের মাধ্যমে স্নায়ুকোষ কীভাবে স্মৃতি, অনুভূতি ও আচরণ তৈরি করে, তা জীবিত মস্তিষ্কে সরাসরি পর্যবেক্ষণের সুযোগ তৈরি হয়েছে। এর ফলে স্নায়ুবিজ্ঞানে গবেষণার নতুন যুগের ভিত্তি তৈরি হয়েছে।

মস্তিষ্ক কীভাবে অনুভূতি, আচরণ ও শরীরের বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করে, তা দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীদের কাছে রহস্য ছিল। ২০ শতকে গবেষকরা মস্তিষ্কের কোন অংশ কোন কাজ নিয়ন্ত্রণ করে, তা শনাক্ত করার চেষ্টা করেন। তবে সে সময়কার প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে নির্দিষ্ট মস্তিষ্কের অংশ ও সংশ্লিষ্ট কার্যক্রমের মধ্যে সরাসরি কারণ-সম্পর্ক প্রমাণ করা সম্ভব হয়নি।

অপ্টোজেনেটিকস সেই সীমাবদ্ধতা অনেকটাই দূর করেছে। আলো ব্যবহার করে নির্দিষ্ট স্নায়ুকোষ নিয়ন্ত্রণের মাধ্যমে মস্তিষ্কের কার্যক্রম আরও নিখুঁতভাবে পর্যবেক্ষণের সুযোগ তৈরি হয়েছে।

নোবেল কমিটির মেডিসিন পুরস্কার কমিটির চেয়ারম্যান পার সভেনিংসন বলেন, এই প্রযুক্তির মাধ্যমে এমনভাবে মস্তিষ্কের কার্যক্রমের মানচিত্র তৈরি করা সম্ভব হচ্ছে, যা একসময় শুধু কল্পনা করা যেত।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

টানা কমার পর বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম

বার্তা বিভাগ
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
টানা কমার পর বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম

যোগফল প্রতিবেদক:

টানা কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সরকারি ঋণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ এবং চলতি অক্টোবরে যুক্তরাষ্ট্রের সুদহার বাড়ার আশঙ্কা কমে যাওয়ায় মূল্যবান এই ধাতুর দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

সোমবার (৫ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৬৫ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধির গতি ধীর হওয়ায় চলতি অক্টোবরে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদহার বাড়াতে পারে—এমন সম্ভাবনা অনেকটাই কমেছে। ব্যবসায়ীদের ধারণা, অক্টোবরে সুদহার বাড়ার সম্ভাবনা মাত্র ১৮ শতাংশ। তবে আগামী ডিসেম্বরে সুদহার বাড়ার সম্ভাবনা রয়েছে প্রায় ৬৯ শতাংশ।

এদিকে মার্কিন ডলার সূচক ০.২২ শতাংশ বেড়েছে। এতে অন্যান্য দেশের মুদ্রা ব্যবহারকারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলকভাবে ব্যয়বহুল হয়ে পড়েছে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। রুপার দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬১ দশমিক ৭২ ডলারে উঠেছে। প্ল্যাটিনামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৭৩৩ দশমিক ৫০ ডলার। আর প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ১৮২ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

মানবিকতা-দেশপ্রেমেই পূরণ হবে জনগণের স্বপ্ন

বার্তা বিভাগ
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ৪:২৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মানবিকতা-দেশপ্রেমেই পূরণ হবে জনগণের স্বপ্ন

যোগফল প্রতিবেদক:

কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ়তা, মানবিকতা, সততা ও দেশপ্রেম জনগণের স্বপ্ন পূরণের অন্যতম নিয়ামক শক্তি। তাঁর গতিশীল নেতৃত্বে কুচক্রী মহলের সব ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র, উন্নয়ন ও সুস্থ ধারার রাজনীতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

সোমবার (৫ অক্টোবর) দাউদকান্দি উপজেলার মোল্লাকান্দি লাল মিয়া পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মারুফ হোসেন বলেন, ‘ইনশাআল্লাহ, কোনো অপশক্তি দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে পারবে না। জনগণের প্রতিবাদঝড়ে স্বার্থান্বেষী মহলের গভীর ষড়যন্ত্র ও সহিংসতার অপচেষ্টা খড়কুটোর মতো উড়ে যাবে।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের গর্ব ও অহংকার। জাতিসংঘের বিশ্বমঞ্চে তাঁর দূরদর্শী ও দৃঢ়প্রত্যয়ী ভাষণ বিশ্বনেতাদের প্রশংসা পেয়েছে। ওই ভাষণে জাতীয় স্বার্থ ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও অবস্থান আরও সুদৃঢ় হবে।

খন্দকার মারুফ বলেন, ‘বিশ্বের রাষ্ট্র ও সরকারপ্রধানদের মধ্যে একমাত্র তারেক রহমান জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ দিয়ে ইতিহাস গড়েছেন। জাতি হিসেবে আমরা সম্মানিত হয়েছি। এর সুফল আগামী দিনে দেশ ও জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে।’

তিনি আরও বলেন, তারেক রহমান ফ্যামিলি, ফার্মার্স ও ই-হেলথ কার্ডসহ সামাজিক সুরক্ষার বিভিন্ন সুবিধা সমন্বয় করে ভবিষ্যতে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা করছেন। এর মাধ্যমে মধ্যস্বত্বভোগী ছাড়াই ব্যাংক বা মোবাইল ওয়ালেটে সরাসরি প্রণোদনা পৌঁছানো, কৃষি ভর্তুকি ও চিকিৎসাসেবা সহজতর করা সম্ভব হবে।

বিএনপির এই নেতা বলেন, স্বাধীনতার পর ফ্যাসিস্ট দলটি যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। তারা নিজ দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে পার্শ্ববর্তী দেশের স্বার্থ সংরক্ষণে ব্যস্ত ছিল বলে তিনি অভিযোগ করেন।

শিক্ষাব্যবস্থা নিয়ে তিনি বলেন, বিএনপি যখনই ক্ষমতায় থাকে, তখন শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে এবং শিক্ষার গুণগত মানোন্নয়ন হয়। বিএনপি সরকার সব পাবলিক পরীক্ষা নকলমুক্ত করে শিক্ষাক্ষেত্রে অনন্য নজির সৃষ্টি করেছিল।

তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষাঙ্গনে সিট দখল ও অরাজক পরিস্থিতি তৈরি করে এবং ঢালাওভাবে পাসের হার বাড়িয়ে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে। শিক্ষার গুণগত মানোন্নয়নে তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

খন্দকার মারুফ বলেন, মেধাবী শিক্ষার্থীদের জন্য বর্তমান সরকারের শিক্ষাঋণ এবং উচ্চশিক্ষার জন্য বিশেষ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। নারীদের স্নাতকোত্তর এবং ছেলেদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরাই আগামী দিনে দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার হবে। দেশ পরিচালনার দায়িত্ব পালন করবে। নিজেদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে লেখাপড়ায় অধিক মনোযোগ দেবে। অনাহুত ঘোরাঘুরি ও আড্ডাবাজিতে গা ভাসাবে না।’

কলেজের গভর্নিং বডির সভাপতি মো. সাইদুল ইসলাম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ মো. জামাল হোসেন মজুমদার।

এ সময় বিএনপি নেতা সাইফুল আলম ভুইয়া, দাউদকান্দি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী, ভিপি শাহাবুদ্দিন ভুইয়া, শরীফ চৌধুরী, রোমান খন্দকার, কামাল হোসেন, আবদুল কাদেরসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম