কেন্দুয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩৫
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
নেত্রকোনার কেন্দুয়ায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সম্প্রতি দলীয় সম্মেলনকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপির সভাপতি ইফরান মিয়ার সঙ্গে সুনু মিয়া ও শাকিলের পক্ষের লোকজনের বিরোধ চলছিল। এর মধ্যে মৎস্যচাষি আব্দুর রহমানের (ইয়ারখান) মাছ পরিবহনে বড় গাড়ি ব্যবহারকে কেন্দ্র করে সুনু ও শাকিলের লোকজনের সঙ্গে বিরোধ দেখা দেয়। এ ঘটনায় ইফরান মিয়া আব্দুর রহমানের পক্ষ নেওয়ায় বিরোধ আরও বেড়ে যায়।
এরই জের ধরে বুধবার সকালে সুনু মিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে ইফরান মিয়ার লোকজন তার ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ৩৫ জন আহত হন।
আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উভয় পক্ষের ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
সুনু মিয়া অভিযোগ করে বলেন, ‘স্থানীয় বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে আগে থেকেই ইফরানের সঙ্গে আমাদের বিরোধ ছিল। আব্দুর রহমানও তার সঙ্গে যোগ দিয়ে আমাদের ওপর হামলা করেছেন।’
তবে আব্দুর রহমানের ছেলে আল মামুন বলেন, ‘মাছ পরিবহনের গাড়ি চলাচলে সুনু ও শাকিল পক্ষের লোকজন বাধা দেওয়ায় তাদের আর্থিক ক্ষতি হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে ইফরান মিয়া বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না।’
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ দেখভাল করছে।’
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম

আপনার মতামত লিখুন