মোহাম্মদপুরে নারী ও দুই কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেপ্তার
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে নারী ও দুই কিশোরসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সুইচ গিয়ার, ধারালো চাকু, লোহার রড ও করাত কাটার চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মোহাম্মদপুর এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে একজন নারী ও দুজন কিশোর রয়েছেন। তাদের কাছ থেকে তিনটি সুইচ গিয়ার, দুটি ধারালো চাকু, চারটি লোহার রড ও একটি করাত কাটার চাকু উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তারদের মধ্যে হাসনাইন হাসান উল্লেখযোগ্য। তার বিরুদ্ধে মোহাম্মদপুর, ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানায় ছিনতাইয়ের অন্তত ছয়টি মামলা রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এই চক্রের সদস্যরা পথচারী, বাসযাত্রী, রিকশার আরোহী এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনদের লক্ষ্যবস্তু করতেন। অস্ত্রের ভয় দেখিয়ে কিংবা নারীদের অসাবধানতার সুযোগ নিয়ে তাদের ব্যাগ থেকে মোবাইল ফোন, টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতেন তারা।
গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানোর কার্যক্রম চলছে। ছিনতাই প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি আব্দুল হালিম।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন