খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯ কার্তিক, ১৪৩৩

উখিয়ার নিদা'নিয়ায় সেনাপ্রধানের এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন, সামরিক প্রস্তুতি জোরদারে গুরুত্বারোপ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
উখিয়ার নিদা'নিয়ায় সেনাপ্রধানের এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন, সামরিক প্রস্তুতি জোরদারে গুরুত্বারোপ

ছবি সংগৃহীত



শাকুর মাহমুদ চৌধুরী (উখিয়া) কক্সবাজার:

কক্সবাজারের নিদানিয়া এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) তিনি এ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সেনাবাহিনীর এয়ার ডিফেন্স সক্ষমতা আরও সুসংহত করা, পেশাগত দক্ষতার ধারাবাহিক উন্নয়ন এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সামরিক প্রস্তুতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন সেনাবাহিনী প্রধান।

সেনাবাহিনীর বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং কার্যক্রম সামরিক প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে আকাশপথের সম্ভাব্য হুমকি মোকাবিলায় সংশ্লিষ্ট সদস্যদের পেশাগত দক্ষতা, প্রশিক্ষণ ও প্রস্তুতির মান যাচাইয়ের সুযোগ তৈরি হয়। পাশাপাশি আধুনিক যুদ্ধক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এয়ার ডিফেন্স ব্যবস্থার সক্ষমতা উন্নয়নের বিষয়টিও গুরুত্ব পায়।

সেনাবাহিনী প্রধানের এ পরিদর্শনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকর সক্ষমতা বজায় রাখা এবং দায়িত্ব পালনে সেনাসদস্যদের পেশাগত উৎকর্ষ অর্জনের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। দেশের সার্বিক প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর রাখতে নিয়মিত প্রশিক্ষণ, দক্ষ জনবল তৈরি এবং পরিস্থিতি অনুযায়ী দ্রুত সাড়া দেওয়ার প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরিদর্শনকালে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স, ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কক্সবাজার এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাসদর এবং সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।

সামগ্রিকভাবে, সেনাবাহিনীর এ বাৎসরিক কার্যক্রমের মূল লক্ষ্য ছিল এয়ার ডিফেন্স সক্ষমতা সুসংহত করা, প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং যেকোনো পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সামরিক প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম 

ব্রাহ্মণবাড়িয়ায় চার্জার ও ৯ রাউন্ড গুলিসহ যুবক আটক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ২:৩২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ব্রাহ্মণবাড়িয়ায় চার্জার ও ৯ রাউন্ড গুলিসহ যুবক আটক

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি চার্জার ও ৯ রাউন্ড চায়না গুলিসহ শামিম মিয়া (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের জয়নগর বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক শামিম মিয়া গোপিনাথপুর ইউনিয়নের বড়ঠুডা গ্রামের আল আমিন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ডেকোরেশন শ্রমিক।

কসবা থানা সূত্রে জানা গেছে, শনিবার গোপিনাথপুর ইউনিয়নের খিরনাল গ্রামে একটি অনুষ্ঠানে লাইটিংয়ের কাজ করছিলেন শামিম। বিকেলে কাজ শেষে ফেরার পথে জয়নগর বাজারের পাশে একটি চার্জার ও ৯ রাউন্ড চায়না গুলি পড়ে থাকতে দেখেন তিনি। পরে কৌতূহলবশত সেগুলো তুলে নেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, চট্টগ্রামে আরআরএফে কর্মরত মাহমুদুল হাসান নামে এক পুলিশ সদস্য শামিমের কাছে চার্জার ও গুলি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো জব্দ করে এবং শামিমকে আটক করে।

ওসি আরও জানান, এ ঘটনায় শামিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুর খুড়ির দোলা ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কচুয়া সরদারপাড়া এলাকার এজারুল ওরফে রেজাউল কানা (৪৫) এবং কোলকোন্দ ইউনিয়নের বাসিন্দা সাদিকুল ইসলাম (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পান তিনি। এরপর তিনি চিৎকার শুরু করলে পাশের মসজিদের মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেওয়া হয়। মাইকের ঘোষণা শুনে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিসহ স্থানীয় লোকজন অটোরিকশাসহ ওই দুই ব্যক্তিকে ধাওয়া করেন।

একপর্যায়ে তারা অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন সোহেল মিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুর খুড়ির দোলায় একটি ধানক্ষেত থেকে তাদের আটক করেন। সেখানে উত্তেজিত লোকজনের গণপিটুনিতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, অটোরিকশা চুরির পর উত্তেজিত জনতার গণপিটুনিতে ওই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের পর অভিযোগকারীদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

দামুড়হুদায় অবৈধভাবে মজুত ১,৫০০ বস্তা সার জব্দ, ডিলারের বিরুদ্ধে মামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
দামুড়হুদায় অবৈধভাবে মজুত ১,৫০০ বস্তা সার জব্দ, ডিলারের বিরুদ্ধে মামলা

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধভাবে মজুত করা ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সার ডিলার নাঈম হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার বিএডিসির সার ডিলার ‘নাঈম অটোমোবাইল ও বীজ ভাণ্ডার’-এর একটি গুদামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় গুদামে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে বিপুল পরিমাণ সার মজুত রাখার প্রমাণ পাওয়া যায়।

অভিযানে ৩৭০ বস্তা টিএসপি, ১ হাজার ১২০ বস্তা ডিএপি ও ১০ বস্তা এমওপি সার জব্দ করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেনের উপস্থিতিতে গুদামটি সিলগালা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, সরকারি নির্দেশনা অমান্য করে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে এসব সার মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযানের সময় মজুত করা সারের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্ট ডিলার।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিএডিসির সার ডিলারের গুদামে যৌথ অভিযান চালিয়ে তিন ধরনের ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করা হয়েছে। এসব সারের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ডিলার। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, অবৈধভাবে সার মজুতের দায়ে নাঈম অটোমোবাইল ও বীজ ভাণ্ডারের স্বত্বাধিকারী নাঈম হোসেনের বিরুদ্ধে উপজেলা কৃষি কর্মকর্তার পক্ষ থেকে মামলা করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম