খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯ কার্তিক, ১৪৩৩

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮৩

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১:৩১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮৩

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ডাকাত ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছয়জন মাদক ব্যবসায়ী, ৪৬ জন মাদকসেবী, ১৪ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, চারজন ডাকাত, একজন চোর, নিয়মিত মামলার পাঁচজন আসামি, অন্যান্য মামলায় তিনজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চারজন সদস্য রয়েছেন।

থানাভিত্তিক অভিযানে সোনারগাঁয়ে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ২০টি ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, ২১ জন মাদকসেবী, একজন ডাকাত, চারজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, অন্যান্য ধারায় দুজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য রয়েছেন।

সিদ্ধিরগঞ্জে ১২ জন মাদকসেবী, একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফতুল্লায় ১৫টি ইয়াবা, তিন গ্রাম হেরোইন ও ১০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ী, তিনজন মাদকসেবী, তিনজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার তিনজন আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ সদর থানার অভিযানে ২১০ গ্রাম গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ী ও আটজন মাদকসেবীসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া বন্দর থানা পুলিশ তিনজন ডাকাত, তিনজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও অন্যান্য ধারায় একজনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। রূপগঞ্জে একজন চোর, তিনজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার দুজন আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, আড়াইহাজারে দুজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, জেলার সাতটি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

ব্রাহ্মণবাড়িয়ায় চার্জার ও ৯ রাউন্ড গুলিসহ যুবক আটক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ২:৩২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ব্রাহ্মণবাড়িয়ায় চার্জার ও ৯ রাউন্ড গুলিসহ যুবক আটক

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি চার্জার ও ৯ রাউন্ড চায়না গুলিসহ শামিম মিয়া (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের জয়নগর বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক শামিম মিয়া গোপিনাথপুর ইউনিয়নের বড়ঠুডা গ্রামের আল আমিন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ডেকোরেশন শ্রমিক।

কসবা থানা সূত্রে জানা গেছে, শনিবার গোপিনাথপুর ইউনিয়নের খিরনাল গ্রামে একটি অনুষ্ঠানে লাইটিংয়ের কাজ করছিলেন শামিম। বিকেলে কাজ শেষে ফেরার পথে জয়নগর বাজারের পাশে একটি চার্জার ও ৯ রাউন্ড চায়না গুলি পড়ে থাকতে দেখেন তিনি। পরে কৌতূহলবশত সেগুলো তুলে নেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, চট্টগ্রামে আরআরএফে কর্মরত মাহমুদুল হাসান নামে এক পুলিশ সদস্য শামিমের কাছে চার্জার ও গুলি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো জব্দ করে এবং শামিমকে আটক করে।

ওসি আরও জানান, এ ঘটনায় শামিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুর খুড়ির দোলা ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কচুয়া সরদারপাড়া এলাকার এজারুল ওরফে রেজাউল কানা (৪৫) এবং কোলকোন্দ ইউনিয়নের বাসিন্দা সাদিকুল ইসলাম (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পান তিনি। এরপর তিনি চিৎকার শুরু করলে পাশের মসজিদের মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেওয়া হয়। মাইকের ঘোষণা শুনে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিসহ স্থানীয় লোকজন অটোরিকশাসহ ওই দুই ব্যক্তিকে ধাওয়া করেন।

একপর্যায়ে তারা অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন সোহেল মিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুর খুড়ির দোলায় একটি ধানক্ষেত থেকে তাদের আটক করেন। সেখানে উত্তেজিত লোকজনের গণপিটুনিতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, অটোরিকশা চুরির পর উত্তেজিত জনতার গণপিটুনিতে ওই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের পর অভিযোগকারীদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

দামুড়হুদায় অবৈধভাবে মজুত ১,৫০০ বস্তা সার জব্দ, ডিলারের বিরুদ্ধে মামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
দামুড়হুদায় অবৈধভাবে মজুত ১,৫০০ বস্তা সার জব্দ, ডিলারের বিরুদ্ধে মামলা

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধভাবে মজুত করা ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সার ডিলার নাঈম হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার বিএডিসির সার ডিলার ‘নাঈম অটোমোবাইল ও বীজ ভাণ্ডার’-এর একটি গুদামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় গুদামে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে বিপুল পরিমাণ সার মজুত রাখার প্রমাণ পাওয়া যায়।

অভিযানে ৩৭০ বস্তা টিএসপি, ১ হাজার ১২০ বস্তা ডিএপি ও ১০ বস্তা এমওপি সার জব্দ করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেনের উপস্থিতিতে গুদামটি সিলগালা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, সরকারি নির্দেশনা অমান্য করে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে এসব সার মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযানের সময় মজুত করা সারের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্ট ডিলার।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিএডিসির সার ডিলারের গুদামে যৌথ অভিযান চালিয়ে তিন ধরনের ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করা হয়েছে। এসব সারের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ডিলার। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, অবৈধভাবে সার মজুতের দায়ে নাঈম অটোমোবাইল ও বীজ ভাণ্ডারের স্বত্বাধিকারী নাঈম হোসেনের বিরুদ্ধে উপজেলা কৃষি কর্মকর্তার পক্ষ থেকে মামলা করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম