সোনারগাঁয়ে ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২০
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মাদক সেবন ও বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় মাদক ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার দুই আসামি, মাদক সেবনের অভিযোগে ১৬ জন এবং বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি রয়েছেন।
মাদক মামলায় গ্রেপ্তার দুজন হলেন সোনারগাঁয়ের জোয়ারদী এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে মো. রায়হান (২২) এবং বেলপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে মো. হৃদয় (২২)।
এ ছাড়া পুলিশের নিয়মিত মাদকবিরোধী তল্লাশি ও অভিযানে বিভিন্ন স্থান থেকে ১৬ জনকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়। তাদের মধ্যে সোনারগাঁয়ের স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সিলেট, কুমিল্লা, গাইবান্ধা, নেত্রকোণা ও বরিশালসহ বিভিন্ন জেলার বাসিন্দারাও রয়েছেন।
অন্যদিকে, আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ অভিযানে গ্রেপ্তার দুজন হলেন সোনারগাঁয়ের রহমতপুর গ্রামের আমির হোসেনের ছেলে মোহসিন মিয়া এবং দরপত ঠোটালিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. হাবিবুর রহমান।
পুলিশ জানায়, মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন