পবার বাড়ির ছাদে কৃষকের মরদেহ, গলাসহ শরীরে ছুরিকাঘাতের চিহ্ন
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবা উপজেলায় আবুল কালাম আজাদ (৪৫) নামে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার মধুসূদনপুর মধ্যপাড়া এলাকার নিজ বাড়ির ছাদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের ধারণা, বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময় তাঁকে হত্যা করা হয়েছে।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন কালবেলাকে বলেন, আবুল কালাম আজাদের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরও বলেন, ঘটনার সময় বাড়িতে শুধু নিহতের স্ত্রী ছিলেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারছেন না। কারা, কী কারণে এবং কীভাবে তাঁকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন