খুঁজুন
advertisement
advertisement
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক, ১৪৩৩

সরাইলের ওসিকে শোকজ দিল আইনজীবী সমিতি

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৮:৩৭ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সরাইলের ওসিকে শোকজ দিল আইনজীবী সমিতি

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। পুলিশের চাকরিতে যোগ দেওয়ার পরও সমিতির সদস্যপদ বহাল রাখার অভিযোগে তাকে এ নোটিশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নথি অনুযায়ী, ২০০২ সাল থেকে মনজুর কাদের সমিতির সদস্য। তবে পুলিশের চাকরিতে যোগ দেওয়ার আগেই সদস্যপদ স্থগিতের আবেদন করেছিলেন বলে দাবি করেছেন তিনি। নোটিশের জবাবে লিখিত ব্যাখ্যার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিয়েছেন বলে জানিয়েছেন ওসি।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন জানান, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে সরাইল থানার ওসির বাদানুবাদের ঘটনার পর তাঁর আইনজীবী সমিতির সদস্যপদের বিষয়টি নজরে আসে। এরপর চার দিন আগে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

মঈনুদ্দীন বলেন, পুলিশের চাকরিতে নিয়োজিত থেকে আইনজীবী সমিতির সদস্যপদ সক্রিয় রাখার বিষয়টি সমিতির বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অন্য পেশায় নিয়োজিত থেকেও সদস্যপদ বহাল রেখেছেন, এমন ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে। পর্যায়ক্রমে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সদস্যপদ স্থগিতের নির্দেশনা

আইন পেশায় নিয়মিত যুক্ত না থেকেও সদস্যপদ বহাল রাখা ব্যক্তিদের চিহ্নিত করতে সম্প্রতি উদ্যোগ নেয় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। এ লক্ষ্যে গত ২৫ জুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে সরকারি, আধা সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে কর্মরত সদস্যদের ৩০ জুলাইয়ের মধ্যে স্বেচ্ছায় সদস্যপদ স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির গঠনতন্ত্রের পরিচ্ছেদ ৩-এর ৭(১) বিধি অনুযায়ী, আইন বিষয়ে শিক্ষকতা এবং কোনো প্রতিষ্ঠানে আইন কর্মকর্তা হিসেবে কর্মরত ব্যক্তিরা প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দিয়ে সদস্যপদ বহাল রাখতে পারবেন। এর বাইরে অন্য পেশায় নিয়োজিত সদস্যদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নিষ্ক্রিয় সদস্যদের শনাক্ত করতে নাম-ঠিকানাসহ তথ্য অভিযোগ বাক্সে জমা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়।

হাইকোর্টে রিট আবেদন

আইনজীবী হিসেবে তালিকাভুক্ত থেকেও অন্য পেশায় নিয়োজিত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। গত ২৬ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া এ বিষয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেন।

রিটে আইন পেশার সনদ নিয়ে চাকরি, ব্যবসা কিংবা অন্য পেশায় নিয়োজিত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটকারী আইনজীবীর দাবি, এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে তিনি ২০২৩ সালের ৩০ জানুয়ারি বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছিলেন। তবে কোনো কার্যকর পদক্ষেপ না পাওয়ায় প্রথমে আইনি নোটিশ পাঠান। এরপরও সাড়া না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন।

রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ

সম্প্রতি সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়ার বাদানুবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গত ২২ অক্টোবর রাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পুলিশি নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে কথা বলতে থানায় যান রুমিন ফারহানা। সেখানে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

এ সময় রুমিন ফারহানার সঙ্গে থাকা এক ব্যক্তি ওসির বিরুদ্ধে তাঁর কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করেন। তবে অভিযোগ অস্বীকার করেন ওসি। ওই ব্যক্তিকে রুমিন ফারহানা শিখিয়ে থানায় এনেছেন বলেও মন্তব্য করেন তিনি।

একপর্যায়ে ওসিকে উদ্দেশ করে রুমিন ফারহানা বলেন, ‘আপনি তো বিরাট আওয়ামী লীগ ছিলেন। আপনার হিস্ট্রি তো আমি জানি স্যার। যাই হোক, সেটা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।’

বাদানুবাদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়। এ ঘটনায় পুলিশের করা সাধারণ ডায়েরি (জিডি) নিয়েও আলোচনা হয়।

পরে ২৪ অক্টোবর সাংবাদিকদের কাছে দেওয়া লিখিত বক্তব্যে রুমিন ফারহানা বলেন, এ ঘটনায় মামলা হলে তাঁকে যেন প্রধান আসামি করা হয়। ওই বাদানুবাদের ঘটনার পরই সামনে আসে ওসি মনজুর কাদের ভূঁইয়ার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদের বিষয়টি।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম


এআই সার্চের চাপে এক দিনে ৫১ হাজার কোটি ডলার হারাল অ্যালফাবেট

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ২:৪৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
এআই সার্চের চাপে এক দিনে ৫১ হাজার কোটি ডলার হারাল অ্যালফাবেট

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সার্চ ব্যবস্থার কারণে বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ার আশঙ্কায় এক দিনেই ৫১ হাজার কোটি ডলারের বেশি বাজারমূল্য হারিয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রতিষ্ঠানটির শেয়ারের দর ১২ শতাংশের বেশি কমে ছয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। খবর বিবিসির।

বুধবার প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে অ্যালফাবেটের আয় গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেড়ে ১২ হাজার ৭৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে। তবে বিজ্ঞাপন খাতের আয় বিশ্লেষকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এতে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

অ্যালফাবেটের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা ফিলিপ শিন্ডলার জানান, গুগলের কথোপকথনভিত্তিক এআই সার্চ সুবিধা ‘এআই মোড’ প্রচলিত সার্চ ফলাফলের পাশে প্রদর্শিত বিজ্ঞাপন থেকে আয়ে প্রভাব ফেলছে। ব্যবহারকারীরা সরাসরি এআইয়ের কাছ থেকে উত্তর পাওয়ায় প্রচলিত সার্চ বিজ্ঞাপনের আয় ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তবে এআইভিত্তিক সার্চ ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী শিন্ডলার। তিনি বলেন, প্রতিষ্ঠানটির অগ্রগতির ধারা নিয়ে তিনি সন্তুষ্ট।

এআইয়ের দ্রুত বিস্তারে মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে গুগলের দীর্ঘদিনের আধিপত্যও চ্যালেঞ্জের মুখে পড়েছে। লাখো মানুষ এখন চ্যাটজিপিটি ও ক্লডের মতো এআই প্রোগ্রাম ব্যবহার করছেন।

গুগলের বিজ্ঞাপন ব্যবসার সাবেক প্রধান কিম স্কট বিবিসির ‘টুডে’ অনুষ্ঠানে বলেন, অন্য কোনো প্রতিষ্ঠান গুগলের ব্যবসার জায়গা দখল করার আগেই নিজেদের এআই সারাংশের মাধ্যমে প্রচলিত সার্চ আয়ের ক্ষতি মেনে নিতে প্রস্তুত গুগল। তাঁর মতে, অন্য কাউকে নিজেদের ব্যবসা দখল করতে দেওয়ার চেয়ে গুগল নিজেই ব্যবসায় পরিবর্তন আনতে চায়।

স্কট আরও বলেন, দীর্ঘমেয়াদি প্রযুক্তিগত বিনিয়োগের ঝুঁকি নেওয়ার ধারণার ওপরই গুগলের প্রতিষ্ঠা। তাই স্বল্পমেয়াদে ক্ষতি হলেও এআই খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি বলে তিনি মনে করেন।

বুধবার আর্থিক প্রতিবেদন প্রকাশের পর বৃহস্পতিবার অ্যালফাবেটের শেয়ারের দর ১২ শতাংশের বেশি কমে যায়। দিনের শেষে প্রতিষ্ঠানটির বাজারমূল্য আগের দিনের ৩ লাখ ৯৭ হাজার কোটি ডলার থেকে কমে ৩ লাখ ৪৬ হাজার কোটি ডলারে দাঁড়ায়।

গবেষণা প্রতিষ্ঠান ফরেস্টারের প্রধান বিশ্লেষক ট্রেসি উ বলেন, গুগলের সার্চ ব্যবসার হতাশাজনক ফলাফল দেখিয়েছে, প্রতিষ্ঠিত ব্যবসার শক্তি ধরে রাখার পাশাপাশি এআই খাতে বিপুল বিনিয়োগের অর্থ জোগাড় করা কতটা কঠিন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম


৯ মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
৯ মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

ছবি সংগৃহীত

  নিজস্ব প্রতিবেদক:

ব্রেন টিউমার ও দীর্ঘ চিকিৎসা শেষে অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতার কারণে দীর্ঘ ৯ মাস শুটিংয়ের বাইরে ছিলেন তিনি। সম্প্রতি ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নামের একটি নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার মধ্য দিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী। এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইকসান রনি। সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। সমাজে নারীর ন্যায্য অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে এতে। বিশেষ করে বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তিতে মেয়েদের অধিকার আদায়ের সংগ্রাম নাটকটির মূল বিষয়।

এতে তানিয়া বৃষ্টির সঙ্গে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদার।

চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। প্রথমে ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হলেও উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে যেতে হয়। সেখানে তাঁর আরও একটি অস্ত্রোপচার করা হয়। দীর্ঘ চিকিৎসার পাশাপাশি কঠোর বিশ্রাম ও কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে।

গত ৩ অক্টোবর নিজের ফেসবুক লাইভে এসে শারীরিক অবস্থার উন্নতির কথা জানান অভিনেত্রী। দীর্ঘ বিরতির পর নতুন নাটকের শুটিংয়ে অংশ নেওয়ায় তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের খবর ছড়িয়ে পড়েছে।

নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শিগগিরই কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেল ও একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার করা হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম


শিক্ষার্থীর ছেঁড়া জামা সেলাই করে দিলেন প্রধান শিক্ষিকা

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
শিক্ষার্থীর ছেঁড়া জামা সেলাই করে দিলেন প্রধান শিক্ষিকা

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

ক্লাসের ফাঁকে এক শিক্ষার্থীর ছেঁড়া জামা সেলাই করে দিয়েছেন প্রধান শিক্ষিকা। দূর থেকে সেই দৃশ্যের ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বেরীকান্দি বড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ মানবিক দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) খাইরুন নাহার লিপি নামের একটি ফেসবুক আইডি থেকে প্রধান শিক্ষিকার এমন কর্মকাণ্ডের ছবি ও বর্ণনা দিয়ে পোস্ট করা হয়। পোস্টটি ছড়িয়ে পড়ার পর অনেকেই তা শেয়ার করে প্রধান শিক্ষিকার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছেন।

কালবেলার সুনামগঞ্জ প্রতিনিধি বিদ্যালয়টির বিষয়ে খোঁজ নিয়ে জানিয়েছেন, এমন মানবিক কর্মকাণ্ডের জন্য প্রধান শিক্ষিকা নাইলা আগে থেকেই এলাকায় পরিচিত। শিক্ষার্থীদের সঙ্গে বরাবরই তাঁর আন্তরিক সম্পর্ক।

সহকারী শিক্ষিকার ফেসবুক পোস্ট থেকে জানা যায়, প্রতিদিনের মতো বিদ্যালয়ের প্রশাসনিক ও পাঠদান-সংক্রান্ত দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষার্থীদের খোঁজখবর নিচ্ছিলেন প্রধান শিক্ষিকা। এ সময় তাঁর নজরে আসে, এক শিক্ষার্থীর গায়ের জামাটি ছেঁড়া। বিষয়টি দেখার পর কাউকে দিয়ে কাজটি করানোর অপেক্ষা না করে নিজেই সুঁই-সুতো ও কাঁচি হাতে নিয়ে জামাটি সেলাই করে দেন।

পোস্টে খাইরুন নাহার লিপি লেখেন, প্রতিদিন বিদ্যালয়ে এসে অত্যন্ত দক্ষতার সঙ্গে পুরো বিদ্যালয় পরিচালনা করেন প্রধান শিক্ষিকা নাইলা। তবে এদিন তাঁকে দেখা গেছে ভিন্ন এক রূপে। এক শিক্ষার্থীর ছেঁড়া জামা চোখে পড়তেই প্রশাসনিক গাম্ভীর্য সরিয়ে রেখে নিজেই সুঁই-সুতো হাতে বসে পড়েন। পরম মমতায় সেলাই করে দেন শিক্ষার্থীর জামাটি।

তিনি আরও লেখেন, শিক্ষাঙ্গন কেবল চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ কোনো প্রতিষ্ঠান নয়; বরং এটি যত্ন ও ভালোবাসার একটি পরিবার। প্রধান শিক্ষিকা নাইলা তাঁর কাজের মাধ্যমে সেটিই আবারও প্রমাণ করেছেন। এমন মানবিক ও অসাধারণ একজন মানুষের সঙ্গে কাজ করতে পারাকে নিজের জীবনের অন্যতম বড় প্রাপ্তি বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়ার পর অনেকেই মন্তব্যে প্রধান শিক্ষিকার এমন উদ্যোগের প্রশংসা করছেন। নানা নেতিবাচক ঘটনা ও সমালোচনার মধ্যে শিক্ষকদের এমন মানবিক কর্মকাণ্ড সামনে আসা প্রয়োজন বলেও মনে করছেন অনেকে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম