গাজীপুরে শ্রমিক আন্দোলনে তিন মামলা, আসামি প্রায় ৪ হাজার
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা করা হয়েছে। এসব মামলায় প্রায় চার হাজার জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনটি মামলার মধ্যে শিল্প পুলিশ দুটি এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) একটি মামলা করেছে।
পুলিশ সুপার জানান, মজুরি বৃদ্ধির দাবিতে সোমবার (২ নভেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলার শফিপুর, চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকা এবং গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস, কোনাবাড়ী ও সালনা এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলনে নামেন।
এ সময় আন্দোলনকারীরা পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে পৌঁছে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় মহানগরীর কোনাবাড়ীতে একটি পুলিশ বক্সসহ পল্লী বিদ্যুৎ এলাকা ও বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ এবং যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে।
এর আগে রোববার (১ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কয়েক দিনের শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুর-ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাজীপুর ও ঢাকাগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন