শিবগঞ্জে বালুর স্তূপের নিচে পুঁতে রাখা নবজাতক উদ্ধার
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগানের বালুর স্তূপের নিচে পুঁতে রাখা অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয়রা। লুঙ্গিতে মোড়ানো শিশুটিকে উদ্ধারের সময় কান্না করছিল। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার জালমাছমারী মিয়াপাড়া গ্রামের একটি আমবাগান থেকে তাকে উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা মো. গোলাপ হোসেনসহ কয়েকজন শিশুটিকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, সকালে গ্রামের রাস্তার পাশে খেলছিল হামিদুল (৫) ও নাফিউল (৩) নামে দুই শিশু। এ সময় তারা আমবাগানের বালুর স্তূপের নিচ থেকে কান্নার শব্দ শুনতে পায়। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা বালু সরিয়ে লুঙ্গিতে মোড়ানো নবজাতকটিকে উদ্ধার করেন।
ওসি আরও জানান, কে বা কারা নবজাতকটিকে সেখানে ফেলে গেছে, তা জানতে অনুসন্ধান চলছে। এ বিষয়ে আদালতকে অবহিত করা হচ্ছে। আদালত পরবর্তী সিদ্ধান্ত দেবেন।
বর্তমানে নবজাতকটি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এবং সুস্থ আছে বলে জানা গেছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন