ছানি রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ লায়ন্স ইন্টারন্যাশনালের
বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
ছবি যোগফল প্রতিনিধি
শোয়েব হোসেন : যোগফল প্রতিবেদক
অসচ্ছল মানুষের চক্ষুচিকিৎসা সহজলভ্য করার লক্ষ্যে ঢাকার নবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশনের জন্য রোগী বাছাই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার কলাকোপা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি১, বাংলাদেশের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।
আয়োজকদের ব্যানারের তথ্য অনুযায়ী, ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির আওতায় বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি রোগীদের অস্ত্রোপচারের জন্য নির্বাচনের ব্যবস্থা রাখা হয়।
নির্বাচিত রোগীদের ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স সংযোজন করা হবে। অস্ত্রোপচারের পর রোগীদের বিনামূল্যে কালো চশমা দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
কর্মসূচির ব্যবস্থাপনায় রয়েছে লায়ন্স ক্লাব অব ঢাকা বনানী মডেল টাউন, লায়ন্স ক্লাব অব ঢাকা অ্যারিস্টোক্রেট ও লায়ন্স ক্লাব অব ঢাকা উত্তরা ওয়েস্ট। সহযোগিতায় রয়েছে নবাবগঞ্জ সোসাইটি, নবাবগঞ্জ প্রেসক্লাব ও কলাকোপা ইউনিয়ন পরিষদ। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন লায়ন মো. নুরুল রহমান নাদিম, এমজেএফ।
স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগ অসচ্ছল ও ছানি রোগে আক্রান্ত মানুষের জন্য প্রয়োজনীয় চক্ষুচিকিৎসা পাওয়ার সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন